দেশি কোচ চান পাহেইরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যর্থতার দায়ভার নিয়ে সরে গেছেন লুইস ফেলিপে স্কলারি। শূন্য হয়ে পড়া কোচের পদে কি এবার বিদেশি এনে বসাবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)?
বার্সেলোনা তারকা দানি আলভেজের দাবি, বিদেশি কোচ আনা হোক। ব্রাজিলের কোচের পদে হোসে মরিনহো বা পেপ গার্দিওলাকেও দেখতে চেয়েছেন অনেকে। কাল তো চিলি থেকে খবর পাওয়া গেল ম্যানুয়েল পেলেগ্রিনিকে কোচ করার প্রস্তাব দিয়েছিল ব্রাজিল। কিন্তু ম্যানচেস্টার সিটি কোচ ফিরিয়ে দিয়েছেন এই প্রস্তাব। দেশটির এল মারকুরিও পত্রিকা লিখেছে, সিবিএফের সঙ্গে কোনো ধরনের আলোচনা করতেই রাজি হননি পেলেগ্রিনি। চিলিয়ান কোচ থাকতে চান সিটিতেই। তবে ঐতিহ্য ভেঙে বিদেশি কোচ আনার বিপক্ষে যুক্তি দিয়েছেন সদ্য বিদায়ী টেকনিক্যাল কো-অর্ডিনেটর কার্লোস আলবার্তো পাহেইরা।
২৪ বছর পর ১৯৯৪ সালে ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো কোচ পাহেইরার বিশ্বাস, বিদেশি কোচ আনলে হিতে বিপরীতই হতে পারে। ইএসপিএন ব্রাজিলকে পাহেইরা বলেছেন, ‘বড় দলগুলোতে স্থানীয় কোচই থাকা দরকার। অন্য দেশ থেকে কেউ এসে দায়িত্ব নিলে তাঁকে ভুগতে হয়।’
কারণটাও ব্যাখ্যা করেছেন ৭১ বছর বয়সী পাহেইরা, ‘আমি বিদেশি কোচ ধারণার বিপক্ষে নই, তবে বিদেশি কোচের পক্ষে নিজের ধ্যানধারণা বাস্তবায়ন করাটা একটু কঠিনই। ছয় ম্যাচের তিনটিতে হারলেই সবাই তাঁর সমালোচনায় মুখর হবে। আমার মনে হয় এখানে (ব্রাজিলে) অনেক যোগ্য লোক আছে।’
দুই বিদেশি কোচের অধীনে ইংল্যান্ডের দুর্দশার কথাও মনে করিয়ে দিয়েছেন পাহেইরা, ‘সভেন-গোরান এরিকসন ব্যর্থ হয়েছিলেন, ক্যাপেলো আরও বেশি ব্যর্থ।’ বিশ্বকাপ দুঃস্বপ্ন পেছনে ফেলে ব্রাজিলকে যুব প্রকল্পে গুরুত্ব দেওয়ার পরামর্শও তাঁর, ‘ব্রাজিল সব সময়ই তরুণ খেলোয়াড় উঠিয়ে এনেছে। আমাদের এখন আবার এটাই করা দরকার। তরুণদের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করা চাই। উঁচু মানের খেলোয়াড় আমাদের তৈরি করতে হবে।’
ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে করিন্থিয়ানসের সাবেক কোচ তিতে এগিয়ে আছেন বলে খবর। বিবেচনায় আছে সাও পাওলোর কোচ মুরিসি রামালহোর নামও। আইএএনএস