দেরিতে শুনানি চান সালমান বাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুনানির তারিখ নির্ধারিত হয়েছে বেশ আগেই। আগামী ৬ থেকে ১১ জানুয়ারি দোহায় আইসিসির সদর দপ্তরে লর্ডস টেস্টে স্পট ফিক্সিং ঘটনার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা। তিন অভিযুক্ত ক্রিকেটারের দুজন মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির প্রস্তুত। কিন্তু সালমান বাট শুনানির তারিখ পিছিয়ে পরবর্তী কোনো সময় অংশ নিতে চান। কাল বুধবার আইসিসির ট্রাইব্যুনালের প্রধান মাইকেল বেলফের সঙ্গে টেলিকনফারেন্সে শুনানি স্থগিত করার আবেদন জানাবেন বাটের আইনজীবীরা।আইনজীবীদের একজন শহীদ করিম আজ ক্রিকইনফোকে বলেন, ‘বাটের আইনজীবী দল চায় যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের (সিপিএস) মামলাটির পর এটির শুনানি হোক। আর এ কারণে কাল একটি টেলিকনফারেন্সের আয়োজন করেছি আমরা।’আইসিসির বাইরে স্বাধীনভাবে একটি মামলা পরিচালনা করছে স্কটল্যান্ড ইয়ার্ড। ইতিমধ্যে সংস্থাটি তিনজন ক্রিকেটারের বিরুদ্ধে কিছু তথ্য সিপিএসের কাছে হস্তান্তর করেছে। সিপিএস সিদ্ধান্ত নেবে, অভিযুক্ত ক্রিকেটারদের বিরুদ্ধে দুর্নীতি বা প্রতারণার কারণে ফৌজদারি মামলা দায়ের করা যায় কি না।