দেখতে একেবারেই কাকার মতো। দীর্ঘদেহী, সুদর্শন। কিন্তু মিডিয়া সেন্টারে তো কাকার দেখা পাওয়ার কথা নয়। অতএব বুঝে নিন, ইনি একজন সাংবাদিকই। নাম জানা গেল—ফার্নান্দো। দেশ? মনে মনে যা চাইছিলাম, তা-ই। ব্রাজিল। কাজ করেন ও গ্লোবোর একটা ফুটবল ম্যাগাজিনে। আমি বাংলাদেশের জেনে তাঁর সে কী উচ্ছ্বাস, ‘ওহ্ বাংলাদেশ!’না, ফার্নান্দো ফুটবল দিয়ে বাংলাদেশকে চেনেন না। চেনার কারণও নেই। তাঁর উচ্ছ্বাস, আমি তাঁর এক বন্ধুর দেশের লোক বলে। পর্তুগালের লিসবনের এক দোকানে শার্ট কিনতে গিয়ে পরিচয় সেই বন্ধুর সঙ্গে। সেই থেকেই বাংলাদেশ নামটি চেনা। কিন্তু বাংলাদেশের ফুটবল, সে দেশের ফুটবল উন্মাদনা নিয়ে ফার্নান্দোর কোনো ধারণাই নেই। যখন বলা হলো, জানো, গোটা বাংলাদেশে না হোক, গড়ে ঢাকার প্রতি দুটি বাড়ির একটির ছাদে ব্রাজিলের পতাকা ওড়ে বিশ্বকাপের সময়, তিনি রীতিমতো বিস্মিত। ‘বলো কী? এ রকম তো ব্রাজিলেও দেখা যায় না। হ্যাঁ, ব্রাজিলে ফুটবল এক নম্বর খেলা। সবাই ফুটবলটা বোঝে। বিশ্বকাপের সময় পতাকা হয়তো বাড়িতে বাড়িতে ওড়ে। তবে এমনটা নয়। তোমাদের দেশটা অদ্ভুত!’—বিস্মিত ফার্নান্দো একই সঙ্গে বাংলাদেশ ভ্রমণেরও কৃত্রিম আগ্রহ প্রকাশ করলেন।মনে মনে বলি, হ্যাঁ, বাংলাদেশটা অদ্ভুতই বটে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিশ্বকাপ উন্মাদনাও এতটা আগে শুরু হয় না, যতটা হয় বাংলাদেশে। এখানে পত্রিকাগুলো দেড় মাস বাকি থাকতেই বিশ্বকাপের খবর গেলাতে থাকে জনগণকে। বিশাল এই যজ্ঞ আয়োজনে আয়োজকদের অনেক হ্যাপা বলে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ হয়তো একটু আগে শুরু হয়েছে। তবে বাজি ধরা যেতে পারে, বিশ্বকাপের মূল পর্ব থেকে আলোকবর্ষ দূরে থাকা বাংলাদেশ সবাইকে এ ক্ষেত্রে ছাড়িয়ে।ফার্নান্দোর সঙ্গে আমার খাতির জমানোর আসল উদ্দেশ্য ছিল, ব্রাজিলের একটু ভেতরের খবর বের করা। দুঙ্গা কী বলেন, খেলোয়াড়েরা কী বলেন, ষষ্ঠ শিরোপা জয়ের জন্য কতটা গভীর ধ্যানে তাঁরা মগ্ন ইত্যাদি ইত্যাদি। কিন্তু ফার্নান্দোর কাছ থেকে আনন্দিত হওয়ার মতো কোনো খবর বের করা গেল না। শুধু জানালেন, ‘দুঙ্গাটা না একেবারে রুক্ষ-সূক্ষ্ম স্বভাবের মানুষ।’