
টুর্নামেন্ট শুরুর আগে ঘানার সঙ্গে ৩টি ম্যাচে ১৩টি পেনাল্টি কর্নার পেয়েছিল বাংলাদেশ। তা থেকে গোল হয়েছে মাত্র দুটি। প্রস্তুতি ম্যাচে এমন হতেই পারে ধরে নিলে দুশ্চিন্তার কিছু ছিল না। কিন্তু জিমিদের পেনাল্টি কর্নার নষ্ট করার বিলাসিতা রীতিমতো মহা দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে।
শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে পরশু দুটি পেনাল্টি কর্নার পেয়ে কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। সেটা না হয় ‘মালয়েশিয়ার সঙ্গে পেরে ওঠা কঠিন’ যুক্তিতে মেনে নেওয়া যায়। তা ছাড়া সব পেনাল্টি কর্নারে গোল হবে, এমন তো নয়। তবে কাল দুর্বল ফিজির বিপক্ষে ১৩টি পেনাল্টি কর্নারে যখন মাত্র তিনটি গোল আসে, বাংলাদেশ দলকে এ নিয়ে একটু ভাবতে হচ্ছেই।
ফিজিকে ৫-১ গোলে উড়িয়েও তাই কারও মুখে স্বতঃস্ফূর্ত হাসি নেই। বল পজেশন না রেখে তাড়াহুড়ো করেছেন খেলোয়াড়েরা, এ কারণে খেলার সৌন্দর্যটাও ঠিক পাওয়া যায়নি। একটা চাপা অতৃপ্তি কোচ-অধিনায়কসহ বাংলাদেশ দলের সবার মধ্যেই। যদিও মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হার দিয়ে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ড শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচেই প্রত্যাশিত জয়টা তুলে নিয়েছে। কিন্তু গ্রুপে দ্বিতীয় হয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার লক্ষ্য পূরণে বাংলাদেশের আসল প্রতিপক্ষ আগামীকাল ওমান। প্রথম ম্যাচে যারা ফিজিকে ৭ গোলে ভাসিয়ে কাল মালয়েশিয়ার কাছে আত্মসমর্পণ করেছে ৬-১ গোলে।
বাংলাদেশ দলের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি সেটা মনে রেখেই বললেন, ‘ওমানের বিপক্ষে ভালো খেলে জেতার আশা রাখি।’ কিন্তু পেনাল্টি কর্নার নষ্টের মহড়া থেকে বেরোতে না পারলে পথে কাঁটা বিছিয়ে দিতে পারে ওমান। জিমি অবশ্য সব শঙ্কা উড়িয়ে দিতে চাইলেন, ‘পেনাল্টি কর্নারের ব্যাপারটা কোচ দেখছেন। ওটা ঠিক হয়ে যাবে।’
মজাটা হলো, বাংলাদেশ দলে এখন পেনাল্টি কর্নার বিশেষজ্ঞের অভাব নেই! চয়নের পর আশরাফুল। এখন খোরশেদ, সারওয়ারও আছেন। ‘অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট’ হয়ে যাচ্ছে কি না, এই প্রশ্নও উঠছে। কাল ফিজির গোলরক্ষক ভালো খেলেছেন ঠিক, কিন্তু পেনাল্টি কর্নারে বাংলাদেশ দলের বেশির ভাগ হিটই গেছে বাইরে অথবা টার্ফ কামড়ে।
তবে কোচ অলিভার কার্টজের কাছে এসব কোনো সমস্যা নয়। তাঁর কথা, ‘আমাদের মূল সমস্যাটা গোল করতে না পারা।’ কাল গোল নষ্ট করতে করতে ২৬ মিনিটে সপ্তম পেনাল্টি কর্নারে আসে প্রথম গোল। ড্র্যাগ ফ্লিকে যেটি করেছেন চয়ন। ৫০ মিনিটে চয়নই পেনাল্টি কর্নারে একইভাবে ৪-১ করেন। ৩৭ ও ৪১ মিনিটে জিমির স্টিকে দুটি ফিল্ড গোল, প্রথমটি কামরুজ্জামান রানার সঙ্গে দারুণ সমন্বয়ে। ৫৮ মিনিটে পেনাল্টি কর্নারে আশরাফুলের স্টিকে হয়েছে ৫-১।
নিজেদের একমাত্র পেনাল্টি কর্নারে ফিজির লিভান দত্ত দ্বিতীয়ার্ধের শুরুতেই করেন ১-১। ফিজি অবশ্য এরপর আর লড়াই করতে পারেনি।