দুয়োধ্বনিই প্রেরণা শ্রীশান্তের
জহির খান ইনজুরিতে পড়ায় হুট করেই ভারতের টেস্ট দলে খেলার সুযোগটা পেয়ে গেছেন শ্রীশান্ত। সেই সুযোগের সদ্ব্যবহারটাও বেশ ভালো মতোই করেছেন এ ডানহাতি পেসার। গতকাল ট্রেন্টব্রিজ টেস্টের প্রথম দিনে ৭৭ রানের বিনিময়ে তিনি তুলে নিয়েছেন জনাথন ট্রট, কেভিন পিটারসেন ও ম্যাট প্রিয়রের গুরুত্বপূর্ণ তিনটি উইকেট। দুর্দান্ত এই বোলিংয়ের প্রেরণাটা ট্রেন্টব্রিজের দর্শকদের দুয়োধ্বনি থেকেই পেয়েছেন বলে জানিয়েছেন শ্রীশান্ত।গতকাল প্রথম দিনের খেলা শেষে শ্রীশান্ত বলেছেন, ‘যখন আমি জানি যে কোনো একটা কাজ আমাকে করতে হবে, আর কেউ যদি বলে যে আমি সেটা পারব না, তাহলে আমি সেটা আরও ভালোভাবে করার চেষ্টা করি। বেশির ভাগ ক্ষেত্রেই আমি সেটা খুব ভালো মতোই করি। আজ দর্শকদের দুয়োধ্বনিও আমাকে অনেক অনুপ্রেরণা জুগিয়েছে। তাদেরকে ধন্যবাদ।’গত বছর ওয়ারউইর্কশায়ারের হয়ে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট খেলার অভিজ্ঞতাটা অনেক কাজে দিয়েছে বলে মনে করছেন শ্রীশান্ত। তিনি বলেছেন, ‘ওয়ারউইর্কশায়ারের হয়ে চার মাস খেলাটা আমার উন্নতির ক্ষেত্রে অনেক অবদান রেখেছে। তখন আমাদের বোলিং কোচ ছিলেন অ্যালান ডোনাল্ড। তাঁর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আমি অনেক আউট সুইং করার চেষ্টা করতাম। কিন্তু তিনি আমাকে ইনসুইং শিখিয়েছেন। এ ছাড়া কোথায় বল ফেলতে হবে, ব্যাটসম্যানের মনোভাব কী—এসব ব্যাপারেও তিনি আমাকে অনেক সাহায্য করেছেন।’ ইএসপিএন।