সংবাদমাধ্যমের কাছে দুঙ্গার এত অজনপ্রিয় হওয়ার কারণ কী? ‘আরে জানো না। ও ব্যাটা মনে করে, তার প্রথম লড়াইটা সাংবাদিকদের সঙ্গে। দ্বিতীয় লড়াই মাঠে’—মুখে বিরক্তি নিয়ে বললেন ফার্নান্দো। বিরক্তির খুবই উল্লেখযোগ্য একটা কারণ আবিষ্কৃত হলো পরপরই। দুই দিন ব্রাজিল দলের ঘাঁটি র্যান্ডবার্গ হাইস্কুলে গিয়েও দলের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি ফার্নান্দো অ্যান্ড কোংয়ের।ইংরেজিতে অতটা স্বচ্ছন্দ নন বলে ফার্নান্দো দুঃখ প্রকাশ করে বললেন, ‘খুবই খারাপ লাগে, কেন যে ইংরেজিটা ভালো করে এখনো শিখতে পারলাম না!’ আমি বলি, ‘ওতেই হবে, তুমি ব্রাজিল নিয়ে আরও কিছু গল্প বলো।’ল্যাপটপের কি-বোর্ড থেকে হাত সরিয়ে, একটা হাই তুললেন ফার্নান্দো, এরপর তাঁর মুখে প্রায় স্বগতোক্তি, ‘ম্যারাডোনা সাংবাদিকদের সঙ্গে মারামারি করে। আর দুঙ্গা পারলে সাংবাদিকদের ছায়া মাড়ায় না। আসলে দুজনই একই রকম।’ ‘চরিত্রে এই দৃঢ়তা আর কাঠিন্য আছে বলেই তো দুঙ্গা তোমাদের শিরোপা-ষষ্ঠকের স্বপ্ন দেখার নায়ক’—এ কথা শুনে ফার্নান্দো একটু অদ্ভুত চোখে তাকায়, ‘তুমি তা-ই বিশ্বাস করো? ব্রাজিল ষষ্ঠ শিরোপা জিতবে! আমি কিন্তু অত আশাবাদী নই। দলটির রক্ষণই শুধু ভালো। মূল খেলোয়াড় কাকা কিন্তু কেন জানি না মনে হচ্ছে এখনো পুরো ফিট নয়। রবিনহো কতটা কী করে সংশয় আছে। সে তো আর ইউরোপের ভালো কোনো টিমে দারুণ কিছু করেনি। আর রক্ষণ কৌশলই ব্রাজিলের একমাত্র অস্ত্র হতে পারে না।’এই আলাপচারিতা শেষ হতে না-হতেই ভূমিকম্পের মতো দুলে উঠল উঁচু স্টিলের কাঠামোর ওপর অস্থায়ীভাবে নির্মিত সকার সিটি স্টেডিয়ামের মিডিয়া সেন্টার। কারণ কী? বিশালদেহী এক নারী স্বেচ্ছাসেবক হেলেদুলে চলতে চলতেই নাড়িয়ে দিলেন পুরো কাঠামো। পরে জার্মানির কয়েকজন সাংবাদিকও একই কাজ করলেন। ল্যাপটপে লিখতে গেলেই হাত কাঁপে। ফার্নান্দো বিরক্ত হয়ে ল্যাপটপ ব্যাগে ভরে চলে গেলেন, ‘দূর, দূর, এটা কোনো মিডিয়া সেন্টার হলো?’কাল এলিস পার্কের মিডিয়া সেন্টারে গিয়েও একই অভিজ্ঞতা। সেই স্টলের কাঠামো, হেলেদুলে চলতে চলতে স্বেচ্ছাসেবক, সাংবাদিকেরা নাড়িয়ে দিচ্ছে, কাঁপিয়ে দিচ্ছে। গত জার্মানি বিশ্বকাপে কী হয়েছে আমার জানা নেই। তবে ২০০২ কোরিয়া-জাপান বিশ্বকাপে দেখেছি মিডিয়া সেন্টার থাকে মূল স্টেডিয়ামে। ওটাই আদর্শ হওয়া উচিত। জাপানি সাংবাদিক তাকেশিও একমত। বেচারা দুলুনির জ্বালায় অতিষ্ঠ হয়ে চলেই গেলেন, ‘যাই, হোটেলে গিয়ে লিখব।’আমিও চললাম। বিশ্বকাপ শুরু হওয়ার আগেই দুলুনি আর কাঁপুনি শুরু হয়েছে আয়োজনের নানা জায়গায়। বিশ্বকাপ শুরু হলে যে কী হয়!