দুশ্চিন্তার নাম লারা বিঙ্গল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুখে যতই বলুন, লারা বিঙ্গল এখন তাঁর জন্য বিগত এক অধ্যায়; চাইলেই কি এত সহজে ভুলে যেতে পারবেন? বিঙ্গলকে তাঁর মনে পড়ে যাবে উদাস কোনো দুপুরে। বিঙ্গল তাঁর স্মৃতিতে উঁকি দেবে উথাল জ্যোত্স্নায়। বিঙ্গলের স্মৃতি মাইকেল ক্লার্কের মনে বারবার ফিরে আসবে নিউজিল্যান্ড সফরেও! এই ব্যবস্থা করে রাখছে কিউই সমর্থকেরা। আশঙ্কা, শুক্রবার থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে স্বাগতিক দর্শকদের লক্ষ্যবস্তু হতে পারেন ক্লার্ক। বিঙ্গলের সঙ্গে ছাড়াছাড়ি নিয়ে গ্যালারি থেকে নানা মন্তব্য তো আসবেই, শোভা পেতে পারে চটকদার মন্তব্য-সংবলিত ব্যানার-পোস্টার।নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) তরফ থেকে অবশ্য আশা প্রকাশ করা হয়েছে, দর্শকেরা সীমা লঙ্ঘন হয় এমন কোনো অভব্যতা করবে না। তবে দর্শকদের বয়েই গেছে এই অনুরোধ রক্ষা করতে। বরং ক্লার্কের ক্ষতে নুন দিতেই বেশি উত্সাহী হবে তারা। এই পূর্বাভাস দেখা গেছে গত ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে। দুটো ওয়ানডে খেলে দেশে ফিরে যাওয়া ক্লার্ককে খোঁচা দিতেই বিশাল ব্যানার শোভা পাচ্ছিল হ্যামিল্টনের সেডন পার্কের গ্যালারিতে—‘ক্লার্কি তুমি কোথায়?’তবে খেলোয়াড়দের সতর্ক করা হয়েছে। মাঠে স্লেজিংয়ের সময় যেন এ নিয়ে বাড়াবাড়ি না করা হয়—এমন নির্দেশই নাকি বোর্ডের পক্ষ থেকে পেয়েছেন ড্যানিয়েল ভেট্টোরিরা। নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার মার্ক রিচার্ডসন যেমন আশা করছেন, খেলোয়াড়েরা অন্তত স্পর্শকাতর এই ব্যক্তিগত বিষয়টি নিয়ে নাড়াচাড়া করবে না, ‘ওরা এমনটা করবে ভাবতেই তো আমি শিউরে উঠছি। আমার মনে হয় না তারা এমনটা করবে। কারণ দলের বেশির ভাগ ক্রিকেটারই বিবাহিত, বাচ্চাকাচ্চাও আছে।’সাম্প্রতিক সময়ে টেস্টের প্রস্তুতিতে করণীয়র তালিকায় তাই সম্পূর্ণ নতুন একটা বিষয় ঢুকে যাচ্ছে টিম নিলসেনের তালিকায়। কোচ অবশ্য দাবি করছেন, দলে এর কোনো প্রভাব নেই, ‘আমরা বিষয়টি নিয়ে কথা বলব। আসলে সত্যিকার কোনো প্রভাব দলে নেই। ওরা সবাই পেশাদার খেলোয়াড়। ওর (ক্লার্ক) কঠিন সময় যাচ্ছে, যেটা যে কোনো খেলোয়াড়েরই যেতে পারে। আমরা সবাই ওর পাশে আছি। ও এখন বেশ ভালোই আছে। ক্রিকেটে মনোনিবেশ করার জন্য তাকিয়ে আছি আমরা।’অস্ট্রেলিয়া চাইছে, টেস্ট শুরুর আগেই বিষয়টি যেন শেষ হয়ে যায়। কিন্তু তাসমান সাগর বেয়ে নিউজিল্যান্ডের মিডিয়াতেও সরগরম বিঙ্গল-বিতর্ক। প্রতিদিনই কোনো না কোনো খবর থাকছে সেখানকার পত্রপত্রিকায়। আর তাই ব্যাটে-বলে ক্যারিয়ারের মধুচন্দ্রিমা পার করা ড্যানিয়েল ভেট্টোরি নন, নিলসেনের দুশ্চিন্তার নাম আপাতত লারা বিঙ্গল! ওয়েবসাইট।