শোকার্ত ১৫ আগস্ট
দেশ হারিয়েছে এক ক্রীড়া পরিবারও
১৯৭৫ সালের আজকের দিনে হত্যা করা হয় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে। ক্রীড়াঙ্গনে এই পরিবারের উপস্থিতি কখনো ভোলার নয়।
ইতিহাসের বাঁকবদলের সেই শোকাবহ ১৫ আগস্ট আজ। ১৯৭৫ সালের আজকের দিনে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকে। রক্তাক্ত সেই দিনে এক ক্রীড়া পরিবারকেই যেন হারিয়েছে দেশ। পূর্ব বাংলা ও স্বাধীন বাংলাদেশের খেলাধুলায় যে পরিবার রেখেছে অনন্য অবদান।
বঙ্গবন্ধু তরুণ বয়সে ফুটবলার ছিলেন। ১৯৩৬ সালে গোপালগঞ্জের তৎকালীন মিশন স্কুলের মাঠে সীতানাথ একাডেমির ফাইনাল খেলেছিলেন। ১৯৪০ থেকে ১৯৪৮ পর্যন্ত খেলেন তৎকালীন ঢাকার ফুটবলে অন্যতম শীর্ষ দল ওয়ান্ডারার্সে। ১৯৪৩ সালে বগুড়ায় একটি ফুটবল টুর্নামেন্টে শিরোপাজয়ী ওয়ান্ডারার্সের অধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু, খেলতেন স্ট্রাইকার হিসেবে।
নিজের অসমাপ্ত আত্মজীবনীতে বঙ্গবন্ধু লিখেছেন, ‘আমার আব্বাও ভালো খেলোয়াড় ছিলেন। তিনি অফিসার্স ক্লাবের সেক্রেটারি ছিলেন। আমি মিশন স্কুলের ক্যাপ্টেন ছিলাম। আব্বার টিম আর আমার টিমের খেলা হলে জনসাধারণ খুব উপভোগ করত। আমাদের স্কুল টিম খুব ভালো ছিল।’
যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে দাঁড় করাতে বঙ্গবন্ধু উদ্যোগী হয়েছিলেন। ১৯৭৩ সালে ক্রীড়া ফেডারেশন গঠন শুরু করেন। ধানমন্ডিতে বর্তমান সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের জন্য সাড়ে ১২ বিঘা জমি দেন। ১৯৭৫ সালে সরকারি অর্থে নির্মিত হলো কমপ্লেক্সের নিজস্ব ভবন। আজ মেয়েদের খেলাধুলার নিজস্ব ভবন, মাঠ আছে। এ নিয়ে গর্বিত দেশের সাবেক চ্যাম্পিয়ন অ্যাথলেট শামীমা সাত্তার মিমু বলছিলেন, ‘বঙ্গবন্ধু সেদিন মেয়েদের খেলাধুলার জন্য আলাদা সংস্থা ও ভবন তৈরি না করলে আজ হয়তো খেলাধুলায় মেয়েরা এত এগোত না।’
বঙ্গবন্ধু মাঠে আসতেন নিয়মিত। অনেক সময় ছোট্ট শেখ রাসেলও সঙ্গে থাকত। ১৯৭২ সালে ঢাকা স্টেডিয়ামে মুজিবনগর একাদশ ও স্বাধীন বাংলা দলের প্রীতি ম্যাচে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেন। তখন ক্রীড়া দল বিদেশে গেলে চায়ের দাওয়াত দিতেন বঙ্গবন্ধু। ১৯৭৩ সালে বাংলাদেশের প্রথম জাতীয় ফুটবল দল মালয়েশিয়ায় মারদেকা টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে বঙ্গবন্ধু তাঁর বাসভবনে ফুটবল দলের প্রতি যেন শুভেচ্ছার অদৃশ্য লাল কার্পেট পেতে দেন। সেই স্মৃতিরোমন্থনে বাংলাদেশের প্রথম জাতীয় দলের ডিফেন্ডার শেখ আশরাফ আলী কাল বলছিলেন, ‘বঙ্গবন্ধু বেঁচে থাকতে ফুটবল দল বিদেশে গেলে তাঁর বাসায় ডাকতেন। বলতেন, “তোরা ভালো খেলবি।” তাঁর পরিবার খেলাধুলা–অন্তঃপ্রাণ ছিল। তাঁদের অবদান আসলে কখনো ভোলার নয়।’
