দুসরায় চোখ মাহমুদ-সাকিবদের
আগের দিনের কাবুলি পোশাকটা কাল আর গায়ে নেই। অনুশীলনের আকাশি পোশাক পরে মিশে গেছেন দলের সঙ্গে। ঢাকায় এসে পরশুই পরিচিতি পর্ব সেরে কাল থেকে পুরোদস্তুর কাজ শুরু করে দিলেন বিসিবির নতুন স্পিন পরামর্শক সাকলায়েন মুশতাক।চুক্তি অনুযায়ী পাকিস্তানের সাবেক এই অফ স্পিনার জাতীয় দলের বাইরেও কাজ করবেন একাডেমি, ‘এ’ দলসহ বিসিবির অন্যান্য দলের সঙ্গে। তবে সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তারও আগে ত্রিনিদাদ সফর। আপাতত সাকলায়েনের পুরো সময়টাই পাচ্ছে জাতীয় দল।কোচ হিসেবে যতটা না নামডাক, তার চেয়ে খেলোয়াড় সাকলায়েন মুশতাকের পরিচিতিই বেশি ক্রিকেটারদের কাছে। সাকলায়েনের খেলা দেখেছেন, সাকলায়েনকে আদর্শ মানেন, বাংলাদেশের এই প্রজন্মের খেলোয়াড়দের মধ্যেও আছে এমন মুখ। সাকলায়েন মুশতাক নামটা শুনলে এখনো একজন অফ স্পিনারের প্রতিচ্ছবিই বেশি ফুটে ওঠে, ‘দুসরা’ যাঁর বোলিংটাকে করেছিল অনেক বেশি রহস্যময় আর সমৃদ্ধ। বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যেও সাকলায়েন আর তাঁর দুসরা নিয়ে আছে কৌতূহল। আগামী চার মাসে সেসব কৌতূহল মিটিয়ে নিতে চান স্পিনাররা।কাল ইনডোরের অনুশীলনে মাহমুদউল্লাহর সঙ্গে বেশ খানিকটা সময় কথা বললেন সাকলায়েন। বাংলাদেশ দলের নিয়মিত খেলোয়াড়দের মধ্যে এ মুহূর্তে মাহমুদউল্লাহই একমাত্র অফ স্পিনার, এটা একটা কারণ হতে পারে মাহমুদউল্লাহর প্রতি তাঁর বাড়তি আগ্রহের। অনুশীলন শেষে মিডিয়ার সঙ্গে বলা কথাবার্তায় বোঝা গেল, সাকলায়েনের প্রতি বাড়তি আগ্রহ আছে মাহমুদউল্লাহরও, ‘দুসরা নিয়ে তো তাঁর কাছে জানতে চাইবই। আমি নিশ্চিত, সময় যত যাবে আমাদের বোঝাপড়া ততই ভালো হবে। এসব নিয়ে তখন আরও বিস্তারিত জানতে চাইব। এই চার মাসে আমরা তার ভালো ভালো জিনিস নিতে চাই।’স্পিন শুধু নয়, বাংলাদেশ দলের বোলিং আক্রমণের নেতৃত্বই এখন সাকিব আল হাসানের হাতে। সাকলায়েনকে কাছে পেয়ে উৎফুল্ল তিনিও, ‘অসাধারণ এক অফ স্পিনার তিনি। সাকলায়েন যদি তাঁর অভিজ্ঞতাগুলোও শোনান, আমাদের জন্য সেটাও অনেক বড় ব্যাপার হবে।’ মাহমুদউল্লাহর মতো সাকিবও ভাঙতে চান দুসরা রহস্য, ‘কিছু ব্যতিক্রমী ডেলিভারি আছে ওনার। তিনি যদি সেগুলো আমাদের শেখান এবং আমরাও সেসব রপ্ত করতে পারি, আমাদের বোলিং আরও শক্তিশালী হবে।’ নিজের বোলিং নিয়েও সাকলায়েনের সঙ্গে কথা বলার ইচ্ছা আছে সাকিবের, ‘বোলিং নিয়ে আমার কিছু চিন্তাভাবনা আছে। সেসব নিয়ে কথা বলব, এরপর ইচ্ছা আছে একটা পরিকল্পনা করে সে অনুযায়ী এগোনোর।’ এর আগে একবার ‘বাঁহাতি স্পিনারদের দুসরা’ শেখার ইচ্ছার কথা জানিয়েছিলেন সাকিব। পরিকল্পনা হয়তো সেটা নিয়েই কাজ করার।দুসরায় আগ্রহ আছে আরেক বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাকেরও। সুযোগ পেলে এটা নিয়ে সাকলায়েনের সঙ্গে কথা বলার ইচ্ছা তাঁর। তবে সাবেক বিশ্বসেরা অফ স্পিনারের কাছে রাজ্জাক মূলত জানতে চাইবেন অন্য দুটি বিষয়ে, ‘সাকলায়েনের বড় গুণ ছিল টেম্পারামেন্ট। এ ছাড়া পরিস্থিতি অনুযায়ী বল করতে পারতেন তিনি। তাঁর কাছে এ দুটি বিষয়েই জানার ইচ্ছা আমার।’মাহমুদউল্লাহর সঙ্গে মূলত বোলিং অ্যাকশন নিয়েই কথা বলেছেন সাকলায়েন। মাহমুদউল্লাহর কথা, ‘আমি যতটা সম্ভব তাঁর সাহায্য নিতে চাই। উনি কেমন বোলার ছিলেন সেটা আমরা সবাই জানি। বিশ্বের সেরা অফ স্পিনারদের মধ্যেই একজন সাকলায়েন। তাঁর মতো বোলারের কাছ থেকে যত বেশি নেওয়া যায়, ততই আমার জন্য মঙ্গল।’অনুশীলন থেকে কাল অনেকের বোলিং অ্যাকশনের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছেন সাকলায়েন। সেসব দেখে খুঁটিয়ে খুঁটিয়ে বের করবেন ভুলত্রুটি, ‘এই দুই দিনে মূলত পরিচিতি পর্বই সেরেছি। ওদের বোলিং সম্পর্কে সামান্য ধারণা নিয়েছি। বাংলাদেশের স্পিনারদের অনেকেই বিশ্ব ক্রিকেটে নিজেদের প্রমাণ করেছে। চেষ্টা করব ছোটখাটো ভুলগুলো শুধরে দিয়ে তাদের বোলিংটাকে আরও ভালো করে দিতে।’