দেল বস্কই থাকছেন স্পেনের কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুইস ফেলিপে স্কলারি
লুইস ফেলিপে স্কলারি

লুইস ফেলিপে স্কলারিও দায়িত্ব চালিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বিশ্বকাপের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে তাঁকে ব্রাজিল কোচের পদ থেকে সরে যেতে হয়েছে। সেদিক থেকে ভিসেন্তে দেল বস্ক ভাগ্যবানই। বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই দল বিদায় নিলেও স্পেন কোচের চাকরি যাচ্ছে না।
ব্রাজিল বিশ্বকাপ ছিল স্পেনের জন্য শিরোপা ধরে রাখার মিশন। কিন্তু প্রথম দুই ম্যাচেই হল্যান্ড ও চিলির কাছে হেরে গ্রুপপর্ব থেকেই ছিটকে পড়ে স্পেন। এর পর থেকেই দেল বস্কের ভবিষ্যৎ নিয়ে স্প্যানিশ গণমাধ্যমে নানা গুঞ্জন। কিন্তু দেল বস্ক বা স্প্যানিশ ফুটবল ফেডারেশন ছিল চুপ। অবশেষে নীরবতা ভেঙে দেল বস্ক জানিয়ে দিলেন, ফেডারেশন কর্তাদের সবুজসংকেত পেয়েছেন। তাঁর চুক্তির মেয়াদ ২০১৬ ইউরো পর্যন্ত। ফেডারেশন কর্তারা নাকি সে পর্যন্ত ৬৩ বছর বয়সী কোচের ওপরই আস্থা রাখতে চাইছেন। নিজের শহর সালামাঙ্কায় এক ফুটবল স্কুলে দেল বস্ক বলেছেন, ‘আমাদের আরও ভালো করার এবং সঠিক পথ ফিরে পাওয়ার সুযোগ আছে। আমরা চেষ্টা করব আগামী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার।’
২০০৮ সালে স্পেনের দায়িত্ব নেওয়ার পর সাফল্যে ভরপুর ছয়টা বছর কাটিয়েছেন দেল বস্ক। জিতেছেন ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো। এই ছয় বছরের পারফরম্যান্স বিবেচনা করেই নাকি তাঁর ওপর আস্থা রেখেছেন ফেডারেশন কর্তারা, ‘আমি ফেডারেশনের সভাপতি (অ্যাঙ্গেল মারিয়া ভিয়ার) ও মহাসচিবের (হোর্হে পেরেজ) সঙ্গে যোগাযোগ করেছি। তাঁরা ওই দুটি বাজে ম্যাচের চেয়ে গত ছয় বছরের পারফরম্যান্সকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করেছেন। ফেডারেশন ইতিবাচক এবং তারা আমার কাজের মূল্যায়ন করেছে। কাজেই আমরা আগের মতোই কাজ করে যেতে দৃঢ়প্রত্যয়ী।’
দেল বস্ক ইঙ্গিত দিয়েছেন দলে কিছু পরিবর্তন আনার, ‘নাটকীয় পরিবর্তনের প্রয়োজন নেই। সুস্থ মস্তিষ্কে আমাদের ফুটবলের জন্য সেরা সিদ্ধান্তই নিতে হবে।’ এএফপি, রয়টার্স।