দেরিতে ফিরলেন সুয়ারেজ
অনেক প্রত্যাশা নিয়ে ২০১০ সালের জানুয়ারিতে ক্লাব ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ট্রান্সফার ফি দিয়ে আয়াক্স থেকে তাঁকে নিয়ে এসেছিল লিভারপুল। কিন্তু লুইস সুয়ারেজ অ্যানফিল্ডের প্রত্যাশা পূরণ করতে পেরেছেন অল্পই। মাঝেমধ্যে প্রতিভার ঝলক দেখিয়েছেন বটে, কিন্তু চোট আর বিতর্কে জড়িয়ে ভুগিয়েছেনও দলকে। অবশেষে পরশু সুয়ারেজ জ্বললেন আগুনের স্ফুলিঙ্গ হয়ে। সেই আগুনে পুড়ে ছাই নরউইচ সিটি।নরউইচকে তাদের মাঠেই ৩-০ গোলে হারিয়েছে লিভারপুল। তিনটি গোলই করেছেন সুয়ারেজ। লিভারপুলের হয়ে এটাই উরুগুইয়ান তারকার প্রথম হ্যাটট্রিক। চার মিনিটের ব্যবধানে করা (২৪ ও ২৮ মিনিটে) প্রথম দুটি গোলই ছিল দুর্দান্ত। ৮২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করা গোলটি তো রীতিমতো বিস্ময়কর! ৫০ গজ দূর থেকে অসাধারণ এক লবে করা গোলটিকে মৌসুমের সেরা গোল মনে করা হচ্ছে।ম্যাচ শেষে কোচ কেনি ডালগ্লিস ও অধিনায়ক স্টিভেন জেরার্ড—দুজনেই সুয়ারেজের প্রশংসায় পঞ্চমুখ। তিনটিই অসাধারণ গোল, সর্বকালের সেরা হ্যাটট্রিক কি না, মৃদুস্বরে সে আলোচনাও হচ্ছে। ডালগ্লিসের কথা, ‘সর্বকালের সেরা হ্যাটট্রিক কি না, তা আমি বলব না। কারণ, সেই তালিকা আমার কাছে নেই। তবে নিশ্চিতভাবেই এটা ছিল অসাধারণ হ্যাটট্রিক। প্রতিটি গোলই ছিল দুর্দান্ত। তবে এতে আশ্চর্যের কিছু নেই, কারণ সে এই মানেরই খেলোয়াড়।’ডালগ্লিস প্রশংসা করেছেন মানুষ সুয়ারেজেরও, ‘সে অসাধারণ ফুটবলার এবং চমৎকার এক মানুষ। আমরা খুবই ভাগ্যবান যে সে আমাদের দলে খেলে।’ প্রশংসায় জেরার্ড যেন আরও একধাপ এগিয়ে। বলছেন, সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়দেরই একজন। সুয়ারেজের দুই গোলের পরই নাকি জেরার্ড বুঝে গিয়েছিলেন হ্যাটট্রিক হবেই, ‘সে যে মানের খেলোয়াড় তাতে আমি আত্মবিশ্বাসী ছিলাম, সে তৃতীয় গোলটি পাবে।’২৫ বছর বয়সী সুয়ারেজ নিজের জাতটা বিশ্বকে চিনিয়েছেন আয়াক্সে থাকতেই। ডাচ্ ক্লাবটিতে ১১০ ম্যাচে করেছিলেন ৮১ গোল। তবে একজন স্ট্রাইকারের চেয়েও তিনি বেশি করে টিমমেট ও দল-অন্তঃপ্রাণ। এর প্রমাণ তিনি দিয়েছেন জাতীয় দলের জার্সি গায়েও। ২০১০ বিশ্বকাপে উরুগুয়েকে সেমিফাইনালে তোলা কিংবা ২০১১ কোপা আমেরিকায় দেশকে রেকর্ড শিরোপা উপহার দিতে সুয়ারেজ রেখেছিলেন মুখ্য ভূমিকা। অ্যানফিল্ডে বেশি কিছু করতে না পারলেও কোচ, সতীর্থ ও সমর্থকদের আস্থা ছিল। সে আস্থারই প্রতিদান পরশুর হ্যাটট্রিক।এই জয় সত্ত্বেও ৩৫ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে ৮ নম্বরেই আছে লিভারপুল। এর আগে স্টোক সিটির সঙ্গে পিছিয়ে পড়েও আর্সেনাল ড্র করেছে ফন পার্সির গোলে (১-১)। তৃতীয় স্থানে থাকা আর্সেনালের পা হড়কানোর সুযোগ নিতে পারেনি নিউক্যাসল। উল্টো উইগানের কাছে ৪-০ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্নকেই সংশয়ের মধ্যে ঠেলে দিয়েছে তারা। ৩৫ ম্যাচে তাদের পয়েন্ট ৬২। এএফপি।