দেখা মিলল ১২ সেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এয়ারটেল রাইজিং স্টারস প্রতিযোগিতার ১২০ খুদে ফুটবলারের মধ্যে সবচেয়ে ক্ষীণকায় মশিউর রহমান। এসেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে। মশিউর এ প্রতিযোগিতায় নাম লেখাতে রংপুরে গিয়েছিল সকালে না খেয়ে। ঘরে খাবার ছিল না! মা মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, ‘ভালো খেলিস বাবা!’ কাল ম্যানচেস্টার ইউনাইটেড সকার স্কুলের চার কোচ জানিয়ে দিলেন প্রতিযোগিতার চূড়ান্ত ফল। মশিউরের নাম আছে।
অষ্টম শ্রেণীপড়ুয়া মশিউর পেল ওল্ড ট্রাফোর্ডে যাওয়ার টিকিট! উড়োজাহাজে সে সঙ্গী পাচ্ছে ঢাকা, খুলনা ও দিনাজপুর বিকেএসপির শিক্ষার্থী মোস্তাজেব খান, মাউদুদ হোসেন, ইমন বিশ্বাস, সোহানুর রহমান; নারায়ণগঞ্জের অনীক হোসেন, রাজশাহীর নাঈম ইসলাম, মৌলভীবাজারের মাহবুবুর রহমান (সুফিল), রাজশাহীর সাব্বির হোসেন, যশোরের হাফিজুর রহমান, জামালপুরের সোলায়মান হক ও খোকন মিয়াকে।
গত বছরের ২১ আগস্ট শুরু হয় এয়ারটেল রাইজিং স্টারস প্রতিযোগিতার দ্বিতীয় আসর; ৯৯২টি স্কুলের প্রায় ১০ হাজার শিক্ষার্থীকে নিয়ে। দেশের সব জেলাকে ২৪টি কেন্দ্রে ভাগ করে নকআউট টুর্নামেন্টের মাধ্যমে বেছে নেওয়া হয় ১২০ জনকে। ১৯ ফেব্রুয়ারি থেকে বিকেএসপিতে শুরু হয় চূড়ান্ত পর্ব। প্রতিযোগিতার আয়োজক মুঠোফোন সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান এয়ারটেল, সহযোগী হিসেবে ছিল প্রথম আলো ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন। চ্যানেল আই, ইনডিপেনডেন্ট টেলিভিশন ও রেডিও ফুর্তি ছিল প্রচার সহযোগী।
গতকাল ফল ঘোষণার সময় মঞ্চে ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন, বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) এ বি এম রুহুল আজাদ, সহকারী পরিচালক (প্রশিক্ষণ) শামীমা সাত্তার, বাফুফের টেকনিক্যাল পরিচালক বায়জিদ জুবায়ের আলম, এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার রজনিশ কৌল, হেড অব মার্কেটিং মীর নওবত আলী ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। সেরা ১২ জনের নাম ঘোষণার আগে রবার্ট গিবসন বলছিলেন, ‘তোমরা যারা ওল্ড ট্রাফোর্ডে যাবে, ফিরে এসে বন্ধুদের জানাবে কী কী শিখলে। আর এখানকার সবাই জয়ী।’
সেরা ১২ জনের তালিকায় নাম নেই তো কী হয়েছে! বন্ধুদের সান্ত্বনাই দিচ্ছিল ১০৮ জনের একজন মাদারীপুরের আল আবিদ। ময়মনসিংহের নাহিদ হাসানের কাঁধে হাত রেখে বলছিল, ‘মন খারাপ করিস না, ফুটবল তো আর ছেড়ে দিচ্ছি না আমরা! ভালো খেললে আরও সুযোগ আসবে।’ আরেক দিকে তখন সান্ত্বনা দিয়েও থামানো যাচ্ছিল না নারায়ণগঞ্জের অনীককে। বছর দুয়েক আগে বাবা মারা গেছে। আজকের অনীক হয়ে ওঠার পেছনে বাবারই ছিল বড় ভূমিকা। প্রয়াত বাবার কথা মনে করেই অনীক অঝোরে চোখ ভিজিয়ে ফেলল সবার সামনে। ১২ জনের কেই-বা কাঁদেনি! মাউদুদ হোসেন কাঁদল বিকেএসপির শিক্ষক, সতীর্থ ও মা-বাবার কথা বলতে গিয়ে। মাঠে বসে বড় বড় শ্বাস ফেলে বলছিল, ‘একবার আম্মু হাসপাতালে, আমি লুকিয়ে ফুটবল খেলতে গিয়ে দেরি করে ফিরেছি। আব্বু কঠিন মার দিলেন, হাসপাতালে আম্মুকে দেখতে যেতে পারলাম না। সেদিন খুব কষ্ট পেয়েছিলাম। পরে অবশ্য আম্মু-আব্বুই আবার ফুটবলে উৎসাহ দিয়েছেন।’
তবে মোস্তাজেবের উৎসাহ ফুটো বল! বিকেএসপির এ শিক্ষার্থী বড় হয়েছে পুরান ঢাকায়। মাঠ বলতে আশপাশে ছিল লালবাগ কেল্লার পাশে ইটের খোয়াময় এক সমতলভূমি! ও বলল, ‘নতুন বল কিনে একটা কিক করলেই মাঠে থাকা লোহার শিকে বেঁধে ফেটে যেত। তার পরও আমরা খেলা চালিয়ে যেতাম। ঢাকায় আমাদের খেলার জন্য মাঠ দরকার।’
কঠোর পরিশ্রম করে এতটা পথ আসার জন্য খুদে ফুটবলারদের ধন্যবাদ জানালেন প্রতিযোগিতার আয়োজক এয়ারটেলের চিফ অপারেটিং অফিসার রজনিশ কৌল। সকার স্কুলের চার কোচের একজন লামি সোনোলা বললেন, ‘এয়ারটেলের এই আয়োজন নিশ্চয়ই ফুটবলপ্রেমী কিশোরদের দারুণ উজ্জীবিত করেছে। এখানকার কিশোরেরা সত্যিই অসাধারণ। ভালো সুযোগ-সুবিধা, অবকাঠামো এবং ভালো কোচ পেলে এরা নিশ্চয়ই দেশের মুখ উজ্জ্বল করবে।’
জামালপুরের ফুটবল কোচ সাদিকুর রহমানের মুখ উজ্জ্বল করেছে তাঁর দুই কৃতী শিষ্য—সোলায়মান ও খোকন। চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী ওরা। ছেলেবেলা থেকেই একসঙ্গে পড়াশোনা, ফুটবলের মাঠে দাপিয়ে বেড়ানো। ওদের আরেক সঙ্গী স্বপন অবশ্য ওল্ড ট্রাফোর্ডের টিকিট পায়নি। তবে এতটুকু মন খারাপ করেনি সে। দুই বন্ধু আগামী এপ্রিল মাসে ম্যানচেস্টার ইউনাইটেডে যাবে, সাত দিনের প্রশিক্ষণ নেবে, গ্যালারিতে বসে দেখবে তারকা ফুটবলারদের ম্যাচ—এটা তো তারও গর্ব। ‘আফসোস’নামক অনুভূতিটা এ বয়সেই বেশ ভালো আড়াল করতে শিখেছে সে!