দেখা দিল ‘সন্ন্যাসী কোরিয়া’
অজ্ঞাত সন্ন্যাস বাস বুঝি শেষ হলো। অবশেষে দেখা দিল তারা বিশ্বকাপের রঙ্গমঞ্চে! হ্যাঁ, সন্ন্যাসভাবটা ঝেড়েঝুড়ে মুখ খুলেছে উত্তর কোরিয়া ফুটবল দল। সাংবাদিক আর সংবাদমাধ্যমকে এড়িয়ে চলা এশিয়ার দেশটি অবশেষে গত মঙ্গলবার জোহানেসবার্গের পাশে মাখুলঙ স্টেডিয়ামে বসেছিল সাংবাদিকদের সামনে। সাংবাদিকদের প্রতি এই অরুচির কারণেই যাদের নাম হয়ে গেছে ‘সন্ন্যাসী দল’।শুধু দেখা দিয়েই ক্ষান্ত নয়, সংবাদ সম্মেলনে রীতিমতো আলোড়ন তুলে ফেলল উত্তর কোরিয়া। এ রকম হুমকিই দিল গ্রুপ ফেবারিট ব্রাজিলের উদ্দেশে। ব্রাজিল সমর্থকেরা তৈরি থাকুন। কারণ আপনাদের মন ভাঙ্গতেই নাকি আসছে ১৯৬৬-র চমক উত্তর কোরিয়া!জং তায়ে-সে। তাঁকে এশিয়ার ওয়েইন রুনি বলেই চেনে সবাই। জাপানের জে-লিগে খেলা এই খেলোয়াড় বলছেন, ‘আমরা উত্তর কোরিয়া সম্পর্কে পুরো ধারণাটাই পাল্টে দেব এবার। আমাদের আশা, ব্রাজিলের বিপক্ষে জিতে যাব আমার। সবাই ভাবছে, আমরা তাদের সঙ্গে গোহারা হারব। কিন্তু না, আমাদের মনে আছে বল আর দলে আছে তেজ!’ জংদের এই উদ্দীপনার উৎস নাকি জার্মানি! জার্মানির টিম স্পিরিটকে সামনে রেখেই তারা আশায় বুক বাঁধছেন।বিশ্বকাপে এবার ‘জি’ গ্রুপে উত্তর কোরিয়ার সঙ্গে মাঠের লড়াইয়ে ব্রাজিলের পাশাপাশি থাকছে আইভরিকোস্ট এবং পর্তুগাল। গ্রুপে এমন রথী-মহারথীদের সঙ্গে নিজেদের লড়াই। তার পরও জং মোটেও ভীত নন। প্রতিপক্ষকে নাকাল করতে নিজেদের সেরাটুকু উজাড় করে দেবেন বলেই জানালেন দলের এই সবচেয়ে বড় তারকা। বলেছেন, আপাতত তাদের লক্ষ্য কোয়ার্টার ফাইনাল। ১৯৬৬ বিশ্বকাপের রূপকথার পুনরাবৃত্তি।১৯৬৬ সালের সেই চমক জাগানো বিশ্বকাপটিকেই যে তাদের অনুপ্রেরণার উৎস, সেটি না বলে দিলেও চলত। জং বলেই ফেললেন, ‘আমি বেড়েই উঠেছি ১৯৬৬-র সেই বিশ্বকাপের ভিডিও দেখে দেখে। তাই আমি চাই, সেটার থেকেও ভালো কিছু করব এবার। আর আমি আমার প্রতিজ্ঞানুযায়ী প্রতি ম্যাচে অন্তত একটি করে গোল করতে চাই।’দেখা যাক, প্রতিজ্ঞার কতটুকু পূরণ করেন জং ও তাঁর উত্তর কোরিয়া। ওয়েবসাইট।