দুশ্চিন্তার অন্য নাম
ম্যাচের আগের দিন অনুশীলন সাধারণত একটু হালকাই হয়। হালকা নেট সেশন করে বাংলাদেশ দলের সবাই তখন চলে এসেছেন ড্রেসিংরুমে। কিন্তু থেকে গেলেন দুজন। পুল, কাট, স্লগ সুইপ, বারবার উইকেট ছেড়ে বের হয়ে এসে শট—নেটে তখন ঝড় তুলেছেন মাহমুদউল্লাহ ও নাঈম ইসলাম। আফসোস, তাঁদের ব্যাটের এই ঝড় খুব কমই দেখা গেছে আন্তর্জাতিক ম্যাচে।ঝোড়ো ব্যাটিংটা দুজনের কারোরই সহজাত নয়। কিন্তু বাস্তবতা হলো, দলের প্রয়োজনে এই দায়িত্ব তাঁদের ওপর নিয়মিতই চাপছে। তাঁদের ব্যাটিং পজিশনই এমন যে নিয়মিত ব্যাটিং করতে হচ্ছে ব্যাটিং পাওয়ার প্লেতে।এমন নয় যে, পাওয়ার প্লেতে শুধু নাঈম-মাহমুদউল্লাহই ব্যাটিং করেছেন। এই দুজনকে দিয়েই শুরু করার কারণ, বাংলাদেশের হয়ে ব্যাটিং পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি ব্যাটিং করেছেন এই দুজনই। অন্য যাঁরাই ব্যাটিং করেছেন, ব্যর্থতার পাল্লা ভারী সবারই। চিন্তা ছিল প্রতিপক্ষের ব্যাটিং পাওয়ার প্লেতে বোলিং নিয়েও, তবে বোলিং কোচ আসার কারণেই হোক বা অন্য কারণে, নিউজিল্যান্ড সিরিজে এই জায়গাটায় দেখা গেছে স্পষ্ট উন্নতির ছাপ। ব্যাটিং পাওয়ার প্লেতে ব্যাটিং অবশ্য সেই দুশ্চিন্তাই থেকে গেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সব পাওয়ার সিরিজেও একটু অপূর্ণতা ছিল ব্যাটিং পাওয়ার প্লেতে ব্যর্থতা। মজার ব্যাপার হলো, ২০০৮ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়েই শুরু হয়েছিল ব্যাটিং পাওয়ার প্লের নিয়ম। দুই বছর পরও এই ব্যাপারটায় ঠিক অভ্যস্ত হতে পারছে না বাংলাদেশ।পাওয়ার প্লের সুবিধা কাজে লাগাতে কেন ব্যর্থ হচ্ছে বাংলাদেশ? সবচেয়ে বেশি পাওয়ার প্লেতে ব্যাটিংয়ের অভিজ্ঞতা আছে যাঁর, সেই নাঈমের যুক্তি, ‘আমাদের লোয়ার-মিডল অর্ডারে বিগ হিটার নেই। আমরা যারা নিয়মিত স্লগ ওভারে ব্যাটিং করছি, তারা কেউ-ই সে অর্থে বিগ হিটার নই। যুবরাজ, ইউসুফ পাঠানরা তিনটি হাফভলি পেলে তিনটিকেই গ্যালারিতে পাঠাবে, আমরা হয়তো একটা চার মারব, বাকি দুটিতে সিঙ্গেল-ডাবল হবে। আমরা বোলারদের পেসকে কাজে লাগিয়ে মারি, তাই মিডিয়াম পেসার-স্পিনার বোলিং করলেই রান বেশি হয় না।’