দেশি কোচের পক্ষে আমিনুল

বিসিএল ফাইনাল শেষে তখন প্রস্তুতি চলছিল পুরস্কার বিতরণীর৷ এই তোড়জোড়ের মধ্যে হঠাৎই দৃশ্যপটে আমিনুল ইসলাম৷ পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়ানোর আমন্ত্রণ জানানো হলো সাবেক বাংলাদেশ অধিনায়ককে৷ কদিন ধরেই দেশের ক্রিকেটাঙ্গনে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ ‘কোচ’৷ আমিনুলের হঠাৎ আবির্ভাবে তাই সংবাদকর্মীসহ উপস্থিত সবার মধ্যেই শুরু হলো একটা চাঞ্চল্য৷ বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানের বর্তমান পরিচয় তো কোচই! খুব দ্রুতই অবশ্য উত্তেজনায় জল ঢেলে দিলেন আমিনুল, ‘এশিয়া কাপের কিছু হিসাব-নিকাশ ছিল৷ স্রেফ ওসব সারতেই দেশে এসেছি৷’
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করছেন অনেক দিন, এশিয়া কাপে ছিলেন টুর্নামেন্ট ডিরেক্টর৷ এসিসির দায়িত্বের অংশ হিসেবেই সিঙ্গাপুরে কোচিং করিয়ে পরশু এসেছেন ঢাকায়৷ এখান থেকেই আবার যাবেন অস্ট্রেলিয়ায়, মেলবোর্নে বাড়ি কিনে পরিবার নিয়ে থিতু হয়েছেন সেখানেই৷ জানালেন, ক্রিকেট ভিক্টোরিয়ায় ব্যাটিং পরামর্শক হওয়ার প্রস্তাব বিবেচনা করছেন৷ সব মিলিয়ে ক্রিকেটবিশ্বে বাংলাদেশের কোচদের পতাকাবাহী বলা যায় তাঁকে৷ জাতীয় দলে দেিশ কোচের প্রসঙ্গ উঠলে আসে তাঁর নামও৷ এবারও টুকটাক এসেছে৷ তবে বিসিবি এরই মধ্যে নিশ্চিত করেছে, নতুন কোচ দেশি কেউ হবেন না৷
দেশি কোচের ক্ষেত্রে বরাবরই মূল বাধা মনে করা হয় দুটি ব্যাপারকে৷ প্রথমটি হলো যোগ্যতা৷ আমিনুল কিন্তু যোগ্য লোকের অভাব দেখছেন না, ‘আমি লেভেল থ্রি করেছি এবং অনেক জায়গায় কাজ করছি৷ আরও ৮-১০ জন কোচ লেভেল থ্রি করে বসে আছেন৷ যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়, কিন্তু কাউকে যদি সুযোগই না দেওয়া হয় তাহলে কীভাবে বোঝা যাবে যোগ্যতা ও সামর্থ্য আছে কি না!’ আর যোগ্য কোচের অভাব থাকলে সেটা নিয়েও প্রশ্ন আছে আমিনুলের, ‘ক্রিকেটারদের মতো কোচদের উন্নয়ন নিয়ে কাজ করারও সুযোগ আছে৷ টেস্ট মর্যাদা পাওয়ার ১৪ বছরেও যদি বলা হয় মানসম্পন্ন কোচ নেই, তাহলে বলতে হবে এই জায়গাটা নিয়ে আমরা কাজ করিনি৷’
বলা হয় দেশি কোচরা ড্রেসিংরুমের শ্রদ্ধা ততটা আদায় করতে পারবেন না, দলকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন না৷ এটিকেও এখন আর বাধা মনে করছেন না আমিনুল, ‘ড্রেসিংরুমের পরিবেশ তৈরি করে নিতে হয়৷ কোচ মানে একজন শিক্ষক, পিতা, ম্যানেজার, পাবলিক রিলেশন অফিসার৷ এসব কাজ সফলভাবে করতে পারলে শ্রদ্ধা আদায় করতে না পারার কারণ নেই৷’
দেশের ক্রিকেটে তাঁকে নানাভাবে কাজে লাগানোর কথা হলেও আমিনুল জানালেন, কখনোই আনুষ্ঠানিক প্রস্তাব পাননি৷ কাল প্রসঙ্গটা উঠলে আবারও বললেন, প্রস্তাব পেলে ভেবে দেখবেন৷