দূরদিগন্তে দৃষ্টি থিয়াগো সিলভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থিয়াগো সিলভার স্বপ্নটা অনেক বড়। তিনি প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে চ্যাম্পিয়নস লিগ জিততে চান। জিততে চান নিজের দেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপটাও। তাঁর মতে, ২০১৪ সালে যদি এই দুটো সাফল্যের পালক তাঁর ক্যারিয়ারে যুক্ত হয়, তবে তা হবে একটা অভাবনীয় ও আনন্দময় ব্যাপার।আপাতত, তাঁর সাফল্য-ভাগ্য খুব একটা খারাপ নয়। ফরাসি লিগ জয়ের পথে অনেকটাই এগিয়ে গেছে তাঁর দল পিএসজি। এই মুহূর্তে নিজের লক্ষ্যটা তিনি করতে চান দিগন্ত-বিস্তৃত।থিয়াগো সিলভার মতে, চ্যাম্পিয়নস লিগ কিংবা বিশ্বকাপ জেতাটা সহজ কোনো বিষয় নয়। ইউরোপে কোনো ক্লাবের হয়ে মৌসুম-সেরা হওয়ার চেয়েও চ্যাম্পিয়নস লিগ ও বিশ্বকাপ জেতা অনেক বেশি কঠিন। তিনি বলেন, এই লক্ষ্যে হাঁটতে হলে প্রয়োজন সর্বোচ্চ মনোযোগ ও অধ্যবসায়।সিলভা আরও বলেন, লক্ষ্যটা অনেক কঠিন হলেও কোনোকিছুই তাঁকে লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না।সিএনএনের সঙ্গে এক আলাপচারিতায় থিয়াগো সিলভা বলেন, ‘এই লক্ষ্যের পথে অনেক কাঁটা। সব বাধা-বিপত্তি দুই হাতে ঠেলে সরিয়েই আমাদের সেই পথে হাঁটতে হবে।’ফরাসি লিগে পিএসজির সাফল্য তাঁকে একেবারেই অবাক করেনি বলে জানিয়েছেন থিয়াগো সিলভা। তিনি বলেন, পিএসজির এই সাফল্যের পেছনে রয়েছে অনেক পেশাদারের অবদান। লিওনার্দোর মতো অনেকেই পিএসজিকে নিয়ে গেছেন সাফল্যের পথে।ফরাসি লিগ জেতার পর থিয়াগো সিলভা নিবিষ্ট হতে চান চ্যাম্পিয়নস লিগ জয়ের লক্ষ্যে। তাঁর মতে, ‘ব্যাপারটা কঠিন। আমরা আসলেই সফল হতে পারব কি না, তা নিয়ে সন্দেহ থাকবে। কিন্তু আমাদের পিছিয়ে গেলে হবে না।’আগামী বছরই নিজ দেশ ব্রাজিলে বসবে বিশ্বকাপের আসর। বিশ্বকাপ নিয়ে এখনই স্বপ্ন দেখা শুরু করেছেন থিয়াগো সিলভা।

সিলভার মতে, ‘ব্রাজিলে যেহেতু বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, সেহেতু বিশ্বকাপ জেতা ছাড়া আমাদের কোনো উপায় নেই। শিরোপা জেতার বাইরে যেকোনো ফলই জাতীয় ব্যর্থতা হিসেবে ধরা হবে।’ সিলভা বলেন, ‘ব্রাজিলের গণমাধ্যম প্রতিদিনই মনে করিয়ে দিচ্ছে ১৯৫০ সালের বিশ্বকাপের কথা।’ ওই বছরই ব্রাজিলে সর্বশেষ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। সেবার ফাইনালে কানায় কানায় পূর্ণ মারকানা স্টেডিয়ামে ব্রাজিল ২-১ গোলে হেরে গিয়েছিল উরুগুয়ের কাছে।

সিলভা বলেন, ‘প্রতিদিনই আমি বিশ্বকাপ নিয়ে ভাবছি। বিশ্বকাপ সামনে রেখে নিজের মনোযোগ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

লুইস ফিলিপ্পে স্কলারির ফেরাকে স্বাগতই জানাচ্ছেন থিয়াগো সিলভা। ব্রাজিলকে ২০০২ সালের বিশ্বকাপ জেতানো স্কলারি আবার নতুন করে দায়িত্ব নিয়েছেন দলের। থিয়াগো সিলভা বলেন, ‘আমাকে স্কলারির ব্যক্তিত্বটাই সবচেয়ে বেশি আকর্ষণ করে।’

স্কলারিকে এককথার মানুষই মনে হয়েছে থিয়াগো সিলভার। তিনি বলেন, ‘এই কোচের কাছে বাড়তি কোনো খাতির নেই। যদি ভালো খেলেন তো আপনি মাঠে আছেন; যদি খারাপ খেলেন তো আপনাকে ডাগ আউটে চলে যেতে হবে। বেঞ্চে বসে আপনি যদি অনুশীলনে ভালো করেন, তাহলে আপনার ফেরাতেও কোনো বাধা নেই।’

২০১৪ সালে ব্রাজিলের বিশ্বকাপ মিশনে দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছেন থিয়াগো সিলভা। তিনি রক্ষণব্যুহে দলের ভরসা। কিন্তু দলের লক্ষ্যের অনেকটাই নির্ভর করছে তারকা স্ট্রাইকার নেইমারের ওপর, সেটা বলতে ভোলেননি থিয়াগো সিলভা।

সিলভা বলেন, ‘নেইমার আমাদের আশা-ভরসার কেন্দ্রে। তবে আমার মাঝেমধ্যে খারাপ লাগে, এই খেলোয়াড়টিকে অনেক সময়ই অন্যায় সমালোচনার শিকার হতে হয়, যা দলের জন্য ভালো নয়।’ সূত্র: গোল ডটকম।