দেল পোত্রোর খোঁজে!

লিওনেল মেসি আছেন। আছেন অ্যাঙ্গেল ডি মারিয়া, সার্জিও আগুয়েরো, পাওলো দিবালার মতো তারকা। এরপরও ২০১৮ রাশিয়া বিশ্বকাপের মূল পর্বে ওঠার শঙ্কায় আর্জেন্টিনা। ১৯৭৮ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্য স্ট্রাইকার মারিও কেম্পেসের আফসোস, ‘আমাদের যদি দু-তিনজন দেল পোত্রো থাকত!’
ফুটবলে টেনিস খেলোয়াড় হুয়ান মার্টিন দেল পোত্রোকে দিয়ে কী হবে? কেম্পেস আসলে বোঝাতে চেয়েছেন, দেল পোত্রোর মতো সিংহহৃদয় খেলোয়াড় প্রয়োজন আর্জেন্টিনার। যাঁরা স্নায়ুচাপ, প্রত্যাশার চাপ জয় করে দলকে বিশ্বকাপে নিয়ে যেতে পারবেন, ‘দেলেপোর মতো সিংহহৃদয়ের দুই বা তিনজন দলে থাকলে আমাদের এত সমস্যায় পড়তে হতো না। আর সমালোচনাও সইতে হতো না।’
চলমান ইউএস ওপেনে চতুর্থ রাউন্ডে অস্ট্রেলিয়ার ডমিনিক থিমের বিপক্ষে ম্যাচটি জ্বর নিয়ে খেলেছেন দেল পোত্রো। দুই সেটে পিছিয়ে পড়েও ম্যাচটি জিতেছেন আর্জেন্টাইন টেনিস তারকা। শেষ আটে মহাতারকা রজার ফেদেরারকে হারিয়ে উঠেছেন সেমিফাইনালে। এএফপি