আজ কি ওয়ানডে সিরিজটাই চলে আসবে সামনে? নাকি টি-টোয়েন্টি সিরিজ জয়ের উৎসব করবে বাংলাদেশের মেয়েরা?ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচ জিতে পরের দুই ম্যাচে হেরে যায় বাংলাদেশ মহিলা দল। চলমান টি-টোয়েন্টি সিরিজটাও জয় দিয়ে শুরু করে দ্বিতীয় ম্যাচে শেষ বলে হার। আজ সিরিজ নির্ধারণী ম্যাচের আগে তাই ভেসে উঠছে ওয়ানডের শেষ ম্যাচের ছবি।ওয়ানডে সিরিজের কথা বাদ দিলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের আজকের ম্যাচের আগে অবশ্য আত্মবিশ্বাসী থাকার কথা সালমা খাতুনের দলের। হারলেও সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের সম্ভাবনা ধরে রাখা গেছে শেষ বল পর্যন্ত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করার মনোবল আজ জোগাবে বাড়তি প্রেরণা।আত্মবিশ্বাসে ফাঁক যদি থাকে, সেটা ফিল্ডিং নিয়ে। এই সিরিজে বাংলাদেশের মেয়েদের ফিল্ডিং মানেই মাখনমাখা হাতের প্রদর্শনী। আরেকটি অলিখিত ফাইনালের আগে বাংলাদেশ মহিলা দলের অধিনায়ক সালমা খাতুনের সব চিন্তা এই ফিল্ডিং-ব্যর্থতা নিয়েই, ‘এমনিতে মেয়েরা সবাই ভালো ফিল্ডিং করে। কিন্তু ম্যাচ কন্ডিশনে কেন যেন সেটা হচ্ছে না। তারা হয়তো চাপ নিয়ে ফেলছে।’ব্যাটিং-বোলিং যা-ই হচ্ছে, ভালো কিছুর প্রত্যাশা পূরণে ফিল্ডিংয়ের উন্নতিটা জরুরি মনে করেন অধিনায়ক, ‘অনুশীলন ক্যাম্পে আমরা যতটা ব্যাটিং ও বোলিং অনুশীলন করি ফিল্ডিং অনুশীলন ততটা করা হয় না। ভবিষ্যতে এদিকে আরও বেশি জোর দিতে হবে।’ মিস ফিল্ডিং আর ক্যাচ মিসের ‘ভরা মৌসুমে’ একটা দাবিও জানিয়ে রাখলেন মেয়েদের সালমা, ‘দক্ষিণ আফ্রিকা মহিলা দলের কাছে তিনটি হারের দুটির পেছনেই বাজে ফিল্ডিংয়ের দায়। বিশেষজ্ঞ ফিল্ডিং কোচ ছাড়া এ পরিস্থিতি থেকে উত্তরণের পথ নেই।’সিরিজের শেষ ম্যাচে বাজে ফিল্ডিংয়ের চক্র থেকে বের হওয়ার প্রত্যাশা সালমার। স্বপ্ন দেখছেন দেশের মাটিতে প্রথম সিরিজ জয়েরও, ‘এখনো টি-টোয়েন্টি সিরিজ জেতার সুযোগ আছে আমাদের সামনে। আমরা খারাপ খেলছি না কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে দু-একটা ভুলের কারণে শেষ মুহূর্তে হাত থেকে ম্যাচ বেরিয়ে যাচ্ছে।’ দলের প্রতি তাই অধিনায়কের পরামর্শ, খেলতে হবে চাপ না নিয়ে।দক্ষিণ আফ্রিকার মেয়েরা অবশ্য এ ম্যাচের আগে এমনিতেই নির্ভার। অনুশীলন বাদ দিয়ে কালকের দিনটা বিশ্রামে কাটিয়েছে দল। আজ সিরিজ শেষ হলেও বাংলাদেশ এখনই ছাড়ছে না মিগনন ডু প্রিজের দল। শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য বাড়তি কয়েকটি দিন ঢাকায় থাকবে তারা।