দেউলিয়া লোলিত মোদি
প্রায় দুই বছর ধরে ইংল্যান্ডে নির্বাসিত জীবন কাটাচ্ছেন ললিত মোদি। ২০০৮ সালে যাঁর পরিকল্পনা থেকে জন্ম নিয়েছিল এ সময়ের জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ, সেই আইপিএল তাঁকে দেখতে হচ্ছে টেলিভিশনে বা ইউটিউবের ভিডিওতে। ভারতীয় ক্রিকেট বোর্ড ও ভারত সরকারের বেশ কয়েকটি মামলার বোঝা মাথায় নিয়েও নিস্তার মেলেনি ললিত মোদির। সম্প্রতি লন্ডন আদালতেও তাঁর বিরুদ্ধে চলছে দুইটি মামলা। একটি মামলায় ইতিমধ্যে দেউলিয়াও ঘোষণা করা হয়েছে আইপিএলের এই স্থপতিকে। তবে এই বিরূপ পরিস্থিতির মধ্যেও একেবারেই দমে যাননি ললিত মোদি। বরং বরাবরের মতো স্পর্ধিত সব মন্তব্য করে যাচ্ছেন তিনি। শুধু পার্থক্যটা হচ্ছে, এখন বদলেছে তাঁর মন্তব্য প্রকাশের জায়গাটা।আগাগোড়াই খোলাখুলি ও আগ্রাসি সব মন্তব্য করার জন্য কুখ্যাতি কুড়িয়েছেন লোলিত মোদি। তাঁর সেই অভ্যাসটা এখনও সেই রকমই আছে। তবে এখন মোদির সে সব মন্তব্য প্রকাশের জায়গাটা হয়েছে তাঁর নিজস্ব ওয়েবসাইট (www.Lalitmodi.com) ও বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট। সম্প্রতি চলমান আইপিএলের পঞ্চম আসর নিয়ে অনেক অসন্তোষ প্রকাশ করেছেন মোদি। উদ্বোধনী অনুষ্ঠানটা কোনো স্টেডিয়ামে না করে চেন্নাইয়ের ওয়াইএমসিএ মাঠে আয়োজন করাটা একেবারেই মেনে নিতে পারেননি তিনি। এ প্রসঙ্গে ক্ষোভ জানিয়ে নিজের টুইটারবার্তায় তিনি বলেছেন, ‘সত্যি কথা হচ্ছে, এ রকম একটা প্রতিযোগিতার শুরুটা যে এভাবে হতে পারে, এটা ভেবে আমি প্রচণ্ড মর্মাহত। উদ্বোধনী অনুষ্ঠানটা এভাবে আয়োজন করার সময় বিসিসিআই কী ভেবেছিল?’ জমকালো এই উদ্বোধনী অনুষ্ঠানটি কোনো স্টেডিয়ামে আয়োজন করলেই সেটা অনেক অর্থবহ হয়ে উঠত বলে অভিমত লোলিত মোদির। এ সব মন্তব্য দেখে অনেকেরই মনে হতে পারে যে, তাঁকে আইপিএল থেকে বহিস্কার করা হয়েছে বলেই তিনি এখন সমালোচনার ডালি খুলে বসেছেন। কিন্তু ব্যাপারটা যে এরকম নয়, বরং আইপিএলের প্রতি তাঁর যথেষ্ট আগ্রহ ও ভালোবাসা আছে সেটাও সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন মোদি। এপ্রিলের ২ তারিখে নিজের ব্লগে তিনি লিখেছেন, ‘আমি সবসময়ই আইপিএলের দিকে দৃষ্টি রেখে যাব। আমি আগেও এই প্রতিযোগিতাটি নিয়ে যেমন গর্ব বোধ করতাম, এখনো সে রকমটাই করি।’