দেশি তারকাদের রমরমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপিএলের দ্বিতীয় আসরের নিলামে দেশি ক্রিকেটারদের নিয়ে রীতিমতো কাড়াকাড়ি পড়ে গেছে। গোল্ডেন ক্যাটাগরির দেশি ক্রিকেটার সাকিব, মুশফিক, তামিম ও মাহমুদউল্লাহর পরে ‘এ’ ক্যাটাগরির অন্যান্য খেলোয়াড়দের প্রায় সকলের দামই এবার চড়া। এই ক্যাটাগরিতে সবচেয়ে কম দামে বিক্রি হয়েছেন মোহাম্মদ আশরাফুল।দেশি খেলোয়াড়দের ‘এ’ ক্যাটাগরিতে আশরাফুল বাদে ছিলেন মাশরাফি বিন মুর্তজা, আবদুর রাজ্জাক, নাসির হোসেন, জিয়াউর রহমান, এনামুল হক এবং সোহাগ গাজী। এদের মধ্যে সবচেয়ে বেশি দাম পাচ্ছেন নাসির হোসেন। তিনি ২ লাখ ৮ হাজার ৩৭ ডলারে বিক্রি হয়েছেন নতুন ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের কাছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে দারুণ পারফরম করা অফ স্পিনার সোহাগ গাজীকে ১ লাখ ৫৬ হাজার ডলারে কিনে নিয়েছে সিলেট রয়্যালস। দেশের সেরা পেসার মাশরাফি বিন মুর্তজাও ভালো দাম পেয়েছেন আজকের নিলামে। তাঁকে ১ লাখ ৪১ হাজার ডলারে রেখে দিচ্ছে ঢাকা গ্ল্যাডিয়েটরস। অলরাউন্ডার জিয়াউর রহমানকে ১ লাখ ৩৭ হাজার ডলারে দলে নিচ্ছে দুরন্ত রাজশাহী। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরিয়ান এনামুল হক ১ লাখ ২১ হাজার ডলারে থেকে যাচ্ছেন ঢাকা গ্ল্যাডিয়েটরসেই। গতবার তিনি ঢাকার পক্ষে খেলেই নজর প্রথমবারের মতো নজর কেড়েছিলেন সকলের। গতবার খুলনা রয়েল বেঙ্গলসের হয়ে খেলা আবদুর রাজ্জাক এবার খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। তাঁর দাম ৯২ হাজার ৭৭৭ ডলার। মোহাম্মদ আশরাফুলকে ৬০ হাজার ডলারে রেখে দিচ্ছে তাঁর গতবারের দল ঢাকা গ্ল্যাডিয়েটরস।