দুয়োতেও মজা পাচ্ছেন ওয়ার্নার
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের দিন থেকেই ‘নায়ক।’ সেই যে সিডনির এক অখ্যাত তরুণ অভিষেকেই স্টেইন-এনটিনিদের বিধ্বস্ত করে ৪৩ বলে করলেন ৮৯। খেলাটা যদি হয় বিনোদন, সেদিন থেকেই ওয়ার্নারের ব্যাটিং হয়ে আছে বিনোদনের আরেক নাম। নিজ দলের তো বটেই, বিনোদনদায়ী ব্যাটিংয়ে মন জয় করেছেন প্রতিপক্ষ সমর্থকদেরও। ২২ গজের ওয়ার্নার এখনো তেমনই আছেন, কিন্তু গত কিছুদিনে প্রকাশ্য হয়েছে মাঠের বাইরের রূপটা। আর তাতে মাঠের সেই নায়ক এখন ‘ভিলেন!’ওল্ড ট্রাফোর্ড টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামার সময় ওল্ড ট্রাফোর্ডের গ্যালারিতে উঠল দুয়োধ্বনি। দৃষ্টিকটুভাবে অস্ট্রেলিয়ার শেষ রিভিউটা নষ্ট করে যখন ফিরছেন, দুয়োতে যোগ দিল বুঝি অস্ট্রেলিয়ান সমর্থকেরাও। ফিল্ডিংয়ে যতবারই বল ধরেছেন, গ্যালারিজুড়ে যথারীতি ‘বু...উউউ...উউ।’ দ্বিতীয় ইনিংসে আউট হওয়ার পর সেই দুয়োধ্বনি আরও উচ্চগ্রামে পৌঁছাল। ক্রিকেট-বিধাতাও যেন সময়ের মজাটা ধরতে চাইলেন, নইলে জো রুটের হাতেই কেন যাবে ওয়ার্নারের ‘প্রাণ!’ ওয়ার্নারের হুক শটটা হাতে জমালেন রুট, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে এর চেয়ে নির্মল বিনোদন আর কী হতে পারে!ওয়ার্নারও খুঁজে পাচ্ছেন (কিংবা খুঁজে নিচ্ছেন!) মজার দিকটাই। গত পরশু চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মুচকি হাসিতে বললেন, ‘রুটিকে (রুট) আরেকটা হুক, মাঠে যেন আর কেউ ছিল না...ব্যাপারটা এখন কৌতুককর হয়ে দাঁড়িয়েছে। টুইটারে কে কী লিখল, সেসব পড়ার জন্য আমার তর সইছে না!’গ্যালারি থেকে ওয়ার্নারকে ‘স্লেজিং’ শুধু দুয়োতেই আটকে থাকেনি। দারুণ সৃষ্টিশীলতার পরিচয় দিয়েছেন বার্মি আর্মির জনপ্রিয় ট্রাম্পার বিলি কুপার। রুটকে মারা ঘুষিটার কথা মনে করিয়ে দিতেই যেন ওয়ার্নার মাঠে নামার সময় ট্রাম্পেটে বাজালেন বক্সিং চলচ্চিত্র রকির থিম সং! নিজের এই ভিলেন চরিত্রটা আপাতত মেনেই নিয়েছেন ওয়ার্নার। কণ্ঠে প্রত্যয় আবার নায়ক হওয়ার, ‘জানি, আমি এখন খুব পছন্দের কেউ নই, তবে আজ সকালে বাউন্ডারিতে দাঁড়িয়ে কিন্তু মজাই পেয়েছি। ট্রাম্পারের রকি থিম সং বাজানোটাও ভালো লেগেছে, মজা পেয়েছি। আমি স্রেফ মুচকি হাসছিলাম। মাঠে নেমে দুয়ো তো আর প্রতিদিনই শোনা হয় না! এটাকে মেনে নিতেই হবে। নিজের কাজটা আমার জানা আছে, সেটিতেই মন দিতে হবে।’ড্রেসিংরুমে ফেরার সময় রুট নাকি খানিকটা টিপ্পনীও কেটেছেন। সংবাদ সম্মেলনে সেটাও বললেন হাসতে হাসতে, ‘ও আমাকে বলল, “মাস দুটো খুব দীর্ঘ ছিল, তাই না?” আমি স্রেফ পেছন ফিরে একটু হাসলাম। আমার স্মৃতিশক্তি যথেষ্ট ভালো, মনে না থাকার কারণ নেই।’মনে রাখলেই ভালো। তাঁর নিজের জন্য, দলের জন্যও। মনে রেখে যদি আত্মদহনটা ফুটিয়ে তুলতে পারেন ব্যাটে! এএফপি, ওয়েবসাইট।