দেশকে কাপ উপহার দিতে চাই (ভিডিও)
পাকিস্তানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে লড়াই করে হার। এরপর এশিয়া কাপের ইতিহাসে সফলতম দুই দল ভারত ও শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে ফাইনালে নামার আগে তাই যথেষ্ট আত্মবিশ্বাসী বাংলাদেশ।মিরপুরে আজকের সংবাদ সম্মেলনে সেই আত্মবিশ্বাসটিই যেন ঝরে পড়ল বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের কণ্ঠ থেকে। নির্ভার অধিনায়ক শোনালের জাতিকে শিরোপা উপহার দেওয়ার প্রত্যয়।‘পুরো টুর্নামেন্টেই আমাদের হারানোর কিছু ছিল না। পাকিস্তান অনেক বড় দল, মানসম্মত দল। তাদের বিপক্ষে খেলে এখনো আমাদের হারানোর কিছু নেই। তবে আমাদের অনেক সুযোগ আছে। আমাদের লক্ষ্য কাল ভালো খেলে দেশকে অন্তত কিছু উপহার দেওয়া।’ বলেছেন মুশফিকুর।প্রতিযোগিতায় এখন পর্যন্ত টসে হারেনি বাংলাদেশ। তিন ম্যাচের তিনটিতেই টস জিতে ফিল্ডিং নেন মুশফিকুর। কিন্তু ফাইনাল ম্যাচে যদি বাংলাদেশ টস না জেতে! এ অবস্থায় দলের পরিকল্পনা কী হবে—এমন এক প্রশ্নের জবাবে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘পরিকল্পনা তো আমাদের সব সময় থাকে। কারণ সব সময় তো আমি টসে জিতব না। এ ছাড়া প্রথমে আমরা ব্যাটিংও করতে পারি। আমাদের পরিকল্পনা হলো, আমরা যদি প্রথমে ব্যাট করে ২৭০-৮০ রান করতে পারি, আশা করি তাদের চাপে ফেলতে পারব।’ফাইনাল ম্যাচে রান তাড়া করা কঠিন উল্লেখ করে মুশফিকুর বলেন, ‘আগে ফিল্ডিং করে আমাদের লক্ষ্য হবে, ওদের ২৭০-২৮০ রানের মধ্যে আটকে ফেলা। আমাদের এই মুহূর্তে যে ব্যাটিং ফর্ম আছে, তাতে আশা করছি ২৭০-২৮০ রান সহজেই চেজ করতে পারব।’ফাইনালে ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা প্রশ্নে মুশফিকুর বলেন, ‘বিশেষ কোনো আশা নেই। আশা করছি যে রকম ভালো করেছি, ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন দিকেই একইভাবে ভালো করার। আর একটা ম্যাচ আছে। কালকের ম্যাচে যেন আমরা আমাদের শতভাগ দিতে পারি।
ভিডিও: শামসুল হক