দেশম এক কড়া হেডমাস্টার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সের টেলিভিশন চ্যানেল টিএফ ওয়ানে সরাসরি বিশ্বকাপের ২৩ সদস্যের দল ঘোষণা করছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। পাশেই চ্যানেলের বড় পর্দায় বাদ পড়া সামির নাসরি৷ পরশু প্যারিসে l এএফপি৷
ফ্রান্সের টেলিভিশন চ্যানেল টিএফ ওয়ানে সরাসরি বিশ্বকাপের ২৩ সদস্যের দল ঘোষণা করছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। পাশেই চ্যানেলের বড় পর্দায় বাদ পড়া সামির নাসরি৷ পরশু প্যারিসে l এএফপি৷

আরও একবার বিশ্বকাপ খেলার স্বপ্নভঙ্গ৷ এ জন্য সামির নাসরি ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমকে দোষারোপ করতেই পারেন। কিন্তু বিবেকের আয়নায় কি নিজের চেহারাটাও দেখছেন না ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার? স্বপ্নভঙ্গের বড় দায় যে তাঁরই!
পরশু ঘোষিত ফ্রান্সের ২৩ সদস্যের দলে নাসরির সঙ্গে জায়গা হয়নি তাঁর ক্লাব সতীর্থ গায়েল ক্লিশি ও মোনাকো অধিনায়ক এরিক আবিদালেরও। সাত সদস্যের বিকল্প তালিকাতেও তাঁরা নেই।
ক্যানসারের সঙ্গে যুদ্ধে জিতে আবার মাঠে ফিরলেও বয়স হয়ে গেছে ৩৪। দেশমও আবিদালকে বাদ দেওয়ার কারণ দেখিয়েছেন বয়স। ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী অধিনায়ক দলে তারুণ্যেরই জোগান দিতে চেয়েছেন। দেশমের দলের আটজনের বয়সই ২৫-এর নিচে।
কিন্তু ম্যানচেস্টার সিটিকে লিগ জেতানোয় বড় ভূমিকা রাখা নাসরির বাদ পড়াটাই বিস্ময়কর। তবে বিশ্বকাপের মতো বড় মঞ্চে ভালো খেলোয়াড়ের চেয়ে দলের শৃঙ্খলার ব্যাপারটাও কম গুরুত্বপূর্ণ নয়। কখনো কখনো সেটাই বরং বেশি গুরুত্বপূর্ণ। একজনের অবিমৃশ্যকারিতায় পুরো দল কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে, ২০১০ বিশ্বকাপ অভিজ্ঞতায় ফ্রান্স সেটা ভালো করেই জানে! জাতীয় দলে ২৬ বছর বয়সী নাসরির বাজে আচরণের ইতিহাস পুরোনোই। ২০১০ বিশ্বকাপে রেমন্ড ডমেনেখের দলে জায়গা না হওয়ার পেছনেও ছিল তাঁর উদ্ধত আচরণ। ২০১২ ইউরোর পর এক সাংবাদিকের সঙ্গে সেই ঘটনা। দেশমও একজন কড়া হেডমাস্টারের মতো বললেন, ‘খেলোয়াড় হিসেবে সে দুর্দান্ত। যখন সে বদলি হিসেবে খেলতে বা উঠে যেতে অসন্তুষ্ট হয়, তখন তা পুরো দলেই প্রভাব ফেলে। এ কারণেই সে তালিকায় নেই।’
বাদ পড়ার প্রতিক্রিয়ায় নাসরি ব্যক্ত করেছেন হতাশা। তবে তাঁর বান্ধবী আনারা অ্যাতানেস টুইটারে দেশমকে আক্রমণ করেছেন অকথ্য ভাষায়।
দেশমের দলে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় গোলরক্ষক মিকায়েল লাদ্রোঁ৷ বাস্তিয়ার ৩৪ বছর বয়সী গোলরক্ষক ঘোষণা দিয়েছেন বিশ্বকাপ শেষেই ইতি টানবেন আন্তর্জাতিক ক্যারিয়ারের। মজার ব্যাপার, ফ্রান্স শিরোপা জিতবে, দেশম নিজেও তা মনে করছেন না। তিনি বরং প্রস্তুতি নিতে চাইছেন ২০১৬ নিজেদের দেশের ইউরো চ্যাম্পিয়নশিপের, ‘আমি নিষ্ফলা একটা বিশ্বকাপের জন্য যাচ্ছি না। তবে এখন থেকেই ২০১৬ ইউরো চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি শুরু করে দেব।’ এএফপি।

ফ্রান্সের বিশ্বকাপ দল
গোলরক্ষক: মিকায়েল লাদ্রোঁ, হুগো লরিস, স্টিভ মাদাঁন্দা
ডিফেন্ডার: ম্যাথু দিবুশি, লুকাস দিনিয়া, প্যাট্রিস এভরা, লরেন্ত কসিয়েলনি, এলিয়াকিম মাঙ্গালা, বাকারি সানিয়া, মামাদু সাকো, রাফায়েল ভারানে।
মিডফিল্ডার: ইয়োহান কাবাই, ক্লেমোঁ গ্রেনিয়ে, ব্লেইস মাতুইদি, রিও মাভুবা, পল পগবা, মুসা সিসোকো, ম্যাথু ভালবুয়েনা
ফরোয়ার্ড: করিম বেনজেমা, অলিভিয়ের জিরু, আতোঁয়ান গ্রিজমান, লইক রেমি ও ফ্রাঙ্ক রিবেরি।
স্ট্যান্ডবাই: রেমি কাবেলা, ম্যাক্সিম গোনালোঁ, আলেক্সাদঁ লাকাজেত, লইক পেরাঁ, স্টেফান রাফিয়ে, মরগান স্নেইদিরলাঁ, বেনোয়া ত্রেমুলিনাস।