দেল পিয়েরোর লক্ষ্য ‘২০০’
জুভেন্টাসের জার্সি গায়ে সর্বোচ্চ ম্যাচ (৬৩৫), সর্বোচ্চ গোল (২৭৬)—রেকর্ড দুটি নিজের করে নিয়েছেন আলেসান্দ্রো দেল পিয়েরো। শনিবার এসি মিলানের বিপক্ষে গোল করে জুভেন্টাসের আরও একটি রেকর্ডের একক মালিক হয়ে গেলেন ৯ নভেম্বর ৩৬-এ পা দিতে যাওয়া দেল পিয়েরো। জিয়ামপিয়েরো বোনিপের্তিকে পেছনে ফেলে সিরি ‘আ’তে জুভেন্টাসের সর্বোচ্চ গোলদাতা এখন তিনি।১৭ অক্টোবর লেচ্চের বিপক্ষে সিরি ‘আ’তে ১৭৮তম গোল করে জিয়ামপিয়েরো বোনিপের্তির রেকর্ড ছুঁয়েছেন দেল পিয়েরো। এসি মিলানের বিপক্ষে জুভেন্টাসকে ২-১ গোলে জেতানো গোলটি তাঁকে বানিয়েছে সিরি ‘আ’তে জুভেন্টাসের সর্বোচ্চ গোলদাতা।তবে এই রেকর্ড নিয়েই সন্তুষ্ট থাকতে চান না দেল পিয়েরো। তাঁর লক্ষ্য ষষ্ঠ খেলোয়াড় হিসেবে লিগে ‘২০০’ গোলের মাইলফলক ছোঁয়া। ‘আপনার উচিত সব সময়ই নতুন একটা লক্ষ্য নির্ধারণ করে নেওয়া। এখন আমার লক্ষ্য ২০০ গোলে পৌঁছানো’—বলেছেন ইতালিয়ান স্ট্রাইকার।সিরি ‘আ’র সর্বোচ্চ গোলের রেকর্ডটি কিংবদন্তি সিলভিও পিওলার দখলে, ২৭৬টি। এই রেকর্ড হয়তো দেল পিয়েরো কখনোই ছুঁতে পারবেন না। কিন্তু দুই শতেই পৌঁছাতে পারবেন দেল পিয়েরো? সেই ১৯৯৩ সাল থেকে জুভেন্টাসকে বাড়ি-ঘর করেছেন বটে; তবে আগামী জুনেই যে শেষ হয়ে যাচ্ছে চুক্তির মেয়াদ। ক্যারিয়ারেও পড়ন্ত বিকেলের ছায়া। যদিও দেল পিয়েরো আশাবাদী, জুভেন্টাস চুক্তি নবায়ন করবে। জুভেন্টাসের জার্সি গায়ে গোলের মধ্যে থেকেই ক্যারিয়ার শেষ করতে চান। এএফপি।