দূর ভবিষ্যতে চোখ স্পেনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেরেছে? নাকি পারেনি? উত্তরটা এতক্ষণে পেয়েই গেছে সবাই। অমরত্ব থেকে নিঃশ্বাস দূরত্বে ছিল স্পেন। এতটা পথ পেরিয়ে এসে সাফল্যের মন্দিরে ঘণ্টা না বাজিয়েই কি ফিরে গেছে! নাকি ইতিহাসের সোনালি পৃষ্ঠায় নিজেদের নাম লিখিয়েছেন জাভি-ইনিয়েস্তা-ক্যাসিয়াসরা?এই প্রতিবেদন লেখার সময় বলার উপায় ছিল না। তবে ইকার ক্যাসিয়াস বলছিলেন, সিঁড়ির শেষ ধাপে পা রাখতে তাঁরা উন্মুখ হয়ে আছেন। স্পেন অধিনায়কের কাছে এটাই অবশ্য শেষ গন্তব্য নয়। স্পেনের আগামী দিনের তারকারাও উঠে আসছে। গত বছর স্পেনের অনূর্ধ্ব-১৯ দল জিতেছে ইউরোপিয়ান যুব চ্যাম্পিয়নশিপ। জাভির মতো সতীর্থদের সঙ্গে তিনি নিজেও যাত্রা শুরু করেছিলেন যুব দলে। জানেন, সাফল্যের ভিত রচিত হয় সেখানেই।‘আমরা ১৫ বছর আগে যাত্রা শুরু করেছিলাম। ১৬ বছর ধরে খেলছি। আমরা একসঙ্গে সব যুবপর্যায়ের দলগুলোতে ছিলাম। সেটা আমাদের অনেক কিছু শিখিয়েছে। এখান থেকেই বোঝা যায়, যে তরুণেরা উঠে আসছে, তারাও তাদের সুযোগটা পাবে। আশা করি, তারা আরও উন্নতির পথে এগিয়ে যাবে’—বলেছেন ক্যাসিয়াস।গতকাল শিরোপা হাতে তুলতে পারলে অভূতপূর্ব এক ইতিহাস রচনা করেছেন এই ৩১ বছর বয়সী। ইতিহাসের প্রথম অধিনায়ক হিসেবে টানা তিনটি প্রধান শিরোপা জিতেছেন। ইউরো-বিশ্বকাপ-ইউরো। ফাইনালের আগে ক্যাসিয়াস অবশ্য দাবি করেছেন, এখানে ব্যর্থ হলেও তাঁদের কৃতিত্ব ম্লান হবে না, ‘চার বছর আগে আমরা এমন কিছু অর্জন করেছিলাম, যেটা কেউ ভাবেনি। কারণ, আমরা আগে সেটি করে দেখাতে পারিনি। বিশ্বকাপে সবাই চাইছিল, আমরা জিতি। আমরা জিতেছি। দলের পরিবর্তন আর ধারাবাহিকতাটা এখন থেকেই স্পষ্ট। চার বছর আগে আমরা ফাইনাল খেলেছি। কল্পনাই করতে পারিনি আমরা ইউরো, এর দুই বছর পর বিশ্বকাপও জিতব। ইতিহাস এরই মধ্যে রচিত হয়েছে। কারণ, আমরা আবারও ফাইনালে উঠে এসেছি। চার বছর আগে যেটা আমাদের ভাবনারও অতীত ছিল।’এই যাত্রাপথে ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত টানা ৩৫ ম্যাচে অপরাজিত ছিল স্পেন, যেটি বিশ্ব রেকর্ড। যে রেকর্ড আর আছে শুধু ব্রাজিলের। সাফল্য ধরা দিতে থাকলেই একসময় গা-ছাড়া ভাব চলে আসে। তবে জাভি দাবি করছেন, ‘আমরা এখনো অনেক ক্ষুধার্ত।’ স্প্যানিশ মিডফিল্ডার আরেকটি বিষয় নিশ্চিত করেছেন, ‘টিকি-টাকা’ ফুটবল নিয়ে যতই সমালোচনা হোক, নিজেদের দর্শন থেকে তাঁরা সরবেন না, ‘আমাদের খেলার ধরন খুবই স্পষ্ট। আমি মনে করি, এ ধরনের খেলা দিয়েই সমর্থকেরা আমাদের চেনে। আমরা এটা উপভোগ করি। আমি মনে করি, সব ফুটবল-সমর্থকও এটা উপভোগ করেন।’ এএফপি, রয়টার্স।