সময়টা মোদির এই মুহূর্তে একেবারেই ভালো যাচ্ছে না। কিছুদিন আগেই সাবেক নিউজিল্যান্ড অলরাউন্ডার ক্রিস কেয়ার্নসের বিপক্ষে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ করে মামলা ঠুকে হেরেছেন মোদি। ২০১০ সালের এপ্রিলে দুর্নীতি ও অর্থ তছরূপের অভিযোগ এনে মামলা দায়ের করা হয় লোলিত মোদির বিরুদ্ধে। আর সেই বছরের সেপ্টেম্বরে তাঁকে আনুষ্ঠানিকভাবে বহিস্কার করা হয় আইপিএল ও ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে। বেশ কয়েকটি মামলায় তাঁকে আদালতে হাজির হওয়ার আদেশ দেওয়া হলেও সেখানে সশরীরে উপস্থিত হননি মোদি। ভারতে তাঁর জীবন খুবই অনিরাপদ এবং প্রায়ই তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, এমন অজুহাত দেখিয়ে গত বছর মে মাসে লন্ডনে পাড়ি জমান আইপিএলের এই সাবেক কমিশনার। মুম্বাইয়ের অপরাধ জগত্, বিশেষত দাউদ ইব্রাহিমের কাছ থেকে এই হুমকি পেয়েছিলেন বলে জানান মোদি। তবে এসব কথা একেবারেই বিশ্বাস করেন না তাঁর প্রতিদ্বন্দ্বীরা। ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি এন শ্রীনিবাসনের বিশ্বাস, এসব কথা তিনি বলেছেন ভারতের আইনের হাত থেকে পালিয়ে বাঁচার জন্য। তবে হতে পারে মোদির কথা একেবারেই অমূলক নয়। কারণ এখন পর্যন্ত তিনি লন্ডনে নিজের বাসভবনের ঠিকানাটা প্রকাশ্যে কাউকে জানান না। গণমাধ্যমের সঙ্গেও তাঁর যেটুকু কথাবার্তা, সেটাও অনলাইনে। ২০১০ সালে লন্ডনে যাওয়ার পর একটা নিরাপত্তা প্রদানকারী প্রতিষ্ঠান পেজ গ্রুপকেও নিজের নিরাপত্তায় নিয়োগ দিয়েছিলেন তিনি। আর দুই বছর পরে সেইটাই কাল হয়েছে লোলিত মোদির জন্য। ভারতীয় আইনের হাত থেকে আপাতত দূরে সরে থাকতে পারলেও ললিত মোদি এখন পড়ে গেছেন ব্রিটিশ আইনের গ্যাঁড়াকলে। পেজ গ্রুপ নিরাপত্তা দেওয়া বাবদ তাঁর কাছে পাবে প্রায় ৬৫ হাজার পাউন্ড। পাওনা আদায়ের জন্য মামলাও ঠুকে দিয়েছে তারা। আর লন্ডন কোর্ট ইতিমধ্যে দেউলিয়াও ঘোষণা করেছেন মোদিকে।তবে এত দুরাবস্থার মধ্যেও একেবারেই ভেঙে পড়েননি লোলিত মোদি। নিজের ওয়েবসাইট আর ফেসবুক-টুইটারে প্রতিনিয়তই প্রকাশ করে যাচ্ছেন নিজস্ব অবস্থান-মতামত। দেশের প্রতিও ভালোবাসার কোনো ঘাটতি নেই বলে দাবি তাঁর। মোদির ভাষায়, ‘আমি একজন দেশপ্রেমিক ভারতীয় নাগরিক।’ আইপিএলও একটা বড় জায়গা জুড়ে রয়েছে মোদির হূদয়ে। গত ২ এপ্রিল তিনি নিজের ব্লগে লিখেছেন, ‘আমি আইপিএলের সঙ্গে যুক্ত থাকতে পারছি না, এটা আমার জন্য খুবই হতাশা ও দুঃখজনক।’ কিন্তু বাস্তবতা হচ্ছে, মোদিকে হয়তো আরও বেশ কিছুদিন এই ‘হতাশা ও দুঃখজনক’ জীবনই কাটাতে হবে। ইন্ডিয়া টুডে অবলম্বনে