দৃষ্টি এবার এশিয়া কাপে
এশিয়া কাপ হকিতে খেলার যোগ্যতা পরীক্ষায় এবারও পাস করেছে বাংলাদেশ। অথচ এই এশিয়া কাপের জন্য বাছাইপর্ব খেলতে হবে, এমনটা কল্পনাও করতে পারতেন না খাজা রহমতউল্লাহ, মাহবুব হারুনরা। গত আশি ও নব্বইয়ের দশকের প্রথম ভাগে রহমতউল্লাহ-হারুনরা যখন খেলতেন, বাংলাদেশ এশীয় র্যাঙ্কিংয়ে পাঁচ-ছয়ে থাকত। এশিয়া কাপে খেলত সরাসরি। এখন বাংলাদেশকে বাছাইপর্বে খেলতে হয়। ফেডারেশনের সাধারণ সম্পাদক রহমতউল্লাহ ও জাতীয় দলের কোচ হারুন সত্যটাকে মেনেও নিয়েছেন।পরশু গভীর রাতে ব্যাংকক থেকে এএইচএফ কাপ চ্যাম্পিয়ন হয়ে ফেরা বাংলাদেশ দলকে পুরোনো চেহারায় দেখতে চান সবাই। অধিনায়ক রাসেল মাহমুদের (জিমি) কথা, ‘গতবারও ভেবেছিলাম, এবারের ভাবনাটাও এক। কীভাবে পারফরম্যান্সটা ধরে রাখতে পারি! কিন্তু কাজের কাজ কিছুই হয় না। আমরা চাই, আর যেন বাছাইপর্ব খেলতে না হয়।’ কোচ মাহবুব হারুন চান, এশিয়া কাপেই ভালো কিছু করুক বাংলাদেশ। তাঁর কথা, ‘ঢাকার মাঠে অথবা দেশের বাইরে গিয়ে হলেও অন্তত কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে। না হলে যেতে হবে প্রতিপক্ষ সম্পর্কে কোনো ধারণা ছাড়াই। এ ছাড়া এশিয়া কাপ শুরুর অন্তত পাঁচ-ছয় মাস আগে থেকেই ক্যাম্প শুরু করা উচিত।’ এ ব্যাপারে খাজা রহমতউল্লাহর দ্বিমত নেই। কিন্তু এ জন্য সবার আগে আর্থিক পৃষ্ঠপোষকতা চান তিনি, ‘এই সাফল্য ধরে রাখতে হলে সবার আগে চাই স্পনসর। আশিয়ান সিটির কাছে এরই মধ্যে বড় অঙ্কের একটা বাজেট দিয়েছি। ওরা রাজি হলে আমরা এশিয়া কাপের প্রস্তুতি শুরু করব।’ ক্যাম্পের পাশাপাশি ভারতের কিছু ক্লাবের সঙ্গে বেশ কিছু প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনার কথাও জানিয়েছেন। একজন বিদেশি কোচেরও সন্ধান চালাচ্ছে ফেডারেশন।এএইচএফ কাপ জয়ের সুখস্মৃতি নিয়ে সরাসরি ব্যাংকক থেকে জার্মানিতে লিগ খেলতে গেছেন মশিউর রহমান, ইমরান হোসেন ও কামরুজ্জামান। দেশে ফিরেছেন অন্যরা। কিন্তু এই সুখস্মৃতি নিয়েই হাত গুটিয়ে বসে থাকতে চান না রাসেল, মামুনুর, আসাদুজ্জামানরা।