দেল পিয়েরোর বিদায়
ঘড়িতে ম্যাচের তখন ৫৭ মিনিট। চতুর্থ রেফারির উঁচিয়ে ধরা বোর্ডে চকচক করে জ্বলছে ‘১০’ নম্বর সংখ্যাটি। রোমের অলিম্পিক স্টেডিয়ামে উপস্থিত সবাই তখন বুঝে গেছে, এটা আলেসান্দ্রো দেল পিয়েরোরই শেষের ডাক!সতীর্থদের শুভেচ্ছায় সিক্ত হয়ে প্রায় ৬০ সেকেন্ড পর দেল পিয়েরো গেলেন সাইডলাইনে। গ্যালারির দর্শকেরা দাঁড়িয়ে করতালি দিয়ে যাচ্ছে বিরামহীন। অনুচ্চারে বাজল বিদায়ের করুণ সুর। তাঁর সঙ্গে শুভেচ্ছাবিনিময় করে মাঠে ঢুকে গেলেন তাঁর বদলি সিমোনে পেপে। দেল পিয়েরো বেরিয়ে এলেন মাঠ থেকে। শুধু পরশুর কোপা ইতালিয়ার ফাইনাল থেকেই নয়, জুভেন্টাসের হয়ে বর্ণাঢ্য এক ক্যারিয়ারেরই শেষ টেনে দিলেন দেল পিয়েরো।জুভেন্টাসের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা, সর্বোচ্চ গোলদাতা, ক্লাব ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়টি বেরিয়ে এলেন শেষ ম্যাচটি খেলে। মুহূর্তেই গ্যালারির পাশে ভিড় করা এক খুদে সমর্থককে অটোগ্রাফ দিতে গিয়েও গেমে গেলেন। অলিম্পিক স্টেডিয়ামে উপস্থিত ৪০ হাজার সমর্থকই তখন চিৎকার করে যেন বলছে, ফিরে এসো। জবাবে দুই হাত উঁচিয়ে সমর্থকদের শুভেচ্ছা জানালেন দেল পিয়েরো। তাতেও যথেষ্ট মনে করলেন না। পরে রিজার্ভ বেঞ্চের সামনে এসে দিলেন ‘ল্যাপ অব অনার’। জুভেন্টাসের সঙ্গে দেল পিয়েরোর ১৯ বছরের সম্পর্কের শেষ!বিদায়টা অবশ্য স্মরণীয় হলো না। পরশু জুভেন্টাসকে হারিয়ে কোপা ইতালিয়ার শিরোপা জিতে নিয়েছে নাপোলি। জুভেন্টাস দুটি গোলই হজম করেছে দেল পিয়েরো মাঠ থেকে বেরিয়ে আসার পর। বিদায়বেলায় একটা ব্যর্থতার কালো দাগ থেকে গেল! যদিও স্কুডেট্টো হাতে তুলেই জুভেন্টাস-অধ্যায়ের শেষ টানলেন। ১৯৯৩ সালে পাদোভা থেকে মাত্র ১৮ বছর বয়সে যোগ দিয়েছিলেন জুভেন্টাসে। প্রথম মৌসুমেই ‘বি’ দলকে ‘ডাবল’ জিতিয়ে পরের মৌসুমেই ঢোকেন প্রথম দলে। মূল দলেও প্রথম মৌসুমেই লিগ জেতেন। অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ১৯৯৫ সালেই গায়ে ওঠে ক্লাবের ‘১০’ নম্বর জার্সি। ২০০১ সালে পেয়ে যান অধিনায়কের বাহুবন্ধনী। দীর্ঘ ১৯ বছরে জুভেন্টাসের হয়ে খেলেছেন সর্বোচ্চ ৭০৫টি লিগ ম্যাচ। গোল করেছেন ২৯০টি। ৮ বার স্কুডেটো, একবার চ্যাম্পিয়নস লিগ শিরোপাসহ জুভেন্টাসকে জিতিয়েছেন ১৮টি শিরোপা। আন্তর্জাতিক ক্যারিয়ারও একই রকম উজ্জ্বল। ইতালির হয়ে ৯১ ম্যাচে করেছেন ২৭ গোল, বিশ্বকাপ জয়ের স্বাদও পেয়েছেন ২০০৬ সালে।বয়স ৩৮ হতে চলল। চাইলে জুভেন্টাসেই ক্যারিয়ারের ইতি টানতে পারতেন। দেল পিয়েরো শেষের আগে অন্তত একটি মৌসুম খেলতে চান অন্য কোথাও। এর পেছনে একটা রহস্যও আছে। গত অক্টোবরে হঠাৎই জুভেন্টাস সভাপতি আন্দ্রেয়া অ্যাগনেল্লি ঘোষণা করেন, ‘এ মৌসুমটাই দেল পিয়েরোর শেষ।’ ক্লাব সভাপতির এমন উচ্চারণে দেল পিয়েরো কতটা কষ্ট পেয়েছেন সেটা অনুমেয়। দেল পিয়েরো এখন কোথায় গিয়ে উঠবেন নিশ্চিত নয়। ইংলিশ ক্লাব আর্সেনাল, টটেনহামের মতো দলগুলো তাঁকে নিতে চায়। দেল পিয়েরোর নাকি ইংল্যান্ডের দিকেই ঝোঁক। দেশে তো বটেই; বিদায়বেলায় দেল পিয়েরো প্রশংসায় ভাসছেন বাইরেও। লিওনেল মেসিই যেমন বলেছেন, ‘সে অসাধারণ এক ফুটবলার। ফুটবলকে সে সবকিছুই দিয়েছে, দিয়েছে জুভেন্টাস ও ইতালিকেও।’ ওয়েবসাইট।