দেড় দিন আগেই চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২২ রান আগে হবে, নাকি ৫ উইকেট পড়বে আগে?অনুমিত ছিল, বিসিএলের পাঁচ দিনের ফাইনাল চতুর্থ দিনেই শেষ হয়ে যাবে। তবে সময়ের হিসাবে না গেলে রান আর উইকেটের লড়াইটা মাথায় রাখলে শেষ দৃশ্যে কিছুটা উত্তেজনার সম্ভাবনা তো ছিলই। ৫ উইকেটে ১২২ রান করা যেমন খুব কঠিন ছিল না, ১২১ রানের মধ্যে ৫ উইকেট ফেলাটাও সম্ভব ছিল। হলো দ্বিতীয়টা, কিন্তু সামান্য উত্তেজনার আঁচও পেল না মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। লাঞ্চের পর ১৪ মিনিটের খেলায় বিসিবি উত্তরাঞ্চলকে ৩১ রানে হারাল ওয়ালটন মধ্যাঞ্চল। বিসিএলের প্রথম চ্যাম্পিয়ন হিসেবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নামটা খোদাই করে রাখল দলটি।তৃতীয় দিন শেষে অধিনায়ক জহুরুল ইসলাম ও সানজামুল ইসলামের জুটিটাই ভরসা দিচ্ছিল উত্তরাঞ্চলকে। ৫৮ রানে অবিচ্ছিন্ন থেকে শেষ হয়েছিল দিন, কাল এই জুটিতে যোগ হলো আরও ৪৮ রান। কিন্তু ইলিয়াস সানির বলে সিলি মিড অনে সানজামুল ক্যাচ দিয়ে ফিরতেই যেন শেষ হয়ে গেল উত্তরাঞ্চলের সব সম্ভাবনা। দলের ১৯৪ রানের মধ্যে ফরহাদ রেজা ও সাজেদুলের বিদায়ে লাঞ্চের আগেই পরাজয় দেখতে শুরু করল জহুরুলের দল। ৮ উইকেটে ২১৭ রান নিয়ে লাঞ্চ থেকে ফিরে অলআউট আর মাত্র ২ রান যোগ করেই। দলটার জন্য সান্ত্বনা হতে পারে মধ্যাঞ্চলের সেঞ্চুরিয়ান রকিবুলের ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারে সানজামুলের ভাগ বসানো। ম্যাচে ১১ উইকেট পেয়ে সানজামুল যুগ্মভাবে ম্যাচসেরা। ছয় ম্যাচে ৪৬৫ রান করে ম্যান অব দ্য টুর্নামেন্ট মধ্যাঞ্চলেরই মার্শাল আইয়ুব।চতুর্থ দিনটা দুই রকম সম্ভাবনা নিয়ে হাজির হলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন মোশাররফ হোসেন। প্রথম বিসিএলের শিরোপা জিতে রোমাঞ্চিত মধ্যাঞ্চল অধিনায়ক, ‘আমি শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলাম। ঘরোয়া ক্রিকেটে আমরা এখনো ও রকম দল হয়ে উঠিনি যে চাপের মধ্যে রান তাড়া করতে পারব। আন্তর্জাতিক ক্রিকেটেও আমরা এটা পারি না। এতেই বুঝতে পারছিলাম চাপটা তাদের ওপর। বাজে বল পেলে হয়তো ওরা একটি-দুটি চার মারবে, কিন্তু আমাদের দরকার ছিল ৫টি উইকেট।’বিসিএলের ঠিক আগেই খেলেছেন বিপিএল। কিন্তু আর সবার মতো মোশাররফও মানেন, টেস্ট ক্রিকেটে উন্নতির জন্য বিপিএলের মতো টুর্নামেন্ট আসলে কোনো কাজেই আসবে না। জাতীয় লিগ বা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বিসিএলের মতো আসরগুলোই পারে বড় দৈর্ঘ্যের ক্রিকেটে উন্নতি আনতে। ‘লঙ্গার ভার্সনে ভালো করতে হলে বিসিএল ও জাতীয় লিগকে বেশি গুরুত্ব দিতে হবে। বিসিএলে বিদেশি খেলোয়াড়, বিশেষ করে ভালো বিদেশি পেসার এলে ভালো হবে। এ ধরনের ম্যাচ বেশি হলে ব্যাটসম্যান ও বোলারদের ধৈর্য বাড়বে’—বলছিলেন চ্যাম্পিয়ন অধিনায়ক।