দূরত্ব ১৮০ মিনিট!

তাঁর এক মুহূর্তের জাদু ভাগ্য গড়ে দিয়েছে চারটি ম্যাচের। একটি মারণশেলেই প্রতিপক্ষ ভূপাতিত চার-চারবার। তাঁর একটি ঝলক ম্লান করে দিয়েছে ম্যাচের আর সবকিছু। জাদুকরি একটি ক্ষণ আবিষ্ট করে রেখেছে ঘণ্টার পর ঘণ্টা। তার পরও কিছুই করা হবে না লিওনেল মেসির, যদি আজ হেরে যায় আর্জেন্টিনা!
না, তাঁর কীর্তিগুলো মিথ্যা হয়ে যাবে না। একার কাঁধে দলকে এত দূর আনার কৃতিত্বও ভুলে যাওয়া হবে না। গোল্ডেন বুট বা বলও যোগ হতে পারে সমৃদ্ধ ট্রফি কেসে। তার পরও আক্ষেপের ভারে হয়তো চাপা পড়ে যাবে এই সবই। মেসির যে ম্যারাডোনা হওয়া হবে না!
সেই সব পাওয়া আর সব হারানোর মাঝখানে এখন সম্ভবত দূরত্ব মাত্র ১৮০ মিনিটের। মাত্র দুটো ম্যাচ। আবারও হতাশায় পুড়ে দেশে ফিরতে পারেন। কিংবা মেসি বসতে পারেন ডিয়েগো ম্যারাডোনার পাশে। ম্যারাডোনা—কিংবদন্তি, নায়ক, নেতা...বিশ্বকাপজয়ী!
কিংবদন্তির তালিকায় মেসির ঠাঁই নিশ্চিতই। নায়ক তো বটেই, এখন নেতাও। ওই শেষটাই শুধু দাঁড়িয়ে এই শতাব্দীর আর্জেন্টাইন জিনিয়াস আর গত শতাব্দীর আর্জেন্টাইন জিনিয়াসের মাঝে—বিশ্বকাপ জয়! একটাই পার্থক্য, এবং সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্যও!
অনেকের দৃষ্টিতে ম্যারাডোনা সব সময়ই এগিয়ে ছিলেন এবং থাকবেন। মেসি বিশ্বকাপ জিতলেও। স্কিল বা ব্যক্তিগত প্রতিভা-সামর্থ্য-নৈপুণ্যে নয়, ম্যারাডোনাকে এগিয়ে রাখা হবে তাঁর খেলা দলগুলোর কারণেই। ম্যারাডোনাকে ছাড়া কি নাপোলি সে সময় সিরি আ জিততে পারত? অসম্ভব। মেসিকে ছাড়া বার্সা লা লিগা? হয়তো, খুবই সম্ভব। জাতীয় দলের ক্ষেত্রেও একই প্রশ্ন সব সময় উঠতেই থাকবে, যদি না মেসি বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরতে পারেন।

১৯৮৬ বিশ্বকাপে ম্যারাডোনা ছিলেন অনুপ্রেরণাদায়ী অধিনায়ক, সত্যিকারের নেতা। ব্রাজিলে এবার মেসিও সেই একই ভূমিকায়। ২৮ বছর আগে নকআউট পর্বেই সবচেয়ে বেশি জ্বলে উঠেছিলেন ম্যারাডোনা। ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ঈশ্বরের হাত দিয়ে গোল করার পর ম্যারাডোনা দেখিয়েছিলেন আসল ঐশ্বরিক ক্ষমতা, করেছিলন বিশ্বকাপ ইতিহাসের সেরা গোল। অসাধারণ আরেকটি গোলসহ জোড়া গোল করেছিলেন সেমিতে বেলজিয়ামের বিপক্ষেও। মেসি কোয়ার্টারে বেলজিয়ামের বিপক্ষে গোল পাননি, দ্বিতীয় রাউন্ডে সুইজারল্যান্ডের বিপক্ষেও না। তবে সম্ভাবনা শেষ হয়ে যায়নি। আজ থাকছে সুযোগ, জিতলে ফাইনালেও।
আর্জেন্টিনার জার্সিতে দুজনেরই ম্যাচসংখ্যা এখন ৯১। গোল যদিও ম্যারাডোনার চেয়ে আটটি বেশি মেসির (৪২)। বিশ্বকাপ পারফরম্যান্সেও দুজন কাছাকাছি। ম্যারাডোনার ২১ ম্যাচে ৮ গোল, মেসির ১৩ ম্যাচে ৫। তবে যথারীতি সব তুলনা, তর্ক থমকে যায় একটি জায়গায় এসেই। ম্যারাডোনা বিশ্বকাপ ট্রফি ছুঁয়েছেন, আরেকবার চলে গিয়েছিলেন একেবারে কাছাকাছি। মেসি দুটোর কোনোটাই এখনো পারেননি।
১৮০ মিনিট পর সেই ট্রফির ছোঁয়ায় হাসতে পারেন মেসি।
অথবা, ‘বিশ্বকাপ না জেতা সেরা ফুটবলারদের একজন’ তকমা সঙ্গী করে থাকতে হবে আগামী চার বছর। কে জানে, হয়তো আজীবনই!