দুশ্চিন্তার নাম মিডল অর্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হংকংয়ের কাছে কেন হারল বাংলাদেশ—প্রশ্নটা কালও ঘুরে বেড়িয়েছে ক্রিকেটাঙ্গনে। তবে খেলোয়াড়দের হংকং-ট্র্যাজেডি নিয়ে পড়ে থাকলে চলছে না। এখন কেবলই সামনে তাকানোর পালা।
বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খানও আর পেছন ফিরে তাকাতে রাজি নন। চূড়ান্ত পর্বে কীভাবে হংকংয়ের কাছে পরাজয়ের ধাক্কা কাটিয়ে ওঠা যায়, তিনি বরং সেটা নিয়েই ভাবতে চান। দুই দিন বিশ্রামে কাটিয়ে ফতুল্লা স্টেডিয়ামে আজ আবার অনুশীলনে ফেরা মুশফিকের দলের প্রতি জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচকের পরামর্শ, ‘মিডল অর্ডারের কাছে আরও দায়িত্বশীল ব্যাটিং চাই। ছেলেদের সব ধরনের চাপমুক্ত হয়ে খেলতে হবে। উইকেট কখন কেমন আচরণ করছে, সেটাও বুঝতে হবে।’
ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের সঙ্গে একমত ফারুক আহমেদের নির্বাচক কমিটিও। পেছনের তিক্ত অভিজ্ঞতা ভুলে সবাই সামনে তাকানোর পক্ষে। তবে সবারই সমস্যার তালিকায় থাকছে মিডল অর্ডারের ব্যাটিং। দ্বিতীয় পর্বের বড় ম্যাচগুলোতে এ জায়গায় উন্নতি দেখতে চান সবাই।

ফারুক আহমেদ
ফারুক আহমেদ

ফারুক আহমেদের দর্শন—যখন কিছুই হয় না, তখন শুরু থেকে শুরু করতে হয়। বাংলাদেশ দলকে তাই মৌলিক বিষয়গুলোতেই মনোযোগ দিতে বললেন প্রধান নির্বাচক। সেই মৌলিক কাজগুলোর যে তালিকা তিনি করেছেন, সেখানেও সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে মিডল অর্ডারের ব্যাটিং, ‘গত কয়েকটা ম্যাচ খেয়াল করলে দেখবেন, আমাদের মিডল অর্ডার কিছুই করতে পারছে না। ৬, ৭, ৮ নম্বরের ব্যাটিং-ব্যর্থতা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। টি-টোয়েন্টি ক্রিকেটে যেহেতু দ্রুত রান তোলার ব্যাপার থাকে, শুরুতে এক-দুটি উইকেট পড়তেই পারে। তখন মিডল বা লোয়ার মিডল অর্ডারকেই দায়িত্ব নিতে হবে।’
ফারুক আরেকটা সমস্যাও দেখছেন। ব্যাটসম্যানরা ম্যাচের পরিস্থিতি বুঝে খেলছেন না। ‘ম্যাচের মধ্যে অনেক সময় নতুন করে লক্ষ্য ঠিক করতে হয়। আমরা যেভাবে উইকেট দিয়ে আসলাম তাতে মনে হয়েছে খেলোয়াড়েরা সে কাজটা করেনি’—বলেছেন ফারুক আহমেদ। তাঁর বিশ্বাস, মৌলিক এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারলেই বাংলাদেশ আবারও ফিরবে সাফল্যের কক্ষপথে।

মিনহাজুল আবেদীন
মিনহাজুল আবেদীন

নির্বাচক কমিটির আরেক সদস্য মিনহাজুল আবেদীন হংকংয়ের কাছে পরাজয়টাকে মনে করছেন আত্মতৃপ্তিতে ভোগার পরিণতি, ‘প্রতিপক্ষকে হালকাভাবে নিলে কী হয়, এটা তারই প্রমাণ।’ একই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন খেলোয়াড়দের দায়িত্বটাও, ‘মাঠে কার কী দায়িত্ব সেটা ওদেরই বুঝতে হবে। আমরা এখন আর এমন দল নই যে কারও একজনের দিকে তাকিয়ে থাকব। দলে অনেক পারফরমার আছে। প্রত্যেককে প্রত্যেকের কাজটা বুঝতে হবে।’

হাবিবুল বাশার
হাবিবুল বাশার

নির্বাচক হাবিবুল বাশার হংকংয়ের ম্যাচ নিয়ে কথা বলতেই নারাজ। তাঁর ভাষায়, ওটা একটা দুর্ঘটনামাত্র, ‘হংকং আমাদের সঙ্গে আরও ৫০ বার খেললে ৫০ বারই আমরা জিতব। তাদের নিয়ে কথা বলার কিছু নেই।’ হাবিবুলের আশা, হংকংয়ের কাছে অপ্রত্যাশিত হারের ধাক্কা গত দুই দিনের বিশ্রামে অনেকটাই কাটিয়ে উঠেছেন খেলোয়াড়েরা, ‘ওই ম্যাচের পর পরই খেলা থাকলে ছেলেদের জন্য কাজটা কঠিন হতো। মাঝে দুই দিনের বিশ্রাম কাজে দেবে আশা করি। ওরা নিশ্চয়ই এখন বুঝতে পারছে কার কী ভুল ছিল।’
টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় তারকা ক্রিস গেইলের দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়েই ২৫ মার্চ নিজেদের মূল পর্ব শুরু করবে বাংলাদেশ। হাবিবুল বাশারের দৃষ্টিতে গেইল খুব বড় হুমকি নন বাংলাদেশের জন্য, ‘ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে নিশ্চয়ই ভালো হোমওয়ার্ক করব আমরা। তবে মনে হয় না গেইল আমাদের বিপক্ষে খুব বেশি কিছু করতে পারবে।’ এই জায়গায় ইতিহাস কথা বলছে হাবিবুলের পক্ষেই। বাংলাদেশ দলের বিপক্ষে এখন পর্যন্ত দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে গেইল রান করেছেন ০ আর ৬। এর মধ্যে জোহানেসবার্গে ২০০৭ প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে তো দল ৬ উইকেটে জিতেছেও।