দুশ্চিন্তা আর ভরসায় তোরেস
গোলপোস্টে বিশ্বস্ত একজন, দুর্দান্ত রক্ষণভাগ, অসাধারণ মাঝমাঠ—এসব তো আছেই, এই বিশ্বকাপে স্পেনকে সবাই এগিয়ে রেখেছিল আরেকটি কারণে। তাদের আছে প্রায় একই মানের অসাধারণ দুজন স্ট্রাইকার, বিশ্বের আর কোনো দলে যা নেই। অথচ সেই স্পেনকেই কিনা ভুগতে হচ্ছে গোল-খরায়! এখনো পর্যন্ত চার ম্যাচে গোল করেছেন তাঁরা মোটে পাঁচটি, এর চারটিই করেছেন আবার সেই দুজনের একজন—ডেভিড ভিয়া। স্পেনের এই গোল-খরার কারণ ওই দুজনের আরেকজন ফার্নান্দো তোরেসের গোল-খরা।বিশ্বকাপের আগেও স্পেনের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ছিল তোরেস, বিশ্বকাপ শুরুর তিন সপ্তাহ পরও তোরেসই দুশ্চিন্তার কারণ। গত এপ্রিলে ইংলিশ প্রিমিয়ার লিগের এক ম্যাচে ইনজুরি বাধিয়ে হাঁটুতে অস্ত্রোপচার করাতে হলো। সংশয় ছিল, তোরেস আদৌ বিশ্বকাপে মাঠে নামতে পারবেন কিনা। কিন্তু তিনি অবিশ্বাস্য দ্রুততায় সুস্থ হতে থাকলেন, বিশ্বকাপ শুরুর তিন দিন আগে পোলান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমে একটি গোলও করলেন। পুরোপুরি ফিট অবশ্য তখনো ছিলেন না। সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে তাঁর নামারই কথা ছিল না। কিন্তু দলের বিপদ দেখে বাধ্য হয়েই ৬১ মিনিটে তোরেসকে নামিয়ে দিয়েছিলেন কোচ ভিসেন্তে দেল বস্ক। কিন্তু তোরেস হতাশ করেছিলেন চূড়ান্ত।পরের ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে শুরু থেকেই খেললেন, মাঠে ছিলেন ৭০ মিনিট, কিন্তু বলতে গেলে খুঁজেই পাওয়া গেল না ‘এল নিনো’কে। সেরা একাদশে থাকলেন চিলির বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচেও, এবার মাঠে থাকার সময় কমে এল ৫৫ মিনিটে। দেল বস্ক তবু ধৈর্য হারালেন না, দ্বিতীয় রাউন্ডে পর্তুগালের বিপক্ষে আবারও সেরা একাদশে নামালেন তোরেসকে। কিন্তু এবারও তুলে নিতে বাধ্য হলেন ৫৮ মিনিটে।দেল বস্ক কিন্তু ধৈর্য এখনো হারাচ্ছেন না। তোরেসের ক্ষমতা আর সামর্থ্য সম্পর্কে জানেন বলেই আস্থা হারাচ্ছেন না স্পেন-কোচ, ‘ফার্নান্দোই আমাদের সেন্টার ফরোয়ার্ড। সে প্রতিদিনই উন্নতি করছে এবং করতেই থাকবে। ওর প্রতি আমাদের পুরোপুরি বিশ্বাস আছে। দলের অনেক দায়িত্ব ও নিজের কাঁধে তুলে নেয়। প্রতিপক্ষের সেন্ট্রাল ডিফেন্ডারদেরে মধ্যে চিড় ধরায় ও, ভিয়া এবং অন্যদের জায়গা বানিয়ে দেয়। সামনের সময়গুলোতে ও খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।’ তোরেস ফর্মে নেই, এটা মানতে তো রাজিই নন ভিয়া, ‘মাসখানেক আগেও ওর হাঁটুর অবস্থা কী ছিল আমরা জানি, তাই যারা বলছে ওর পারফরম্যান্স ভালো হচ্ছে না, আমি তাঁদের সঙ্গে একমত নই। পর্তুগালের বিপক্ষে তোরেস দলকে অনেক সাহায্য করেছে। ও মোটেও অফ ফর্মে না। ওর সময় এই এল বলে, হয়তো শনিবার প্যারাগুয়ের বিপক্ষেই..!’ভিয়ার দাবিও অবশ্য অস্বীকার করা যায় না। পর্তুগালের বিপক্ষে সত্যিই তোরেসকে আগের ম্যাচগুলোর চেয়ে চনমনে মনে হয়েছে। মনে হচ্ছিল সেই গতি ও ক্ষিপ্রতা ফিরে আসছে, যা দিয়ে তিনি তটস্থ করে রাখেন ডিফেন্ডারদের। তবে তোরেসের দুশ্চিন্তা আরেকটি আছে। গত ম্যাচেই তোরেসের জায়গায় মাঠে নেমে দুর্দান্ত খেলেছেন আরেক তোরেস, ফার্নান্দো লরেন্তে তোরেস। অনেকে তোরেসের জায়গায় নতুন তোরেসকে খেলানোর দাবি উঠছে মিডিয়ায়। দেল বস্ক অবশ্য পুরোনো তোরেসেই আস্থা রাখবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন।নবীনদের উত্থান, কোচের আস্থার প্রতিদান দেওয়া আর নিজেকে আরও একবার প্রমাণ করা—তোরেসের সামনে এখন হাজারো চ্যালেঞ্জ। পারবেন ‘এল নিনো’?