দূরের লক্ষ্য নিয়েই ঢাকায় হেলমট
আগেরবার চুক্তি করেও দায়িত্ব নিতে আসেননি। হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার পর ভয় জেঁকে বসেছিল তাঁর মনে। তবে এখন আর সেই ভয় নেই সাইমন হেলমটের। বিসিবির হাইপারফরম্যান্স স্কোয়াডের প্রধান কোচের দায়িত্ব নিতে পরশু রাতেই ঢাকা পৌঁছেছেন।
২৪ ক্রিকেটারকে নিয়ে এইচপির ট্রেনিং ক্যাম্প কালই শুরু করে দিয়েছেন হেলমট। মিরপুরের একাডেমি মাঠে দাঁড়িয়ে কাল জানালেন নতুন দায়িত্ব নিয়ে তিনি রোমাঞ্চিত, ‘বাংলাদেশে এসে হাইপারফরম্যান্স স্কোয়াডের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি, খুবই ভালো লাগছে। জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে আমি অনেক দিন ধরে চিনি। এ ছাড়া গত কয়েক বছর আইপিএলের দল সানরাইজার্সের সঙ্গে থাকা মোস্তাফিজ ও বিগ ব্যাশে খেলা সাকিবের সঙ্গেও ভালো জানাশোনা আছে। এখানে ভবিষ্যতের খেলোয়াড় তৈরির দিকে মনোযোগ দেব আমি।’
এ বছরই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফর করবে বিসিবির হাইপারফরম্যান্স দল। আপাতত সে লক্ষ্যেই কাজ করবেন হেলমট। তবে তাঁর সুদূরপ্রসারী লক্ষ্য ২০১৯ বিশ্বকাপের জন্য পাইপলাইনে আরও খেলোয়াড় সরবরাহ, ‘আমরা তিন সংস্করণের জন্যই খেলোয়াড় তৈরি করব, যাতে আগামী ১০-২০ বছর পর বাংলাদেশের ক্রিকেট ভালো একটা অবস্থানে থাকে।’