১৯৭৫ সালে মারদেকায় যাওয়ার আগের স্মৃতিটা কখনো ভুলবেন না তৎকালীন বাংলাদেশ দলের নবীন ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ (চুন্নু)। তাঁর চোখে দিনটা ভাসছে আজও, ‘সেদিন গণভবনে ফটোসেশনে বঙ্গবন্ধুর ঠিক পায়ের কাছে বসেছিলাম। বঙ্গবন্ধু বলেছিলেন, “তুই এত ছোট। পারবি তো খেলতে?” শেখ কামাল ভাই বলেছিলেন, “হ্যাঁ আব্বা, ও পারবে।”’ সপ্তাহখানেক পরই ফুটবলাররা মালয়েশিয়ায় বসে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের খবর পান। গোটা দলের হৃৎপিণ্ডই যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। ‘খেলব না’ ‘খেলব না’ বলেও শেষ পর্যন্ত দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেদিন ম্যাচ খেলে বাংলাদেশ।
সংস্কৃতিমনা বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল ক্রিকেট, বাস্কেটবল খেলতেন। তবে যুদ্ধবিধ্বস্ত দেশের ক্রীড়াঙ্গনে তখন এক টুকরা রোদ্দুর হয়ে আসে ১৯৭২ সালে শেখ কামাল প্রতিষ্ঠিত আবাহনী ক্রীড়া চক্র। ১৯৭৪ সালে আবাহনীর কোচ হিসেবে তিনি নিয়োগ দিলেন আইরিশ বিল হার্টকে। স্বাধীনতার পর হার্টই দেশে প্রথম বিদেশি ফুটবল কোচ।
শেখ কামাল ও কাজী সালাউদ্দিন ছিলেন বন্ধু। আজকের দিনে বন্ধুর স্মরণে বাফুফের বর্তমান সভাপতি বলেন, ‘স্বপ্নকে নিরন্তর তাড়া করত শেখ কামাল। আমাকে আবাহনীতে এনে ও বলেছিল, “দোস্ত, উই উইল টেক অন এশিয়া। আমরা আবাহনীকে এশীয় স্তরে নিয়ে যাব।” ১৯৭৫ সালে মারদেকায় যাওয়ার আগে বিমানবন্দরে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেছিল, “তোমরা ভালো খেলে ফিরে এসো।” কিন্তু দেশে ফিরে আমরা আর শেখ কামালকে পেলাম না।’
শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল পূর্ব পাকিস্তান ও বাংলাদেশের চ্যাম্পিয়ন অ্যাথলেট ছিলেন। ১৯৬৮ সালে পাকিস্তান অলিম্পিকে লংজাম্পে নতুন রেকর্ড গড়ে সোনা জেতেন। স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ থেকে ১৯৭৫—টানা তিন বছর জাতীয় অ্যাথলেটিকসে হার্ডলস, হাইজাম্প ও ব্রডজাম্পে দাপট দেখান। ১৯৭৩ সালে প্রথম জাতীয় অ্যাথলেটিকসে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ১০০ মিটার হার্ডলস, হাইজাম্প ও ব্রডজাম্পে সোনা এনে দেন সুলতানা।
বঙ্গবন্ধুর মেজ ছেলে শেখ জামালও খেলাধুলা করতেন। তাঁর নামে আজ প্রতিষ্ঠা পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শেখ রাসেলের নামে প্রতিষ্ঠিত হয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। দেশের ফুটবলে আবাহনীসহ এই তিনটিই অন্যতম শীর্ষ ক্লাব। তাই ক্রীড়াঙ্গনে না থেকেও আছেন বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যরা। খেলার প্রতি তাঁদের ভালোবাসা চির অম্লান থাকবে।