দেখা মিলল আসল রিয়ালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লা লিগায় বার্সেলোনার প্রথম পরাজয়ই কি উদ্দীপ্ত করল রিয়াল মাদ্রিদকে? না হলে রিয়াল সোসিয়েদাদের কাছে বার্সার হারের ঠিক পরদিনই প্রতিপক্ষকে কীভাবে এমন বিধ্বস্ত করতে পারে বর্তমান চ্যাম্পিয়নরা? ভ্যালেন্সিয়াকে তাদের মাঠ মেস্তালায় গিয়েই পরশু ৫-০ গোলে হারিয়েছে মরিনহোর দল। এই পাঁচ গোলের সব কটিই আবার প্রথমার্ধে দেওয়া। ভ্যালেন্সিয়াকে তাদের মাঠে সবচেয়ে বড় পরাজয় উপহার দেওয়া দুর্দান্ত জয়ে মৌসুমের প্রথম ভাগের দুঃস্বপ্নকে পেছনে ফেলার বার্তাও হয়তো রোনালদোরা দিয়ে রাখলেন।৯ মিনিটে গঞ্জালো হিগুয়েইনের প্রথম গোল। এরপর ৩৪ থেকে ৪৫—এই ১১ মিনিটের মধ্যেই অ্যাঙ্গেল ডি মারিয়া ও ক্রিস্টিয়ানো রোনালদোর দুটি করে গোল। ম্যাচের ভাগ্য নির্ধারিত ওখানেই। তখন প্রশ্ন ছিল একটাই, আর কয়টি গোল হজম করতে হয় ভ্যালেন্সিয়াকে। কিন্তু দ্বিতীয়ার্ধে আর কোনো গোলই পেল না রিয়াল। এই জয়ের পর চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে ব্যবধানটা ১৮ থেকে ১৫ পয়েন্টে নামিয়ে আনা গেছে। ২০ ম্যাচে ৪০ পয়েন্ট পাওয়া রিয়ালের ওপরে আছে অ্যাটলেটিকো মাদ্রিদও (৪৭ পয়েন্ট)। একই দিন অ্যাটলেটিকো আদ্রিয়ান ও কোকের দুই গোলে হারিয়েছে (২-০) লেভান্তেকে।২০১০ সালে মরিনহো বার্নাব্যুতে কোচ হয়ে আসার পর পরশুই প্রথমার্ধে সবচেয়ে বেশি গোল দিতে পারল রিয়াল। প্রতি-আক্রমণে ক্ষুরধার রোনালদো ও ডি মারিয়া, সাম্প্রতিক চোটকে পেছনে ফেলার ইঙ্গিত স্ট্রাইকার হিগুয়েইনের, আর মেসুত ওজিলের সৃজনশীলতা—সব মিলিয়ে পরশু যেন গত মৌসুমের সেই দুর্দান্ত রিয়ালেরই দেখা মিলল। এই মৌসুমে নিজেদের সেরা পারফরম্যান্স অনেক দিন পর দলটির ড্রেসিংরুমের বিবাদ-বিভাজনের খবরকে প্রথম পৃষ্ঠা থেকে সরিয়ে দিয়েছে। ক্রীড়া দৈনিক এএস রিয়ালের বড় জয়টির শিরোনাম করেছে, ‘ফিরে এল মহান মাদ্রিদ।’মাঠের দুই গোলেই ছিল জবাব, মাঠ থেকে বেরিয়ে ডি মারিয়া মুখেও যেন জবাব দিয়েছেন সমালোচকদের, ‘আমি খুব ভালো একটি ম্যাচ খেলেছি। এটাই কিছু লোককে তাদের মুখ বন্ধ রাখতে বাধ্য করবে।’ তবে আর্জেন্টাইন মিডফিল্ডারের ‘এই কিছু লোকের’ তালিকায় মরিনহো যে নেই সেটি স্পষ্ট করে দিয়েছেন। গত সপ্তাহে ওসাসুনার সঙ্গে ড্র করার পর কোচের সমালোচনার তিরে বিদ্ধ হওয়া ডি মারিয়া টেলিভিশন চ্যানেল ক্যানাল প্লাসকে বলেছেন, ‘তিনি (মরিনহোর) যেটা বলার সেটাই বলেছেন। আর আমরা সবাই জানি, ব্যাপারটাকে কীভাবে নিতে হয়।’আগামী বুধবার আবার কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ খেলতে মাস্তেলায় ফিরতে হবে রিয়ালকে। গত মঙ্গলবার প্রথম লেগে ২-০ গোলে জেতা দলটি এখন ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয়ের হ্যাটট্রিকের সামনে।ওদিকে পরশুর জয়টি নিয়ে এবারের লিগে ঘরের মাঠে খেলা ১০ ম্যাচেই জিতল অ্যাটলেটিকো। সব প্রতিযোগিতা মিলিয়ে ভিসেন্তে কালদেরনে টানা ১৮ জয়ে ছুঁয়েছে নিজেদের পুরোনো রেকর্ডটা। ১৯৩৯-৪০ ও ১৯৪০-৪১ মৌসুমেও ঘরের মাঠে টানা ১৮ ম্যাচ জিতেছিল অ্যাটলেটিকো। এএফপি, রয়টার্স। সিমিওনের জন্য দুঃসংবাদ হয়ে এসেছে রাদামেল ফ্যালকাওয়ের চোট। পরশু হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছেড়ে যাওয়া এই কলম্বিয়ান স্ট্রাইকারকে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অবশ্য অ্যাটলেটিকো জানিয়েছে, তাঁর চোট তেমন গুরুতর নয়। ১৮ গোল করে রোনালদোর সঙ্গে লা লিগায় যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ফ্যালকাওকে হারিয়ে ফেলা শিরোপা-স্বপ্ন দেখা দলটির জন্য বড় আঘাত।