দেল বস্ক নয়, আমিই এক নম্বর: মরিনহো
এবারই প্রথমবারের মতো বর্ষসেরা কোচের পুরস্কার চালু করতে যাচ্ছে ফিফা। সেরা কোচের তিনজনের সংক্ষিপ্ত তালিকায় নাম আছে স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক, বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা এবং রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনহোর। বিশ্বকাপের বছর না হলে সেরা কোচ হিসেবে নির্দ্বিধায় বলে দেওয়া যেত মরিনহোর নাম। কিন্তু ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় আসর বিশ্বকাপ অনেকখানিই প্রভাবিত করে ফিফা বর্ষসেরার এ পুরস্কারগুলোকে। তাই স্পেনকে প্রথমবারের মতো বিশ্বকাপ এনে দেওয়ার স্বীকৃতিস্বরূপ পুরস্কারটা দেল বস্কের হাতেই উঠবে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। তবে ফিফা বর্ষসেরা কোচ হিসেবে কার নাম ঘোষণা করল—তা নিয়ে একদমই চিন্তিত নন ‘স্পেশাল ওয়ান’ মরিনহো। সদর্পেই জানিয়ে দিয়েছেন, ‘দেল বস্ক নয়, আমিই সেরা।’এ বছর ইন্টার মিলান থেকে রিয়াল মাদ্রিদে আসার আগে কোচিং ক্যারিয়ারের সবচেয়ে সুবর্ণ সময়টা পার করেছেন মরিনহো। সব প্রতিযোগিতাতেই পরেছেন জয়ের মুকুট। ইতালিয়ান ক্লাব, ইতালিয়ান লিগ শিরোপার পাশাপাশি ৪৫ বছর পর ইন্টারকে এনে দিয়েছেন ইউরোপ সেরার শিরোপা। ‘গাজ্জেতা দেল্লো স্পোর্তোকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘কে সেরা সেই সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি। আর সেটা অবশ্যই আমি নিজে। ১১ মাসে ৫৭টা ম্যাচের পর ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগ শিরোপাসহ সবকিছুই আমি জিতেছি। এর বেশি আর কিছু করার ছিল না আমার। আমার খেলোয়াড়দের ক্ষেত্রেও এটা প্রযোজ্য।’তাঁর ইন্টার মিলানের শিষ্য ওয়েসলি স্নাইডারের নাম বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় না দেখে অনেকের মতোই দারুণ বিস্মিত মরিনহো। এ বছর এই পুরস্কারটা ইনিয়েস্তার হাতে ওঠার সম্ভাবনা অনেক বেশি—এটা যেন মানতেই পারছেন না তিনি। বিশ্বকাপের বছর বলেই এটা সম্ভব হতে পারছে উল্লেখ করে এ সময়ের অন্যতম সেরা এই কোচ বলেছেন, ‘ইনিয়েস্তা গত মৌসুমের প্রথম পাঁচ মাস ইনজুরির কারণে মাঠে নামতে পারেনি। শুধু বিশ্বকাপের কয়েকটা ম্যাচে অংশ নিয়ে, আর ফাইনালে একটা গোল করেই যদি সে এই পুরস্কারটা পেয়ে যায়, তাহলে বলতে হবে বিশ্বকাপের বছরে সবকিছুই সম্ভব। অন্য কোনো কিছুই এখানে গণ্য হবে না।’ ইনিয়েস্তা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার খেলোয়াড় বলেই কি আক্ষেপটা একটু বেশি রিয়াল কোচের? টাইমস অব ইন্ডিয়া।