দুর্যোগের বিশ্বকাপ !

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলের ঘরেই গিয়েছিল বাষট্টির শিরোপা
ব্রাজিলের ঘরেই গিয়েছিল বাষট্টির শিরোপা

বিশ্বকাপের তখন বাকি আর দু’বছর। চিলির পথে প্রান্তরে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে বিশ্বকাপের রং। চিলির মাঠে যখন প্রথমবার ডানা মেলতে চলেছে বিশ্বকাপ, ভাগ্যদেবী যেন ভ্রু কুচকেই তাকালেন। বিশ্বকাপের উত্সব বরণে প্রস্তুত চিলির ভাগ্যে জুটল শোকাবহ এক রেকর্ড, ইতিহাসের ভয়াবহতম ভূমিকমপ। ফুটবলের উন্মাদনা শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও হয়তো ঘুরে দাড়াতে শেখায়। ঘুরে দাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল স্বাগতিকেরা। কথার প্রতিশ্রুতি নয়, কাজের প্রতিশ্রুতিই দিয়েছিল। দুবছরের মধ্যেই অবিশ্বাস্য দ্রুততায় পুরো শহর মেরামত করে ফেলা হলো, আবারো উচ্ছ্বাসে ভোরে উঠলো স্বাগতিকদের পথ মাঠ, পথ ঘাট। প্রত্যয়ী চিলির হাত ধরে বারো বছর পর বিশ্বকাপ ফিরল লাতিন আমেরিকার মাঠে।
দুর্যোগের ভাগ্য করেই এসেছিল বোধ হয় চিলির বিশ্বকাপ। পুরো ফুটবল বিশ্বের মনোযোগ যে দুটি পায়ের দিকে, সেই পায়ের ‘মচকে যাওয়া’ বিরাট কোন দুর্যোগের চেয়ে খুব কম কিছু কি! গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সবেমাত্র শুরু হয়েই শেষ হয়ে গেল একুশ বছর বয়সী পেলের বিশ্বকাপ। সে ম্যাচটা কোনরকমে ড্র করে মাঠ ছেড়েছিল ব্রাজিল। আগের ম্যাচে মেক্সিকোর বিপক্ষে দুটি গোলের একটি করেছিলেন পেলে, কে জানতো সেটিই সেবার কালো মানিকের শেষ গোল হবে। ভাগ্যদেবীর পরিকল্পনা ধরা দায়, ফুটবলে তো একটু বেশিই দায়! সেবারের নায়ক হওয়ার কথা ছিল হয়তো গারিঞ্চারই, এজন্যই চিত্রনাট্য থেকে আচমকা পেলের সরে যাওয়া। পেলের বদলি হয়ে আসা আমারিলদোও খেলেছিলেন দারুণ। তবে উজ্জ্বলতর তারা হয়ে জ্বলেছিলেন গারিঞ্চাই।
দুর্যোগের সেই কি শেষ ? ‘ব্যাটল অব সান্তিয়াগো’ নামে তো বিখ্যাত (কিংবা কুখ্যাত!) হয়েই আছে গ্রুপ পর্বে চিলি আর ইতালির মধ্যকার ফুটবল ইতিহাসের সবচেয়ে ‘নোংরা’ খেলা ! সে সময়কার বিবিসি ধারাভাষ্যকার ডেভিড কোলম্যান অত ভদ্রতার ধারকাছ দিয়েও যাননি, সোজাসুজিই এটিকে বলেছিলেন ফুটবল ইতিহাসের জঘন্যতম ম্যাচ ! শুরুটা হয়েছিল সংবাদপত্রে। চিলির ভূমিকমপ ও বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে দুজন ইতালীয় সাংবাদিক সেদেশের সংবাদপত্রে প্রচণ্ড বিদ্রুপাত্মক লেখা লিখে বসে। সে সময়ের দুর্যোগ বিধ্বস্ত চিলির মানুষের পক্ষে ওই বিদ্রুপ পাতে নেওয়া ছিল নিতান্তই অসম্ভব। স্পর্শকাতরতায় আচ্ছন্ন চিলিয়ানরা তখন হয়ে ওঠে চরম ইতালি-বিদ্বেষী।

ওই দুই ইতালীয় সাংবাদিককে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। তারাও ফিরে গেলেন দেশে। কিন্তু মাঝখান দিয়ে সমস্যায় পড়লেন এক আর্জেন্টাইন সাংবাদিক। ইতালীয় ভেবে ওই সাংবাদিক ভেবে পিটুনিই দিয়ে দিল চিলির জনগণ। কতটুকু ক্ষোভ জমা হয়েছিল তা বোঝার জন্য এই ঘটনাই যথেষ্ট।

