দেশমের সংকল্প
একটা দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে ফ্রান্স ফুটবল দল, যেন মাঝদরিয়ায় দিশা হারিয়ে ফেলেছে। লঁরা ব্লাঁর বিদায়ে টালমাটাল নৌকাও হয়ে পড়েছিল মাঝিবিহীন। এবার বোধ হয় যোগ্য কাণ্ডারিই খুঁজে পেল তারা। এই ক্রান্তিলগ্নে ফ্রান্স দলকে কক্ষপথে ফেরানোর কাজটা দিদিয়ের দেশমের চেয়ে ভালোভাবে আর কে-ই বা করতে পারেন? মাত্রই মার্শেইয়ের দায়িত্ব ছেড়ে এসেছেন, ১৯৯৮ বিশ্বকাপজয়ী দলে ছিলেন ফ্রান্স দলের অধিনায়ক। দায়িত্ব নিয়েই দেশম বলেছেন, দলে শৃঙ্খলা ফিরিয়ে আনাই হবে তাঁর প্রথম মিশন।‘আমি কিছু ব্যাপারে একটু খুঁতখুঁতে। এখানে কাউকে ভয় দেখাচ্ছি না, আমি আস্থাই রাখছি। তবে এখন ফ্রান্স ফুটবলের দশা এমনই যে খেলোয়াড়দের আর কোনো ভুল করার সুযোগ নেই।’ আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের কোচ হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে বলেছেন দেশম।দুই বছর আগে দক্ষিণ আফ্রিকার সেই ভয়াবহ অন্তঃকলহের ভূত ভর করেছিল সদ্যসমাপ্ত ইউরোতেও। শেষ আটে ভরাডুবির পর দলে বিভেদের আঁচটা টের পাওয়া গেছে ভালোমতোই। অতীত ভুলে যেতে চান দেশম, তবে অতীত থেকে শিক্ষা নেওয়ার পরই, ‘২০১০ সালের ইতিহাসের পর যেসব পেশাদার খেলোয়াড় ফ্রান্স দলের জার্সি পরেছে, তাদের কর্তব্যটা অনেক গুরুত্বপূর্ণ। আজকের দিনে সামান্যতম বিচ্যুতিরও সুযোগ নেই। ইউক্রেনে কী হয়েছিল, সেটা নিয়ে কাটাছেঁড়ায় আমি যাব না। আমি আমার মতো করে চিন্তাভাবনার সময় নেব। এর মাঝে তো শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত আসবেই।’ফ্রান্স ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট নোয়েল লে গ্রায়েট বলছেন, দেশমই ছিলেন তাঁদের প্রথম পছন্দ, এমনকি কোনো বিকল্পের কথাও চিন্তা করেননি তাঁরা। আপাতত বিশ্বকাপ পর্যন্ত দুই বছরের চুক্তি, বিশ্বকাপে যেতে পারলে সেটা আরও দুই বছর বাড়বে। দেশম কি পারবেন এই ছন্নছাড়া দলটাকে এক সুতায় গাঁথতে? রয়টার্স, এএফপি।