দেখিয়ে দিতে চান মিসবাহ
কেউ ‘বিস্মিত’, কেউ ‘চমকিত’। তাঁর অধিনায়ক হওয়ার খবরটায় পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের গড়পড়তা প্রতিক্রিয়ায় ইতিবাচক কিছু খুঁজে পাওয়া মুশকিল। খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ডও তো আকারে-প্রকারে বুঝিয়ে দিয়েছে, উপায় না পেয়েই অধিনায়ক করা হয়েছে মিসবাহ-উল হককে।মিসবাহর কানেও পৌঁছে গেছে এসব প্রতিক্রিয়া। আর তাই অনেকটা চ্যালেঞ্জের সুরেই পাকিস্তানের নতুন টেস্ট অধিনায়ক বলছেন, প্রথম সিরিজেই নিন্দুকদের মুখ বন্ধ করে দেবেন। ‘আমার সম্পর্কে তাঁরা (সাবেক ক্রিকেটাররা) অনেক কিছুই বলছেন। অধিনায়ক হিসেবে আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন। বলছেন, আমি মোটেও দলকে কিছু দিতে পারব না। আমি এই মন্তব্যগুলোর সঙ্গে একমত নই’—কাল লাহোরে সাংবাদিকদের বলেছেন মিসবাহ।সাবেক ক্রিকেটারদের আর দোষ কী! বয়স ৩৭ চলছে, টেস্ট দলে নিয়মিত হতে পারেননি কখনোই, খেলেছেন মাত্র ১৯ টেস্ট। এমন একজনকে অধিনায়ক করা হলে সবাই বিস্মিত তো হবেই। কিন্তু মিসবাহ আত্মবিশ্বাসী, ‘জানি, দায়িত্বটা সহজ কিছু নয়। কিন্তু অধিনায়ক আর ব্যাটসম্যান হিসেবে আমার যোগ্যতা খাটো করে দেখাও অন্যায়। সবাই তো ধীরে ধীরে শেখে।’সমস্যা হলো, শেখার জন্য মিসবাহর হাতে সময় খুব বেশি নেই। তা ছাড়া গত অস্ট্রেলিয়া সফরের পর তো তিনি বাদই পড়লেন খারাপ ফর্মের কারণে। মাঝে কী এমন করলেন যে তাঁকে সোজা দলের নেতাই বানিয়ে ফেলতে হবে? মিসবাহর উত্তর, ‘আমি কখনোই হাল ছাড়িনি। নিজের সেরা ফর্মে পৌঁছাতে কঠোর পরিশ্রম করেছি। তা ছাড়া আমি খেলার মধ্যেই ছিলাম। কারণ, আমি জানতাম, দলে ফিরবই। তা-ই তো হলো।’শুধু কথায় তো চিঁড়া ভিজবে না, মাঠেও প্রমাণ দিতে হবে। এ মাসের শেষেই আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটো টি-টোয়েন্টি, পাঁচটি ওয়ানডে আর দুটো টেস্ট খেলবে পাকিস্তান। মিসবাহ অবশ্য এরই মধ্যে সতীর্থদের আস্থা অর্জনের কাজটা শুরু করে দিয়েছেন। গত ইংল্যান্ড সফরে ব্যাটসম্যানদের ব্যর্থতা এই বলে আড়াল করার চেষ্টা করলেন, ‘কেবল ইংল্যান্ড সফরের পারফরম্যান্স দিয়ে ব্যাটসম্যানদের বিচার করা অন্যায়। কারণ, ওই কন্ডিশনে ব্যাট করা আসলেই কঠিন।’ঝঞ্ঝা-বিক্ষুব্ধ ইংল্যান্ড সফরের পর এটাই পাকিস্তানের প্রথম সিরিজ। নতুন করে শুরুর আহ্বান জানিয়েছেন নতুন অধিনায়ক মিসবাহ। ওয়ানডে অধিনায়ক শহীদ আফ্রিদির কণ্ঠেও একই সুর। এদিকে দল নিয়ে অসন্তোষ প্রকাশ করে বক্তব্য দেওয়ায় আফ্রিদিকে সতর্ক করে দিয়েছে পিসিবি। ওয়েবসাইট।