দৃশ্যপটে বুকানন
সম্প্রতি ঘটে যাওয়া অস্ট্রেলিয়ার ‘হোমওয়ার্কগেট’ কেলেঙ্কারি নিয়ে সমালোচনা হয়েছে অনেক। ক্রিকেট-বোদ্ধা ও সাবেক ক্রিকেটাররা ক্রিকেট অস্ট্রেলিয়া ও কোচ মিকি আর্থারকে ধুয়ে দিয়েছেন। সমালোচনা অব্যাহত আছে এখনো। এরই মধ্যে ইতিহাসের নজিরবিহীন ওই ঘটনা নিয়ে জন বুকানন দিলেন অন্য রকম এক তত্ত্ব। অস্ট্রেলিয়ার সাবেক কোচ বলছেন, চার খেলোয়াড়কে বরখাস্ত করার ঘটনায় কোচ মিকি আর্থার অ্যাশেজের ‘নায়ক’ও হতে পারেন, অথবা হারাতে পারেন চাকরিটাই!মোদ্দা কথা, অস্ট্রেলিয়া দলের লাভ যদি কিছু হয়, তার পুরস্কার যেমন কোচ আর্থার পাবেন, তেমনি খারাপ ফল বয়ে আনলে তার দায়টাও শোধ করতে হবে আর্থারকেই। তবে বুকাননের উপলব্ধি, ঘটনাটা শেষ পর্যন্ত দলের জন্য বয়ে আনতে পারে অসাধারণ কিছু।ভারত সফরে এসে খাবি খাচ্ছে অস্ট্রেলিয়া। প্রথম দুই টেস্টেই মাইকেল ক্লার্কের দল হেরেছে অসহায়ভাবে। এ থেকে বেরিয়ে আসার আশায় মোহালির মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাই খেলোয়াড়দের কাছে তিনটি পয়েন্ট জানতে চেয়েছিলেন আর্থার। অন্যরা পয়েন্ট জমা দিলেও কোচের ডাকে সারা দেননি চারজন—শেন ওয়াটসন, মিচেল জনসন, জেমস প্যাটিনসন ও উসমান খাজা। এর খেসারত দিতে হয়েছে বরখাস্ত হয়ে। অথচ মোহালি টেস্টে খেলার কথা ছিল চারজনেরই। বুকানন বলছেন, ‘এক দিকে এর ফলটা হতে পারে অসাধারণ অথবা হতে পারে এর বিপরীতও। এর মাঝামাঝি কিছু হবে বলে আমি মনে করি না।’ ১৯৯৯ থেকে ২০০৭—অস্ট্রেলিয়ার কোচ ছিলেন দীর্ঘ আটটি বছর। অস্ট্রেলিয়া ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল সময়টা পার করেছে তাঁর সময়েই। চলতি বিতর্ক নিয়ে বুকাননের ব্যাখ্যা, ‘বার্তাটা সঠিক কিনা বা তাদের কাছে সঠিকভাবে পৌঁছানো হয়েছে কিনা, সেটা পরিষ্কারভাবে বোঝা যাবে তখনই, যখন অস্ট্রেলিয়া দলে পরিবর্তন আসবে এবং বোঝা যাবে অস্ট্রেলিয়া দল হিসেবে এককাট্টা হলো কি না, অথবা আছে আগের মতোই।’ ওয়েবসাইট।