দেল বস্ককে স্বস্তি দিলেন তোরেস
বিশ্বকাপ জিতলেও একটা বিষয় নিয়ে গোটা বিশ্বকাপজুড়েই খুব চিন্তিত ছিলেন স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ক। গোল পাচ্ছিলেন না দলের সেরা স্ট্রাইকার ফার্নান্দো তোরেস। এ নিয়ে অনেক প্রশ্নের সম্মুখীনও হতে হয়েছিল বস্ককে। কিন্তু এর পরও আস্থা হারাননি এ সময়ের অন্যতম সেরা এই স্ট্রাইকারের ওপর থেকে। অবশেষে কোচের আস্থার প্রতিদান দিয়ে গোলখরা কাটিয়েছেন তোরেস। ২০১২ ইউরো বাছাইপর্বের প্রথম ম্যাচে লিকটেনস্টাইনের বিপক্ষে স্পেনের ৪-০ গোলের জয়ে ২টি গোলই এসেছে তোরেসের পা থেকে। খেলার ৫৭ মিনিটের মাথায় তাঁকে তুলে না নিলে হয়তো করে ফেলতেন হ্যাটট্রিকটাও। তোরেসের এই জোড়া গোলে তিনি নিজে যতটা না খুশি হয়েছেন, তার চেয়ে বেশি স্বস্তি পেয়েছেন সম্ভবত দেল বস্ক।ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুতেই লিভারপুলের জার্সি গায়েও গোল করেছেন তোরেস। সব মিলিয়ে তোরেস আবার স্বরূপে ফিরছেন বলে বিশ্বাস দেল বস্কের। তিনি বলেছেন, ‘তোরেস বিশ্বকাপের সময় গোল পায়নি। কিন্তু এই ২ গোল আর লিভারপুলের হয়ে করা গোলটা তার মনোবল ও আত্মবিশ্বাস বাড়াবে।’লিকটেনস্টাইনের বিপক্ষে ৪-০ গোলের জয়ের পর তোরেস বলেছেন, ‘ইনজুরি কাটিয়ে উঠার পর এখন প্রতিদিনই একটু একটু করে ছন্দ ফিরে পাচ্ছি আমি। আর এই গোলগুলো করতে পেরে আরও সাহস পাচ্ছি।’ সকারনেট