দেশম ফ্রান্সের কোচ
অবসান হলো জল্পনা-কল্পনার। শেষ পর্যন্ত দিদিয়ের দেশমই হলেন ফ্রান্সের কোচ। কাল নিজেদের ওয়েবসাইটে দেশমকে কোচ নিয়োগের ঘোষণা দিয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)। এফএফএফের সভাপতি নোয়েল ডি গ্রেইটের সঙ্গে দেশমের আলোচনার পরই আসে এ ঘোষণা। নতুন চুক্তিতে সই না করে লরাঁ ব্লাঁ সরে যাওয়ার পর থেকেই ফ্রান্সের সম্ভাব্য কোচ হিসেবে সবচেয়ে এগিয়ে ছিলেন দেশমই।গত মাসেই অলিম্পিক মার্শেইয়ের কোচের পদ ছেড়ে দিয়েছেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ ও ২০০০ ইউরোজয়ী অধিনায়ক। মার্শেইর সঙ্গে চুক্তি আরও দুই বছর ছিল। তবে ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সঙ্গে দেশমের পদত্যাগের কোনো যোগসূত্র নেই। সাবেক সতীর্থ ব্লাঁর উত্তরসূরি হিসেবে আগামী ১৫ আগস্ট কোপা আমেরিকা চ্যাম্পিয়ন উরুগুয়ের সঙ্গে প্রীতি ম্যাচেই জাতীয় দলের কোচ হিসেবে তাঁর অভিষেক হবে।এরপর ৭ সেপ্টেম্বর ফিনল্যান্ডের সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। বিশ্ব ও ইউরো চ্যাম্পিয়ন স্পেন ‘এ’ গ্রুপে তাদের সঙ্গী। রয়টার্স, এএফপি।