দেল পিয়েরোর সামনে অনন্য রেকর্ডের হাতছানি
ক্যারিয়ারের একেবারে শেষপ্রান্তে ইতালি ও জুভেন্টাসের আলোচিত স্ট্রাইকার আলেসান্দ্রো দেল পিয়েরো। যেকোনো মুহূর্তে তাঁর কাছ থেকে আসতে পারে বিদায়ের ঘোষণা। তবে ফুটবল জীবনের এই গোধূঁলিবেলায় একটা অনন্য রেকর্ড হাতছানি দিয়ে ডাকছে দেল পিয়েরোকে। আর মাত্র একটা গোল করলেই তিনি ঢুঁকে যাবেন ইতিহাসে। গিয়েমপিয়েরো বোনিপার্টিকে পেছনে ফেলে তিনিই হবেন সিরি ‘আ’তে জুভেন্টাসের জার্সি গায়ে সর্বোচ্চ গোলদাতা।কিছুদিন আগেই লিসের বিপক্ষে জুভেন্টাসের জার্সি গায়ে দেল পিয়েরো ১৭৮তম গোল করে নাম লিখিয়েছেন বোনাপার্টির পাশে। বয়স, ইনজুরি আর ফর্ম মিলিয়ে বেশ কিছুদিন ধরেই জুভেন্টাসের প্রথম একাদশে জায়গাটা নিশ্চিত নয় দেল পিয়েরোর। ২০০৬-এর বিশ্বকাপ জয়ী ইতালি দলের অন্যতম এই স্ট্রাইকার নয়তো অনেক আগেই গড়ে ফেলতে পারতেন ইতিহাসটা। তবে নিয়মিত একাদশের আমাউরি ও ভিনসেনজোর ইনজুরির কারণে হয়ত আসছে সপ্তাহে এসি মিলানের বিপক্ষে ম্যাচটা প্রথম একাদশে থেকেই খেলবেন দেল পিয়েরো। হয়তো সেদিনই ইতিহাস গড়ে ইতালির ফুটবল ইতিহাসে অন্য এক জায়গাই পেয়ে যাবেন তিনি। সকলের শুভকামনাটা তো থাকছেই দেল পিয়েরোর সঙ্গে। রয়টার্স।