দুশ্চিন্তায় পড়েছিলেন কুকও
বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টে ফলাফল শেষ পর্যন্ত যা হওয়ার কথা তা-ই হয়েছে চট্টগ্রামে। ১৮১ রানের ব্যবধানই বলে দিচ্ছে টেস্ট ক্রিকেটে দু দলের শক্তিমত্তা আর অভিজ্ঞতার পার্থক্য। তবে ম্যাচ শেষে ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুকও স্বীকার করেছেন, জুনায়েদ সিদ্দিক আর মুশফিকুর রহিম মিলে কাজটা কঠিনই করে দিয়েছিলেন তাঁদের।‘কিছুটা দুশ্চিন্তা তো হয়েছিলই। কৃতিত্বের পুরোটাই ওই দুজনকে (জুনায়েদ-মুশফিকুর) দিতে হবে। আমাদের কোনো সুযোগই দিচ্ছিল না ওরা। ও রকম সময়ে ব্যাটসম্যানদের আউট করা কঠিন। তারা যে ১০০ (১০৬) আর ৯০ (৯৫) রান করেছে, সেটা তাদের প্রাপ্যই। ওই সময়ে হতাশ হয়ে পড়াটাই ছিল স্বাভাবিক। কিন্তু আবেগকে নিয়ন্ত্রণে রেখে আমরা আমাদের কাজটা করে গেছি’—ম্যাচ শেষে বলেছেন কুক। বাংলাদেশি ব্যাটসম্যানদের জন্য শর্ট বলটাই মূল অস্ত্র ছিল ইংল্যান্ডের। তবে দ্বিতীয় ইনিংসে সেটিও খুব ভালোভাবে সামলেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে শর্ট বলে একদমই নড়বড়ে মনে হওয়া জুনায়েদ তো এমন স্বচ্ছন্দে খেলেছেন যে মনে হয়েছে দুই ইনিংসে খেলছেন ভিন্ন দুই ব্যাটসম্যান। কুকও দিলেন সেই স্বীকৃতি, ‘উইকেট কিছুটা ধীর হয়ে যাওয়ায় শর্ট বল খেলা সহজ ছিল। তবে ওদের ব্যাটসম্যানরাও এর সঙ্গে খুব ভালো মানিয়ে নিতে পেরেছে।’প্রথম ইনিংসে ৩০৩ রানের লিড নেওয়ার পরও বাংলাদেশকে ফলোঅন করায়নি ইংল্যান্ড। এটাকে ‘নেতিবাচক’ আখ্যা দিয়ে সমালোচনাও হয়েছে ইংলিশ মিডিয়ায়। কাল সংবাদ সম্মেলনে সেটার অনুমিত কারণটাই ব্যাখ্যা করেছেন ইংল্যান্ড অধিনায়ক, ‘তৃতীয় দিনে প্রচণ্ড গরম ছিল আবহাওয়া। ৯০ ওভার বল করার পর বিশ্রাম দরকার ছিল আমাদের বোলারদের। দুটি সেশন বিশ্রাম পেসারদের কতটা কাজে আসে, সেটি আসলে বলে বোঝানোর নয়। আমরা টেস্টটা নাও জিতলেও আমি বলতাম, সিদ্ধান্তটা ঠিকই ছিল।’পেসারদের বিশ্রামের কথা ভেবেই মূলত ওই সিদ্ধান্তটা নিয়েছিলেন কুক। তবে চট্টগ্রাম টেস্টে ইংল্যান্ডের সফলতম বোলার কোনো পেসার নন, অফ স্পিনার গ্রায়েম সোয়ান। দুই ইনিংসেই নিয়েছেন ৫ উইকেট করে। ১৯৫৬ সালের পর এই প্রথম ইংল্যান্ডের কোনো অফ স্পিনারের টেস্টে ১০ উইকেট। ম্যান অব দ্য ম্যাচ সোয়ানের প্রশংসাতে তো পঞ্চমুখ হবেনই অধিনায়ক, ‘বলে খুব ভালো নিয়ন্ত্রণ সোয়ানের। অধিনায়ক হিসেবেও ওকে দিয়ে বল করানোটা খুব সহজ। নিজের বলে ফিল্ডিংটা কেমন হওয়া উচিত, এটা ও খুব ভালো বোঝে। ওকে দেখলে সব সময়ই মনে হয় ব্রেক থ্রু দিতে পারবে। এই উইকেটে ১০ উইকেট পাওয়াটাকে বিস্ময়কর সাফল্যই বলব।’ কুক প্রশংসা করলেন সোয়ানের, সোয়ান কুকের অধিনায়কত্বের, ‘ওর বয়সের তুলনায় ও অনেক পরিণত। খুব ভালো ক্যাপ্টেন্সি করেছে।’অ্যান্ড্রু স্ট্রাউস বিশ্রাম নিয়েছেন বলেই হঠাত্ পেয়ে গেছেন অধিনায়কত্ব। অধিনায়কত্ব-অভিষেকে জয়টা প্রত্যাশিতই ছিল। প্রথম ইনিংসে ১৭৩ রান করে জয়ে বড় ভূমিকাও রেখেছেন কুক। সব মিলিয়ে এই টেস্টটা কুকের কাছে স্মরণীয় হয়েই থাকবে। অধিনায়কত্বের সঙ্গে ‘চাপ’ শব্দটা হাত ধরাধরি করেই চলে। কিন্তু খণ্ডকালীন দায়িত্ব বলেই কি না সেটি একদমই অনুভব করছেন না কুক। ‘দলের কিসে ভালো হবে, এটা মাথায় রেখে অধিনায়ককে সব সময়ই তো সিদ্ধান্ত নিতে হয়। কোনো সিদ্ধান্ত ভুল হয়, কোনোটা ঠিক। এটাই তো অধিনায়কত্বের মজা!’