ব্যাটিং পাওয়ার প্লে অভিজ্ঞতায় নাঈমের ঠিক পরেই যিনি, সেই মাহমুদউল্লাহ বাস্তবতা মেনেই এগিয়ে যেতে চান, ‘দল আমাকে এই দায়িত্ব দিয়েছে, এখন আমাকে এটাতেই অভ্যস্ত হতে হবে। স্লগ ওভারের শট তাই অনেক বেশি অনুশীলন করছি। আশা করি, শিগগিরই সুফল পাওয়া যাবে।’ আর ব্যাটিং পজিশনের কারণেই অনেকবার পাওয়ার প্লেতে ব্যাটিং করা মুশফিকুর রহিমের কণ্ঠে ছিল অসহায়ত্ব, ‘প্ল্যান হয়, আলোচনা হয়, কিন্তু মাঠে গিয়ে এটা আর আমরা কাজে লাগাতে পারি না।’ব্যাটিং পাওয়ার প্লে নিয়ে বড় সমস্যাটা অবশ্য অন্য। এটির উপযুক্ত সময় কোনটি, এটি বোঝাতেই বড় ভুল থাকছে। বেশির ভাগ দল যেখানে ৩৫তম ওভারের পরে উইকেটে দুজন সেট ব্যাটসম্যান থাকলেই পাওয়ার প্লে নিয়ে নেয়, বাংলাদেশ নিয়ম করে নিয়েছে শেষ পাঁচ ওভারে তা নেওয়ার। বেশির ভাগ সময় তখন আর এটিকে কাজে লাগানোর মতো ব্যাটসম্যানই থাকে না। চারবার তো ব্যাটিং পাওয়ার প্লে নিতে নিতে অলআউটই হয়ে গেছে বাংলাদেশ!এ ব্যাপারে কোচ জেমি সিডন্স বললেন সেই পুরোনো কথাই, ‘আমিও তো আগে নিতে চাই। কিন্তু আগে-ভাগে পাওয়ার প্লে নিলে আমরা মারতে গিয়ে খুব বেশি উইকেট হারিয়ে ফেলি, তখন ৫০ ওভার খেলাই দুষ্কর হয়ে দাঁড়ায়।’ তাহলে এর সমাধান কী? এবার অসহায়ত্ব কোচের কণ্ঠেও, ‘আমি জানি না...যত দিন ব্যাটসম্যানরা ভালো না করছে, তত দিন হয়তো শেষ দিকেই নিতে হবে।’শেষ দিকে নেওয়াটাও যে সমাধান নয়, এটি তো এত দিনে সিডন্সের বুঝে ফেলার কথা। সমাধান আসলে কী, এটি খুঁজে বের করতে হবে এই সিরিজেই। বিশ্বকাপের আগে তো আর এই সুযোগ নেই।ব্যাটিং পাওয়ার প্লে ৩৮ ইনিংসে নেওয়া ব্যাটিং পাওয়ার প্লেতে বাংলাদেশের গড় রান ২৯.৩৭। ব্যাটিং পাওয়ার প্লেতে বাংলাদেশ গড়ে উইকেট হারিয়েছে দুটি করে ব্যাটিং পাওয়ার প্লেতে পঞ্চাশের বেশি রান করতে পেরেছে বাংলাদেশ মাত্র দুবার, জিম্বাবুয়ের বিপক্ষে ৬২ ও ভারতের বিপক্ষে ৫৪। বাংলাদেশ সবচেয়ে বেশি, ১২ বার পাওয়ার প্লে নিয়েছে ৬ উইকেট পড়ার পর, ৫ উইকেট পড়ার পর ৮ বার, ৮ উইকেট পড়ার পর ৬ বার। সর্বোচ্চ ১৪ বার পাওয়ার প্লে নেওয়া হয়েছে ইনিংসের শেষ ৫ ওভারে। দ্বিতীয় সর্বোচ্চ, ৭ বার ৪৫ থেকে ৪৯ ওভারে। নয়টি ওয়ানডেতে পাওয়ার প্লে-ই নেয়নি বাংলাদেশ। এর মধ্যে চারটিতে পাওয়ার প্লে নেওয়ার আগেই অলআউট, বাকি পাঁচটিতে রান তাড়া করতে নেমে জিতে গেছে পাওয়ার প্লে ছাড়াই।