দেশমের প্রথম

বিশ্বকাপ একসময় তাঁর জন্য ছিল অনন্তকালের অপেক্ষা। ১৯৮৯ সালে ডাক পেয়েছিলেন ফ্রান্স দলে। কিন্তু ফরাসি ফুটবলে সেটি হয়ে আছে কালো যুগ, ১৯৯০ ও ১৯৯৪ বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি দল। শেষ পর্যন্ত ১৯৯৮ সালে দেশের মাটিতে বিশ্বকাপ অভিষেক হলো ৩০ বছর বয়সে, হাতে অধিনায়কের আর্মব্যান্ড। সেবার অপরাজিত চ্যাম্পিয়ন হলো ফ্রান্স, প্রথম ফরাসি অধিনায়ক হিসেবে বিশ্বজয়ের ইতিহাস গড়লেন তিনি। এরপর ২০০০ ইউরোর ট্রফি উঁচিয়ে বিদায় জানালেন আন্তর্জাতিক ফুটবলকে। বিশ্বজয়ের ১৬ বছর পর আবার বিশ্বকাপের মঞ্চে, এবার ফ্রান্সের কোচ হিসেবে। সেই অপরাজিত যাত্রা চলছিল এবারও। পরশুর আগে খেলোয়াড়ি জীবন ও কোচিং মিলিয়ে বিশ্বকাপে ১০ ম্যাচের আটটিতেই জিতেছিলেন, দুটি ড্র। অবশেষে সেই অপরাজেয় যাত্রা থামাল জার্মানি। প্রথমবার বিশ্বকাপে পরাজয়ের তিক্ত স্বাদ পেলেন দিদিয়ের দেশম! তথ্যসূত্র: ফিফাডটকম।