দুশ্চিন্তার নাম আত্মতৃপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 জাতীয় দলে এখনো অভিষেক হয়নি। তবে জাতীয় দলের বাইরে কিছু ভালো ইনিংস তাঁকে আশা জুগিয়েছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে হয়তো থাকবেন। শেষ পর্যন্ত দলে নিজের নাম না দেখে এক নির্বাচককে ওই ব্যাটসম্যান জিজ্ঞেস করে বসলেন, ‘বিশ্বকাপের দলে আমাকে নিলেন না কেন?’ ভারতে ‘এ’ দলের হয়ে শাফি দারাশাহ ক্রিকেট টুর্নামেন্টে তিন ম্যাচে ৫ উইকেটও পাননি এক পেসার। ভালো করেননি একাডেমি দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ হাইপারফরম্যান্স দলের বিপক্ষেও। সফরকারী দলটির বিপক্ষে সর্বশেষ চার দিনের ম্যাচে তাই নেওয়া হয়নি তাঁকে। এই পেসার তাতে ভীষণ ক্ষুব্ধ। নির্বাচকদের কাছে নাকি কৈফিয়ত চেয়েছেন, ‘আমি কেন দলে নেই?’পাকিস্তানের বিপক্ষে গত বছরের ডিসেম্বরে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। ১১ মাস পর আগামী ১৩ নভেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকাতেই আবার টেস্ট। কিন্তু প্রায় এক বছর পর আরেকটি টেস্ট দল গড়ার প্রস্তুতিপর্বের শুরুতেই হোঁচট খেতে হচ্ছে নির্বাচকদের। টানা টি-টোয়েন্টি ক্রিকেটের মধ্যে থাকা জাতীয় দলের ক্রিকেটারদের দীর্ঘ পরিসরের ক্রিকেটে ফেরানোর চ্যালেঞ্জের সঙ্গে যোগ হচ্ছে জাতীয় দলের বাইরে থেকে টেস্ট খেলার জন্য প্রস্তুত কাউকে না পাওয়া। কিন্তু বিস্ময়কর হলেও সত্যি, নির্বাচকদের দৃষ্টি যখন কোথাও এক টুকরো আলো খুঁজে পাচ্ছে না, আত্মতৃপ্ত খেলোয়াড়দের মধ্যে তখন ‘আমি কেন দলে নেই’ জাতীয় বিপরীত প্রশ্নই জাগছে।মাঠের পারফরম্যান্স যা-ই থাকুক, ক্রিকেটারদের মধ্যে আত্মতুষ্টিতে অবগাহনের একটা রোগ দেখতে পাচ্ছে নির্বাচক কমিটি। ৩০-৩৫ রান কিংবা ১-২টা উইকেটকেই যথেষ্ট মনে হচ্ছে অনেকের কাছে। জাতীয় দলের হয়ে ভালো না খেলা খেলোয়াড়েরা এতে স্বস্তি পেতে পারেন। বাইরে থেকে কেউ জোরে ধাক্কা না দিলে তাঁদের সরাবে কে! প্রতিদ্বন্দ্বিতাহীন বাংলাদেশের ক্রিকেটে এখনো অন্য কেউ খারাপ খেললেই জাতীয় দলে আসার সুযোগ তৈরি হয়ে যায়, নিজের ভালো না খেললেও চলে। সর্বশেষ উদাহরণটা অবশ্য ‘এ’ দলেই আছে। জানা গেছে, বেঙ্গালুরু-বিতর্ক, পারফরম্যান্স এবং সাম্প্রতিক ইনজুরি মিলিয়ে আজ শুরু ‘এ’ দলের ওয়ানডে সিরিজের দলে শাহরিয়ার নাফীসকে নিতে চাননি কোচ স্টুয়ার্ট বার্নস। কিন্তু তাঁকে বাদ দিয়ে কাকে নেওয়া যায়—প্রশ্নে যখন বার্নসও নিরুত্তর, শাহরিয়ার ঢুকে গেছেন দলে।এক বছর পর আবার টেস্ট খেলার সুযোগ আসছে। জাতীয় দলে যাঁরা ঢুকতে চান তাঁরা শাফি দারাশাহ ক্রিকেট টুর্নামেন্ট বা ওয়েস্ট ইন্ডিজ হাইপারফম্যান্স দলের বিপক্ষে চার দিনের ম্যাচগুলোতে ভালো করবেন, এটাই প্রত্যাশিত ছিল। অথচ বেঙ্গালুরুতে ব্যর্থ হয়ে আসার পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সর্বশেষ ম্যাচের দুই ইনিংসেই দুই শর নিচে অলআউট বাংলাদেশ ‘এ’ দল। মাঠে থেকে তীক্ষ দৃষ্টিতে খেলা দেখা অনেকের পর্যবেক্ষণেই ধরা পড়েছে খেলোয়াড়দের আত্মতৃপ্তিতে ডুবে যাওয়ার বিষয়টি। তাঁদের মনে হয়েছে, ব্যাটিং-ব্যর্থতার লজ্জা ড্রেসিংরুমে রেখেই ফিল্ডিংয়ে নেমেছিলেন কেউ কেউ। একটুও তাপ-উত্তাপ ছিল না তাঁদের আচরণে!আন্তর্জাতিক ক্রিকেটে মাঠের মতো মাঠের বাইরেও বাংলাদেশ পেছনের সারির প্রতিনিধি। ক্রিকেট কূটনীতিতে বাংলাদেশের কথা শোনা হয় সবার পরে। এফটিপিতেও থাকে এর প্রতিফলন—একটা টেস্ট সিরিজের পর আরেকটা টেস্ট সিরিজের জন্য অপেক্ষা থাকে এক বছরের। সেই ব্যর্থতা ঢাকতেই ‘এ’ দলকে শাফি দারাশাহ টুর্নামেন্টে পাঠানো, ওয়েস্ট ইন্ডিজ হাইপারফরম্যান্স দলের বিপক্ষে চার দিনের ম্যাচ আয়োজন। কিন্তু ক্রিকেটারদের এসব সুযোগ না নিতে দেখে হতাশ নির্বাচক কমিটির সদস্য হাবিবুল বাশার। দীর্ঘ পরিসরের ক্রিকেটের ব্যাটিং আর পেস বোলিং তাঁর দুশ্চিন্তা বাড়িয়ে দিচ্ছে, ‘আমি আসলেই খুব চিন্তিত। কারও কাছ থেকেই প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স পাচ্ছি না। সামনে টেস্ট, অথচ ব্যাটিং আর পেস বোলিংয়ের অবস্থা খুবই করুণ।’এর পেছনে টেস্ট ক্রিকেট থেকে লম্বা ছুটিতে চলে যাওয়াটাকে যত না কারণ মনে করা হয়, তার চেয়ে বড় কারণ মনে করা হচ্ছে খেলোয়াড়দের মানসিকতাকেই। হাবিবুলের বিশ্বাস, ‘লম্বা বিরতি সমস্যা নয়। আগেও এটা হয়েছে। তা ছাড়া টেস্টে ফেরার আগে ছেলেরা জাতীয় লিগ খেলবে। অন্তত দু-তিনটি ম্যাচ খেলতেই হবে সবাইকে।’ তাহলে সমস্যা কোথায়? এখানে তিনি নিরুত্তর। খেলোয়াড়দের মধ্যে ভালো করার তাগিদ নেই, আত্মতৃপ্তিতে বুঁদ হয়ে আছেন সবাই—নির্বাচক হয়ে এসব বলাটা যে হাবিবুলের জন্যই বিব্রতকর।