দৃষ্টিপ্রতিবন্ধীদের টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বেঙ্গালুরুতে আগামী ২ ডিসেম্বর শুরু হচ্ছে দৃষ্টিপ্রতিবন্ধীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট। আজ বনানী আর্মি স্টেডিয়ামে দলটি একটি বাছাই ম্যাচ খেলবে নিজেদের মধ্যে। এই ম্যাচটাই ৩৭ জনের প্রাথমিক দল থেকে চূড়ান্ত করবে ১৭ জনের দল। বাংলাদেশ ছাড়াও টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।খেলা হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। টুর্নামেন্টের সেরা চার দল খেলবে সেমিফাইনালে। ২ ডিসেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচ নেপালের সঙ্গে। বাংলাদেশ এরপর ৪ ডিসেম্বর ইংল্যান্ড, ৫ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা, ৬ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজ, ৭ ডিসেম্বর অস্ট্রেলিয়া, ৮ ডিসেম্বর পাকিস্তান, ৯ ডিসেম্বর ভারত ও ১০ ডিসেম্বর খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। ফাইনাল ১৩ ডিসেম্বর। আজ ক্রিকেট ম্যাচের আগে আর্মি স্টেডিয়ামে খেলোয়াড়দের উৎসাহ দিতে গান গাইবেন শিল্পী মমতাজ। থাকবেন চিত্রনায়ক ফেরদৌস ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি নাজমুল হাসান। আয়োজনের পৃষ্ঠপোষক বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল (বিবিসিসি) ও ডিজঅ্যাবল রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন (ডিআরআরএ)। কাল এ উপলক্ষে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানান বিবিসিসির পরিচালক জওয়াহেরুল ইসলাম। উপস্থিত ছিলেন বাংলাদেশ দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেট দলের অধিনায়ক হাফিজুর রহমান ও ডিআরআরএর নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন প্রমুখ।