সময় যত এগিয়ে আসছে, বাড়ছে কপালের ভাঁজ৷ রণপরিকল্পনা সাজানোর ব্যাপার আছে৷ কিন্তু হাতিয়ারই যদি না পাওয়া যায়, কীভাবে হবে রণপরিকল্পনা! ফিলিপ লাম, বাস্তিয়ান শোয়েনস্টেইগার ও ম্যানুয়েল নয়্যারের মতো অপরিহার্য তিনজনের চোট-সমস্যা, জোয়াকিম লোর তাই ঘুম হারাম হওয়ার জোগাড়৷ তুলনায় দিদিয়ের দেশমের কপালে ভাঁজ একটু কম৷ ফ্রান্স কোচের দুশ্চিন্তা শুধু ফ্রাঙ্ক রিবেরিকে নিয়ে৷
রিবেরিকে বলা যায় এই ফ্রান্স দলের প্রাণভোমরা৷ ফ্রান্সের ব্রাজিল অভিযানের সাফল্য-ব্যর্থতাও অনেকটা নির্ভর করছে রিবেরির পারফরম্যান্সে৷ অথচ তাঁর কি না মাঠে নামা নিয়েই শঙ্কা! এখনো দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি বায়ার্ন মিউনিখ ওয়েঙ্গার৷ তাঁর জন্য বিশেষভাবে তৈরি সূচি অনুযায়ী নিজেই অনুশীলন করছেন রিবেরি৷ দেশম আগামী পরশু জ্যামাইকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তাঁকে আশা করছেন, ‘আগেও বলেছি, আমাদের লক্ষ্য হলো রোববারের ম্যাচে ওকে মাঠে নামানো৷ তবে এটাই চূড়ান্ত সময়সীমা নয়, স্রেফ লক্ষ্য৷ পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে চনমনে হয়ে ফিরেছে সে৷ এখন আলাদাভাবে কাজ করছে সাপোর্ট স্টাফদের সঙ্গে৷’
২৩ জনের চূড়ান্ত দল থেকে চোটের কারণে কোনো ফুটবলারকে বদলানোর শেষ সময় বিশ্বকাপে ওই দলের প্রথম ম্যাচের অন্তত ২৪ ঘণ্টা আগে৷ রোববার মাঠে নামতে না পারলে বিশ্বকাপেও রিবেরিকে পাওয়া নিয়ে সংশয় জাগবে৷ তবে এই প্রসঙ্গ তুলতেই খানিকটা চটে গেলেন ফ্রান্স কোচ, ‘এই প্রশ্ন আমার মোটেও পছন্দ হয়নি৷ যখন যে প্রশ্ন করার সময়, তখন সেটি করতে হবে৷ সে খেলতে না পারলে সেটা তখন দেখা যাবে৷’
বিশ্বকাপের আগে জার্মানির শেষ প্রস্তুতি ম্যাচটি আজই, প্রতিপক্ষ আর্মেনিয়া৷ নয়্যারকে আজ নিশ্চিতভাবেই পাচ্ছেন না লো৷ তবে অধিনায়ক লাম ও তাঁর ডেপুটি শোয়েনস্টেইগারের চোট কাটিয়ে মাঠে নামার খানিকটা সম্ভাবনা আছে আজ৷ বিশ্বকাপে জার্মানির প্রথম ম্যাচ ১৬ জুন পর্তুগালের বিপক্ষে৷ দলের ম্যানেজার অলিভার বিয়েরহফের বিশ্বাস, প্রথম ম্যাচের আগেই পুরোপুরি ফিট হয়ে
উঠবেন এই ত্রয়ী৷ এএফপি, ওয়েবসাইট৷