দেল পোত্রোর জোকোভিচ-বধ
ফাইনালে রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচের আরেকটি দ্বৈরথ ছিল দৃষ্টিসীমায়। কিন্তু বেরসিকের মতো বাদ সেধে বসলেন হুয়ান মার্টিন দেল পোত্রো। ছয়টি গ্র্যান্ড স্লামজয়ী জোকোভিচকে সেমিফাইনালে ৪-৬, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে এই আর্জেন্টাইন উঠে গেছেন ইন্ডিয়ানা ওয়েলসের ফাইনালে। যেখানে তাঁর প্রতিপক্ষ রাফায়েল নাদাল। নাদাল সেমিফাইনালটা জিতেছেন সরাসরি সেটে, ষষ্ঠ বাছাই টমাস বার্ডিচকে হারান ৬-৪, ৭-৫ গেমে।এর আগে দুজনের ১০ বারের দেখায় দেল পোত্রোর জয় ছিল মাত্র দুবার। জোকোভিচও ছিলেন ২২ ম্যাচ জয়ের ধারায়। কিন্তু সবাইকে চমকে দিয়ে জিতে গেলেন ২০০৯-এর ইউএস ওপেনজয়ী দেল পোত্রো। প্রথম সেট হেরে যাওয়ার পর ঘুরে দাঁড়ান দুর্দান্তভাবে। নিজেকে কিছুটা ভাগ্যবানও মানছেন দেল পোত্রো, ‘আমি মনে করি, খুব গুরুত্বপূর্ণ সময়গুলোয় ভাগ্য আমার পক্ষে ছিল।’ এখন নাদালের অপেক্ষায় আছেন শেষ আটে মারেকে হারানো আর্জেন্টাইন, ‘সে (নাদাল) হতে যাচ্ছে বড় একটা চ্যালেঞ্জ। সে অবশ্যই জিততে চাইবে। দারুণ একটা ম্যাচ হবে।’ জোকোভিচ প্রশংসাই করেছেন দেল পোত্রোর, ‘এটা হতেই পারে। সব কৃতিত্ব আমার প্রতিপক্ষের। গুরুত্বপূর্ণ মুহূর্তে সে কম ভুল করেছে।’চোট কাটিয়ে ওঠার পর নাদাল এই টুর্নামেন্টকেই ঠাওরেছেন বড় পরীক্ষা। সব মহারথী একসঙ্গে, প্রত্যাবর্তনের পর হার্ডকোর্টে প্রথম টুর্নামেন্টও। নাদালের তাই অনেক কিছু প্রমাণ করার ছিল। সেটা করছেন দুর্দান্তভাবেই, এখন শুধু চূড়ান্ত বিজয়ের অপেক্ষা। এএফপি।