দুর্ভাগ্যের তাড়া জহুরুলকে
চক্ষুবিশেষজ্ঞ বা চিকিৎসক না হলেও ক্রিকেটের বাইরে চোখ আর চশমা নিয়েই কারবার জিওফ লসনের। সেখানে তিনি একজন অপটোমেট্রিস্ট। দৃষ্টিশক্তি পরীক্ষা ছাড়াও চক্ষুরোগ নির্ণয়ের প্রাথমিক কাজটুকু করেন এই পেশাজীবী। একাডেমি দলের বোলিং কোচ হিসেবে এসে অস্ট্রেলিয়ান লসন ঢাকাতেও পেয়ে গেছেন একজন ‘রোগী’! রোগীর নাম জহুরুল ইসলাম।জাতীয় দলের এই ব্যাটসম্যান কর্নিয়ার ভাইরাসজনিত প্রদাহ ভাইরাল কেরাডাইটিসে আক্রান্ত হয়েছেন। অনুশীলনের প্রথম দিন যে চোখে বল লেগেছিল, সমস্যা সেই ডান চোখেই। কন্ডিশনিং ক্যাম্প করতে কক্সবাজারে যাওয়ার আগেই ধরা পড়েছিল সমস্যাটা, এখন তা আরও বেড়েছে। ভাইরাল কেরাডাইটিসে আক্রান্ত হলে চোখের দৃষ্টিশক্তি কমে, চোখ দিয়ে পানি পড়ে, আলোতে সমস্যা হয় এবং চোখ লাল হয়ে যায়। এ ধরনের অসুস্থতা থেকে সেরে ওঠা সময়সাপেক্ষ। নির্দিষ্ট করে বলার উপায় নেই ঠিক কবে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন জহুরুল। জিম্বাবুয়ে সফরের প্রস্তুতি ক্যাম্প বা আগামী সপ্তাহে ঘোষিত হতে যাওয়া সম্ভাব্য দলের বাইরেই সম্ভবত থাকতে হচ্ছে তাঁকে আপাতত।বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী অবশ্য জানালেন, আগামীকাল বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর পরই বোঝা যাবে জহুরুলের আসল অবস্থা। তার আগে ট্রেনার গ্রান্ট লুডেনের পরামর্শে আজ তাঁর দেখা করার কথা অস্ট্রেলিয়ান অপটোমেট্রিস্ট জিওফ লসনের সঙ্গে। জহুরুল ক্যাম্পের বাইরে চলে যাচ্ছেন বলে ভীষণই হতাশ লুডেন, ‘মুশফিকুর আর জহুরুলই দলের মধ্যে সবচেয়ে পরিশ্রমী। সব সময়ই নিজেকে আরেকটু ভালো করে তোলার চেষ্টা আছে জহুরুলের মধ্যে। ওর বাইরে চলে যাওয়াটা হতাশাজনক।’হতাশ জহুরুল নিজেও। বিশ্বকাপে ছিলেন দর্শকের ভূমিকায়। সর্বশেষ ইংল্যান্ড সফরে ভালো খেললেও পরে তাঁকে দল থেকে বাদ দেওয়া হয় টিম কম্বিনেশনের কথা বলে। আর এবার তো চোখেই সমস্যা। কাল বিসিবির মেডিকেল রুমের সামনে দাঁড়িয়ে বললেন, ‘চোখে খুব সমস্যা হচ্ছে। হয়তো দু-তিন সপ্তাহ লেগে যাবে ঠিক হতে। দুর্ভাগ্যই বলতে পারেন এটাকে।’কক্সবাজারে গিয়ে পায়ে চোট পাওয়া পেসার শাহাদাত হোসেন আগেই চলে গেছেন ক্যাম্পের বাইরে। আগামী ১৯ বা ২০ জুলাই প্লাস্টার খোলা হবে তাঁর। এরপর চলবে পুনর্বাসন-প্রক্রিয়া।