দেশমের সতর্কবার্তা
ফ্রান্সের নতুন কোচ দিদিয়ের দেশম দায়িত্ব নিয়েই সতর্কবাণী উচ্চারণ করেছেন। জানিয়েছেন, দলের খেলোয়াড়দের কাছ থেকে কোনো ধরনের বাজে আচরণ তিনি সহ্য করবেন না। একই সঙ্গে ২০১৪ সালের বিশ্বকাপে ফ্রান্স যদি বাছাইপর্ব উতরাতে না পারে, তাহলে তিনি দায়িত্ব ছেড়ে দেবেন বলেও ঘোষণা দিয়েছেন।ইউরোয় ফরাসি মিডফিল্ডার সামির নাসরির অভব্য আচরণ চারদিকে সমালোচনার ঝড় তুলেছিল। রোববার দায়িত্ব নিয়ে দেশম এ ধরনের অভব্যতার বিরুদ্ধেই নিজের সোচ্চার অবস্থানের কথা পরিষ্কার জানিয়ে দিলেন। তিনি বলেছেন, একজন খেলোয়াড় সে যত বড় মাপেরই হোক না কেন, দলে সুযোগ পাওয়ার জন্য আচরণ একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হবে।লঁরা ব্লঁর উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়ে নিজের প্রথম সংবাদ সম্মেলনে তিনি দলের খেলোয়াড়দের দুটি নীতি মেনে চলার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘পারফরম্যান্স ও প্রতিভার পাশাপাশি দুটো নীতি আমি খেলোয়াড় নির্বাচনে সামনে নিয়ে আসব। এই দুটো হলে, দলের প্রতি তাঁর কমিটমেন্ট ও সুন্দর আচরণ। এই দুটোর যেকোনো একটি ব্যত্যয় ঘটলে আমি সেই খেলোয়াড়কে দলে সুযোগ দেব না।’ফ্রান্সের দায়িত্ব নিয়ে আপাতত দেশমের চিন্তা-ভাবনাজুড়ে রয়েছে বিশ্বকাপের বাছাইপর্ব। ব্যাপারটিকে যথেষ্ট কঠিনই মনে করেন তিনি। সেই সঙ্গে সরাসরিই বিশ্বকাপে কোয়ালিফাই করার স্বপ্ন দেখছেন তিনি। বিশ্বকাপের বাছাইপর্ব উতরাতে না পারাকে দলের সঙ্গে নিজেরও ব্যর্থতা হিসেবে ধরে নেবেন তিনি। দলকে বিশ্বকাপে নিয়ে যাওয়াই যেহেতু তাঁর মূল দায়িত্ব, সে ক্ষেত্রে দল ব্যর্থ হলে দায়িত্ব ছেড়ে দেওয়ার কথাও ঘোষণা আকারে দিয়ে দিয়েছেন তিনি।দেশম ১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ের স্বপ্নযাত্রায় দেশকে নেতৃত্ব দিয়েছিলেন। ৪৩ বছর বয়স্ক সাবেক এই ফরাসি ফুটবলার আজও ফ্রান্সের জার্সির ব্যাপারে আবেগ অনুভব করেন বলেই জানিয়েছেন। তিনি বলেছেন, ফ্রান্সের জার্সি গায়ে চাপানোটা আমার ফুটবল ক্যারিয়ারের সেরা অর্জন। ফ্রান্স আমার আবেগ। জাতীয় দল নিয়ে আমি সব সময়ই চিন্তা করি।’ সেই চিন্তা-ভাবনার প্রতিফলন কোচ হিসেবে তিনি রাখতে পারবেন বলেই আশাবাদ ব্যক্ত করেছেন। ওয়েবসাইট।