মাঠের বাইরেই এই অবস্থা, মাঠে তো তুলকালাম হতে চলেছে সে কি আর কারো অজানা। তাই বলে খেলা শুরুর বারো সেকেন্ডেই প্রথম ফাউল! চিলির হনোরিনো লান্ডাকে মারাত্মক এক ফাউল করায় ইতালির জর্জিও ফেরিনিকে রেফারি বারো মিনিটের মাথায়ই দেখিয়ে দিলেন লাল কার্ড। ফেরিনি মাঠ ছাড়তে অস্বীকৃতি জানানোয় পুলিশ পর্যন্ত ডাকতে হয়েছিল মাঠে। সেই লান্ডাই অবশ্য কয়েক মিনিট পর একজনকে মাঠে ঘুষিও মেরেছিলেন, ভাগ্যজোরে তাকে অবশ্য মাঠ ছাড়তে হয়নি। ইতালির মারিও ডেভিডকে মারা চিলির সানচেজের ঘুষিও রেফারি খেয়াল করেননি, তবে ডেভিড একটু পরে সানচেজের মাথায় লাথি মারলে তাকেও মাঠ ছাড়ার সংকেত দেয়া হয়। মারামারি ধস্তাধস্তি চলতেই থাকল, মাঠ তখন আক্ষরিকভাবেই রণক্ষেত্র। সানচেজ ইতালির ম্যাচিনোর নাকও ভেঙেছিলেন, তবুও ইংলিশ রেফারি কেন এস্টন লাল কার্ড বের করেননি। ইতালিয়ানদের ক্ষোভ আর চিলির পাল্টা ক্ষোভে পরিস্থিতি এতটাই বিগড়ে গিয়েছিল যে পরিস্থিতি সামলাতে পুলিশকে বেশ কয়েকবার মাঠে অবস্থান নিতে হয়েছিল। সান্তিয়াগোর এই কুখ্যাত যুদ্ধের নিষপত্তি হয়েছিল অবশ্য ২-০ গোলে স্বাগতিকদের জয়ে। মারামারির পাশপাশি এই ম্যাচে গোলও হয়েছিল যদিও এটাই বড় বিস্ময়!

মারামারি থেকে বরং ফুটবলে ফিরে আসা যাক। ১৬ দলের লড়াইয়ে শেষ চারে স্বাগতিকরা অবশ্য শুধু মারামারি নয়, ফুটবল খেলেই পৌছেছিল। তাদের সাথে ছিল পেলের অনুপস্থিতি সত্ত্বেও দারুণভাবে ঘুরে দাঁড়ানো ব্রাজিল, যুগোস্লাভিয়া, ও টুর্নামেন্টের প্রথম থেকেই দুর্দান্ত মনে হতে থাকা চেকোস্লোভাকিয়া। যুগোস্লাভিয়াকে ৩-১ এ বুক করে এই নিয়ে দ্বিতীয়বার শিরোপা ছুঁই ছুঁই দূরত্বে পৌঁছল তারা। ব্রাজিল-চিলি ম্যাচ দেখেছিল গারিঞ্চার দুর্দান্ত দুটি গোল, ভাভা যোগ করেছিলেন পরে আর দুটি। চিলি যে দুটি শোধ করেছিল তার মধ্যে একটিই ছিল  সান্তিয়াগো মুষ্টিযোদ্ধা সানচেজের পা থেকে আসা পেনাল্টি। এই নিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপের ফাইনালে পৌঁছল ব্রাজিল, ডিফেন্ডিং চ্যামিপয়নের ফাইনালে পৌছনোর কীর্তিও ঘটেছিল দ্বিতীয়বারই।

পুরো বিশ্বকাপ জুড়ে দ্যুতি ছড়ানো গারিঞ্চা ফাইনালেও জমিয়েছিলেন ভালো, যদিও স্কোরবোর্ডে উঠেছিল আমারিলদো, জিতো আর ভাভা এর নাম। চেকরা অবশ্য এগিয়ে গিয়েছিল পনেরো মিনিটেই, দু মিনিটের জন্য যদিও। সতেরো মিনিটে আমারিলদোর গোলে ফিরে এল সমতা। তারপর তো চেকরা ম্যাচে ফেরার সুযোগ খুজেছে শুধু। শেষ বাশি বাজার সময় স্কোরবোর্ডে ৩-১, ব্রাজিল ততক্ষণে শিরোপা ধরে রাখার মিশনে সফল হওয়া দ্বিতীয় দল! পাচজনের সাথে যৌথভাবে সর্বোচ্চ চার গোল করে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন গারিঞ্চাই।

পেলের ইনজুরি ব্রাজিল দলের জন্য বোধ হয় বয়ে নিয়ে এল একরকম সৌভাগ্যই। ভূমিকমপ আর দুর্যোগের ঘনঘটার পরেও চিলি নিজেদের মাটিতে বিশ্বকাপ শেষ করলো তৃতীয় হয়ে! দুর্যোগ সবসময়ই খুব খারাপ পরিণতি বয়ে আনে, তা খুব জোর দিয়ে বোধ হয় বলা যায় না। তাই নয় কি?