দেশি কোচ চায় ইংল্যান্ড
প্রথম বিদেশি কোচ হিসেবে সুইডেনের সভেন গোরান এরিকসনকে নিয়োগ দিয়েছিল ইংল্যান্ড। বর্তমান কোচ ফ্যাবিও ক্যাপেলোও বিদেশি। তবে আর বিদেশি নয়। সুইডিশ ক্যাপেলোর উত্তরসূরি নির্বাচনের জন্য দেশি কাউকে খুঁজছে ইংল্যান্ড।বিশ্বকাপে ভরাডুবি হয়েছে ইংল্যান্ডের। প্রথম রাউন্ডের ধাক্কা কোনো রকমে সামলাতে পারলেও দ্বিতীয় রাউন্ডে জার্মানির কাছে বিধ্বস্ত হয়ে দেশে ফিরতে হয় ফ্যাবিও ক্যাপেলোর দলকে। তবে এই বাজে পারফরম্যান্সের কারণে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে না কোচকে। ২০১২ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ তিনি। তাই পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করবেন ক্যাপেলো। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের পরিচালক স্যার ট্রেভর ব্রুকিং বিবিসিকে বলছেন, ‘ফ্যাবিওর পর দীর্ঘ মেয়াদের জন্য দেশীয় তরুণ কোনো কোচ খুঁজছি আমরা।’ বিদেশি এত অভিজ্ঞ কোচ থাকতে দেশের কাউকে কেন খুঁজছে ইংল্যান্ড? এ প্রশ্নে ব্রুকিং বলছেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে আমরা দেখেছি, বিদেশি কোচ থাকলে ফুটবলারদের সঙ্গে যোগাযোগে সমস্যা হয়। আসলে সবাই চায় নিজেদের মতো করে কথা বলতে।’