দুশ্চিন্তার নাম গার্দিওলা!
গ্রাফটা ঊর্ধ্বমুখী নয়। তাতে উত্থান যেমন আছে, আছে পতনও। গোটা চিত্রটা বলছে, এই মৌসুমে বার্সেলোনার খেলায় ঠিক বার্সা-সুলভ ধারাবাহিকতা নেই। কেউ কেউ এর জন্য পেপ গার্দিওলাকেই দায়ী করছেন। কোচ হিসেবে গার্দিওলা থাকছে কি থাকছে না—এই অনিশ্চয়তা খেলোয়াড়দের মধ্যেও একটা দ্বিধার জন্ম দিয়েছে। ব্যাঘাত ঘটছে মনোযোগে। গার্দিওলাও এবার নতুন করে চুক্তি সই করবেন কি না মুখ খুলে বলছেনই না।অনেকটা তাড়াহুড়ো করেই গার্দিওলাকে যুবদলের কোচের পদ থেকে পদোন্নতি দেওয়া হয়েছিল। ফ্রাঙ্ক রাইকার্ডের জায়গায় এসেছিলেন এর আগে কখনোই কোনো সিনিয়র দল সামলানোর অভিজ্ঞতা না-থাকা গার্দিওলা। চুক্তি ছিল মাত্র এক বছরের। কিন্তু প্রথম মৌসুমেই সাফল্যে স্নাত হন। এক বছরে কোনো ক্লাবের পক্ষে ছয়টি প্রতিদ্বন্দ্বিতামূলক শিরোপা জেতা সম্ভব? ২০০৯ সালে প্রথম ক্লাব হিসেবে সেই কীর্তি গড়েছে বার্সা। চার বছরে ১৩টি শিরোপা জিতিয়েছেন। টানা তিনটি লিগ শিরোপা তো আছেই, ক্লাবের চারটি ইউরোপ চ্যাম্পিয়ন ট্রফির দুটি তাঁর জেতানো।স্বাভাবিকভাবেই গার্দিওলার সঙ্গে লম্বা চুক্তি করতে আগ্রহী হয়ে ওঠে ক্লাব। কিন্তু শুরু থেকেই এক বছর এক বছর করে মেয়াদ বাড়াচ্ছেন। ফলে প্রতি মৌসুমের শেষের দিকে এসে গার্দিওলা থাকবেন কি থাকবেন না, এমন একটা অনিশ্চয়তা তৈরি হয়। এবারও যেমন হয়েছে।ক্লাব প্রেসিডেন্ট সান্দ্রো রোসেল কিছুদিন আগে মন্তব্য করেছেন, গার্দিওলার শূন্যস্থান পূরণ করার মতো কেউ নেই। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্তটি গার্দিওলাকেই নিতে হবে। এবার ক্লাবের সহসভাপতি জোসেপ মারিয়া আশা প্রকাশ করে বললেন, গার্দিওলা ন্যু ক্যাম্পে থেকে যাবেন আরও অনেক বছর, ‘আমরা তো চাই, ও অনেক অনেক বছর থেকে যাক। সেই বিশ্বের সেরা কোচ। এখানে আসার পর থেকে ও ইতিহাস গড়েই চলেছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি, বার্সেলোনায় গার্দিওলা অধ্যায় এখনো শেষ হয়নি।’গার্দিওলা অবশ্য এ নিয়ে এখনো মুখ খোলেননি। নতুন চুক্তি করবেন না—এমন কথা বলেননি ঠিকই; কিন্তু চুক্তি করবেন, এমন প্রতিশ্রুতিও নেই। এমনিতে তাঁকে কোচ বানানোর জন্য ইংলিশ ক্লাবগুলো মুখিয়ে আছে। চেলসির মালিক রোমান আব্রামোভিচ নাকি এরই মধ্যে আন্দ্রে ভিলাস-বোয়াসের বিকল্প হিসেবে গার্দিওলাকে ভাবছেন। গার্দিওলা এর আগে দীর্ঘমেয়াদি চুক্তির ব্যাপারে অনাগ্রহের কারণ হিসেবে বলেছিলেন, এই কাজের চাপ প্রতিনিয়ত তাঁকে চাকরি ছাড়তে প্ররোচিত করে। গার্দিওলার চুক্তি নিয়ে অনিশ্চয়তার মুখেই আজ বার্সেলোনা মুখোমুখি হবে ভ্যালেন্সিয়ার। শক্তি বিবেচনায় রিয়াল মাদ্রিদ-বার্সার পরেই ভ্যালেন্সিয়া। কোপা ডেল রের সেমিফাইনালে তাদের হারানোর টাটকা স্মৃতি থাকলেও ভ্যালেন্সিয়াকে সমীহ করেই আজ মাঠে নামবে বার্সা। ওয়েবসাইট।